টেকনাফের ১০ হাজার শিক্ষার্থীর পানির জন্য হাহাকার
পূর্ণিমা ও অমাবস্যার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয় জোয়ারের পানিতে। এ সময় বিদ্যালয়টি বন্ধ থাকে। বিশেষ বিশেষ সময়ে পানিতে ডুবে থাকলেও এ বিদ্যালয়ে নেই সুপেয় পানি। বিদ্যালয়ের সাড়ে ৪০০ শিক্ষার্থী তৃষ্ণা মেটানোর পানি পায় না।
জালিয়াপাড়া বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। দূরের গ্রাম থেকে কলসি ও বোতলে করে পানি সংগ্রহ করা হয়। কেবল এ বিদ্যালয় নয় উপজেলার ৫৭টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ২০টিতে কোনো নলকূপ নেই। এ কারণে বিদ্যালয়গুলোর ৯ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী তীব্র পানির কষ্ট ভোগ করছে।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষকেরাও। জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, নলকূপ না থাকায় শুল্ক মৌসুমে পানির জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের হাহাকার বাড়ে। শিক্ষার্থীরা তৃষ্ণা মেটাতে ক্লাস ফেলে আশপাশের দোকানপাট ও বাড়িতে যায়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আ ন ম আবদুল্লাহ আল নোমান জানান, সরকার শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে দুপুরে বিস্কুট দেওয়া শুরু করেছে। কিন্তু খাবার পানির সংকটের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
অনেক বিদ্যালয়ে নলকূপ থাকলেও অকেজো হওয়ায় পানি পাচ্ছে না শিক্ষার্থীরা। উপজেলার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও তেমনটা দেখা গেল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, বিদ্যালয়ে সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেদোয়ান বলেন, প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা দেড়-দুই কিলোমিটার দূর থেকে কলস ও বালতি ভরে বিশুদ্ধ পানি এনে পান করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রথম আলোকে জানান, উপজেলায় ২০টি বিদ্যালয়ে নলকূপ না থাকায় পানির সংকট চলছে। আগামী শিক্ষা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে অবিলম্বে বিদ্যালয়গুলোতে নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।