টেকনাফের বাজারে মিয়ানমারের সুপারি চলছে রাজস্ব ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সুপারিতে ভরে গেছে টেকনাফের বাজার। চোরাকারবারিরা নাফ নদী দিয়ে বিপুল পরিমাণ সুপারি আনছেন। ফলে চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হলেও দাম পাচ্ছেন না স্থানীয় চাষিরা। অন্যদিকে এ খাতে এ বছর একই সময়ে (ফেব্রুয়ারি পর্যন্ত) গত বছরের চেয়ে দুই কোটি ২৯ লাখ টাকার কম রাজস্ব পেয়েছে সরকার। উল্লেখ্য, ভালোমানের কারণে টেকনাফের সুপারির কদর রয়েছে চট্টগ্রামে।উপজেলা কৃষি বিভাগের উপসহকারী পিপাষ কান্তি চৌধুরী বলেন, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ছয় ইউনিয়নের ছোট-বড় তিন হাজার বাগানে সুপারির বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৫৮ গ্রামে সুপারিবাগান রয়েছে। গত বছর এসব বাগানে প্রায় আড়াই হাজার মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়। এবার হয়েছে প্রায় চার হাজার মেট্রিক টন। অবৈধ পথে মিয়ানমারের সুপারি আসায় চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। সরেজমিনে দেখা গেছে, পৌরসভা বড়বাজার, লেঙ্গুরবিল, জাহাজপুরা, বড় ডেইল, শামলাপুর, সাবরাং, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, লেদা, নিলা, মৌলভীবাজার, হোয়াইক্যং, নয়াবাজার, কানজরপাড়া, মিনাবাজার, উলুবনিয়াসহ অন্তত ১৯ হাট-বাজারে মিয়ানমারের সুপারি বেচাকেনা হচ্ছে। পাইকারি ক্রেতারা বলেন, স্থানীয় সুপারির দাম বেশি তাই তাঁরা মিয়ানমারের ভেজা সুপারি কিনছেন। কারণ এর দাম অনেক কম। এতে তাঁদের ভালো লাভ হবে। পাচারের সঙ্গে জড়িত একজন জানান, উপজেলার ২৩টি স্থান দিয়ে মিয়ানমারের সুপারি আসছে। পাচারকারীরা মিয়ানমার থেকে সুপারির চালান এনে প্রথমে বড় মুদি দোকান ও গুদামে মজুদ করেন। পরে সরবরাহ করেন খুচরা বাজারে। একাধিক চক্র টেকনাফ থেকে সুপারি সংগ্রহ করে উখিয়া, রামু, কক্সবাজার, চকরিয়া, সাতকানিয়া ও পটিয়ায় সরবরাহ করে। টেকনাফে সপ্তাহে প্রতি রোববার ও বৃহস্পতিবার সুপারির হাট বসে। সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া গ্রামের সুপারিচাষি কালা মিয়া বিক্রির জন্য দুটি খোলা জিপে করে প্রায় এক টন ভেজা সুপারি টেকনাফ বাজারে নিয়ে আসেন। বিকেলের মধ্যে তিনি সব সুপারি বিক্রি করে ফেলেন। তিনি বলেন, ‘টাকা দরকার তাই বেশি দরাদরি না করে বিক্রি করে দিয়েছি।’ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের চাষি মোহাম্মদ উসমান ও বশির আহমদ বলেন, ‘গত বছর এ সময়ে এক পণ (৮০টি) বড় সুপারি বিক্রি করেছিলাম ১২০-১৪০ ও ছোট ৯০-৬০ টাকায়। এ বছর মৌসুমের শুরুতে বড় সুপারি এক পণ ৮০-১০০ টাকা ও ছোট সুপারি ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। মিয়ানমার থেকে সুপারি আসায় দেশি সুপারির দাম কম।’ টেকনাফের সুপারি ব্যবসায়ী নুরু সওদাগর, কুতুবদিয়ার সিরাজুল ইসলাম ও লোহাগাড়ার খালেক সওদাগর বলেন, মিয়ানমারের সুপারির দাম কম বলে দেশি সুপারির চাহিদা কমেছে। টেকনাফ স্থলবন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক (কাস্টমস সুপার) আনোয়ার মাসুম বলেন, চোরাই পথে সুপারি আসায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। গত বছর এ সময়ে মিয়ানমারের সুপারি থেকে তিন কোটি ৩১ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় করা হলেও চলতি বছর এ পর্যন্ত মাত্র দুই লাখ ৩৫ হাজার টাকার রাজস্ব আদায় সম্ভব হয়েছে।