কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবাধে আসছে মিয়ানমারের তরমুজ। ফলে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। কারণ, তাঁদের খেতের উৎপাদিত তরমুজ সবেমাত্র বাজারে আসা শুরু করেছে। চাষিরা জানান, ফসল ওঠার আগেই এমনিতে বিরূপ আবহাওয়ার কারণে পোকার আক্রমণে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। তার ওপর এখন আসছে মিয়ানমারের তরমুজ। ফলে স্থানীয় তরমুজ পুরোপুরিভাবে বাজারে আসার আগেই দাম কমে যওয়ার আশঙ্কা করছেন তাঁরা। টেকনাফ সদরের চাষি মুমিনা খাতুন (৪২) ও সাবরাংয়ের চাষি খুল্ল্যা মিয়া (৪০) বলেন, ‘লবণ চাষের মৌসুমে চড়া মূল্যে জমি বর্গা নিয়ে তরমুজের চাষ শুরু করি। ফলন ভালো হলেও শুরু হয় পোকার আক্রমণ। সেটা কাটিয়ে উঠে তরমুজ মাত্র বাজারে নেওয়া শুরু করেছি, কিন্তু সে মুহূর্তে বার্মাইয়া তরমুজ এসে সব শেষ করে দিচ্ছে।’বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি হিসেবে বর্তমানে প্রতি শ তরমুজ বিক্রি হচ্ছে সাত থেকে আট হাজার টাকায়। খুচরায় ছোট আকারের তরমুজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ এবং বড়গুলো ১৮০ থেকে ২২০ টাকার মধ্যে।কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে টেকনাফে প্রায় আট হাজার একর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে প্রায় দেড় হাজার একর বেশি।চাষিদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী টেকনাফ স্থল বন্দরকে বাদ দিয়ে চোরাই পথে এসব তরমুজ আনছে। এতে সরকার বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরা। অনেক চাষি মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে তরমুজ চাষ করেছেন। তাঁরা এখন কম মূল্যে ফড়িয়াদের কাছে তরমুজ খেত বিক্রি করে দিচ্ছেন। সূত্র জানায়, টেকনাফের ১৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের তরমুজ আসছে। সেগুলো হল নিলার চৌধুরীপাড়া, লেদা, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, হোয়াইক্যংয়ের কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বাবিল, উলুবনিয়া, টেকনাফের জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, জালিয়াপাড়া ও মিস্ত্রিপাড়া। এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো শহীদুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে চোরাই পথে তরমুজ আসায় স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রযোগকারী সংস্থাকে সীমান্ত এলাকায় টহল জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, এ বছর টেকনাফে তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৬৫০ মেট্রিক টন। পোকার আক্রমণের পরও যেভাবে বাম্পার ফলন হয়েছে তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মিয়ানমারের তরমুজ আনার সময় গত কয়েক দিনে বিজিবি তরমুজভর্তি চারটি ট্রলার জব্দ করেছে। এ ব্যাপারে টহল আরও জোরদার করা হয়েছে। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসাইন বলেন, চোরাইপথে মিয়ানমার থেকে তরমুজ আসায় সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে। স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত (২৬ ফেব্রুয়ারি) মাত্র ১৬৭ মেট্রিকটন তরমুজ আমদানি হয়েছে।