টেকনাফের হাটবাজারে কেমিক্যালে পাকানো কলা
টেকনাফের হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে কেমিক্যালে পাকানো কলা। দ্রুত পাকাতে আড়তদারেরা কলায় কার্বাইড ছিটাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, মরিচ্চ্যা বাজার, উখিয়া, রামু, গজনিয়া, লামা, বান্দরবান, রংপুর, বগুড়া, পলাশবাড়ী, মধুপুর ও টাঙ্গাইলের হাটবাজার থেকে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ ট্রাক কলা আসে টেকনাফে। পরে এসব কলার আড়তদারেরা কার্বাইড মেশানোর পর কলা সরবরাহ করছেন স্থানীয় হাটবাজারসহ খুচরা বিক্রেতাদের কাছে।সরেজমিনে কয়েকটি কলার আড়তে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কলা আড়তে আনা হয় কাঁচা অবস্থায়। এসব কলা বিক্রির পর গাড়িতে তোলার আগে রাসায়নিক পদার্থের সঙ্গে পানি মিশিয়ে স্প্রে মেশিন দিয়ে কলার ছড়ায় ছিটানো হয়। তরল ওই রাসায়নিক পদার্থটি ভারত থেকে আসে, নাম প্রমোট। এ ছাড়া অলিয়াবাদ এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের আড়তেও কলার ছড়ায় কার্বাইড স্প্রে করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কলা ব্যবসায়ী জানান, স্প্রে করলে ১২ ঘণ্টার মধ্যে কলা পেকে যায়। ওই কলা দুই থেকে তিন দিন শক্ত থাকে। ফলে খুচরা বিক্রেতাদের জন্য সুবিধা হয়। এ ছাড়া কলার রং হলুদ থাকায় ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়।তবে আড়তদারেরা রাসায়নিক দ্রব্য মেশানোর কথা অস্বীকার করে জানান, তাঁরা বিদ্যুৎ ও আগুনের তাপ দিয়ে কলা পাকান। কিন্তু ড্রামভর্তি পানি ও স্প্রে মেশিন কেন—জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি। টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ও পলানপাড়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন ও হামিদ হোসেন জানান, প্রায় সময় বাসার জন্য কলা কিনে নিয়ে গেলে এক রাতের মধ্যেই কলা কালো রং ধারণ করে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে এবং কলার ভেতরের অংশ শক্ত থাকে। কিন্তু স্থানীয় কলা কিনে নিলে তিন থেকে চার দিন পর্যন্ত রাখা যায় এবং ভেতরের অংশ নরম হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়াত উল্লাহ জানান, রাসায়নিক পদার্থ মেশানো ফল খেলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কিডনি ও যকৃতের। এ ছাড়া চর্মরোগও হতে পারে।এ প্রসঙ্গে টেকনাফের দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি পরিদর্শক তরুণ বড়ুয়া বলেন, ‘টেকনাফের হাটবাজারে কেমিক্যালে পাকানো কলা বিক্রি হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। কিন্তু দুই উপজেলার দায়িত্বে থাকার কারণে সব সময় পরিদর্শনে আসা সম্ভব হয় না। কয়েক দিনের মধ্যে বাজার পরিদর্শনে আসব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, সহকারী কমিশনারকে (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচলানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।