টেকনাফের হাটবাজারে আগাম মৌসুমি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের বাজারে এসেছে গ্রীষ্মের মৌসুমি ফল আম ও লিচু। সময়ের আগেই বাজারে আসা এসব ফল বিক্রি হচ্ছে চড়া দামে। কৃষি কর্মকর্তারা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সময়ের আগেই টেকনাফে কয়েক জাতের আম ও লিচু পেকেছে। এসব ফল স্থানীয় বাজারের পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারেও যাচ্ছে।টেকনাফের পল্লানপাড়া, লেঙ্গুরবিল, হাতিয়ার ঘোনা, মাঠপাড়া, কচ্ছপিয়া, বড়ডেইল ও শামলাপুরসহ বিভিন্ন এলাকায় এবার আম ও লিচুর আগাম ফলন হয়েছে। বাজারে আসা আম মিয়ানমারের রাঙ্গুয়াই জাতের এবং লিচু দিনাজপুরের বেদেনা জাতের বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা।টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ জানান, টেকনাফের বাজারে এখন মিয়ানমারের রাঙ্গুয়াই জাতের আম পাওয়া যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় এই জাতের আমের ফলন হয়েছে। তবে এই আম এই সময় বাজারে আসার কথা নয়। দিনাজপুরের বেদেনা জাতের লিচুও এবার সময়ের আগে পেকেছে। জলবায়ু পরিবর্তনের কারণেই সম্ভবত এমনটা ঘটেছে।টেকনাফ শহরের থানা মোড়, বাসস্ট্যান্ড মোড় ও গনি মার্কেটের সামনে ফলের দোকানে আম ও লিচু শোভা পাচ্ছে। প্রতিকেজি আম ২৫০ থেকে ২৮০ এবং এক শ লিচু ১৯০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আসা রাঙ্গুয়াই জাতের আম আকারে ল্যাংড়া আমের চেয়ে খানিকটা বড়। হলুদ রঙের এই আম খেতে মিষ্টি। তবে লিচুর স্বাদ টক-মিষ্টি। ফল ব্যবসায়ী ফরিদ আহমদ জানান, বাজারে এক শ লিচু ২৫০ টাকা ও প্রতিকেজি পাকা আম ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। সময়ের আগেই বাজারে আসায় চাহিদা আছে। ক্রেতাদের বেশির ভাগই টেকনাফে বেড়াতে আসা পর্যটক।গত ২৬ এপ্রিল শুক্রবার টেকনাফের পুরাতন বাসস্টেশন এলাকায় পল্লানপাড়া গ্রাম থেকে লিচু বিক্রি করতে এসেছিলেন আবুল মঞ্জুর (৩৩)। এবার তাঁর বাগানে লিচুর ফলন ভালো হয়েছে বলে জানান। তিনি আরও জানান, বাজারে ১৬ হাজারের মতো লিচু এনেছিলেন। আনার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। এক শ লিচু ১৯০ টাকায় বিক্রি করেছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বেড়াতে আসা পর্যটক সুমন পাল ও আবদুল খালেক বলেন, ‘এবার বেড়াতে এসে সময়ের আগেই পাকা লিচু ও আম পেলাম। এ সময়ে বাজারের পাকা আম লিচু পাওয়া যায় না। লিচু ও আমগুলো নিয়ে গেলে পরিবারের সবাই খুশি হবেন।’টেকনাফ পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা সাইদ আল শাহীন বলেন, ‘বিগত বছরগুলোতে বৈশাখ মাসের শুরুর দিকে টেকনাফে হাটবাজারে আম-লিচু আসতে দেখিনি। কিন্তু টেকনাফে বিদেশি জাতের (মিয়ানমার) আমের চাষ হওয়ায় ও জলবায়ু পরিবর্তনের কারণে সময়ের আগেই আম পেকেছে বলে ধারণা করা হচ্ছে।’