টেকনাফের ২০ গ্রাম এখনো ভাসছে জোয়ার-ভাটায়

চারদিকে পানি থইথই করছে। ঘরে, আঙিনায় সবখানে পানি। রান্নার চুলা বসানো হয়েছে ঘরের ভেতরে মাচার ওপর। লোকজনকে যাতায়াত করতে হচ্ছে নৌকায়। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা নূর আহমদের বাড়ির চিত্র এটি।
কেবল নূর আহমদ নন, টেকনাফের ২০টি গ্রামের ৫০ হাজার বাসিন্দা এখন এমন দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পানিবন্দী অবস্থায় এবার ঈদও করতে হয়েছে তাঁদের। গত মাসের শেষ সপ্তাহ আর এই মাসের শুরুতে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এসব গ্রামে। এর পাশাপাশি ভাঙা বেড়িবাঁধ দিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের জোয়ারের পানি ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঈদের দুই দিন আগে থেকে ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলের বিভিন্ন গ্রামে বন্যা দেখা দেয়। তার ওপর ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারণে সাগরের জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়েছে। এতে উপকূলের নিম্নাঞ্চলেও জোয়ার-ভাটা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ২০১২ সালের ২২ জুলাই শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া অংশে প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ ধসে যায়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আর মেরামত করা হয়নি। এরপর গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সাবারাং ইউনিয়নের গোলাপাড়ায় দুটি ও পশ্চিমপাড়ার একটি অংশে বেড়িবাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে পূর্ণিমা ও অমাবস্যার সময় জোয়ারের পানি ঢুকছে সাবারং ইউনিয়নের ২০টি গ্রামে।
সরেজমিনে দেখা গেছে, সাবারাং ইউনিয়নের ক্যাম্পপাড়া, জালিয়াপাড়া, মাঝরডেইল, মগপাড়া, উত্তরপাড়া, ডাঙ্গরপাড়া, পশ্চিমপাড়া, মাঝেরপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, লাফারঘোনা হাজীপাড়া, নয়াপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, চাণ্ডডলীপাড়া ও চৌধুরীপাড়ার রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি, সুপারি বাগান ও বীজতলা কোমরসমান পানিতে ডুবে আছে। গ্রামগুলোর বসতবাড়িতেও হাঁটুপানি দেখা গেছে।
উত্তরপাড়া গ্রামের দিনমজুর নূর আহমদ (৫২) বলেন, ‘রমজান মাস থেকেই ঘরের ভেতর হাঁটুপানি। তাই স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ঘরের ভেতর মাচা বেঁধে বসবাস করছি। এমন দুর্যোগের মধ্যেই এবার ঈদ করলাম। ঈদের নামাজ আদায় করতে যেতে হয়েছে পানি ভেঙে চার কিলোমিটার দূরে। ছেলেমেয়েদের এবার নতুন জামাকাপড়ও কিনে দিতে পারিনি।’
আছারবনিয়া গ্রামের চাষি আবদুর রহমান (৪৫) বলেন, ‘গ্রামের ফসলি জমিতে বুকসমান পানি জমে রয়েছে। কী করব বুঝতে পারছি না।’ একই গ্রামের দিনমজুর নজির আহমদ (৪৫) বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা আমাদের দুর্ভোগ দেখে গেছেন অনেকবার। জোয়ারের পানি আসা বন্ধ হবে এমন আশ্বাসও দিয়েছেন। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এই সমস্যার সমাধান হচ্ছে না। এখন আর ত্রাণের চাল চাই না, টেকসই বেড়িবাঁধ চাই।’
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, জোয়ারের পানি ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে প্রায় ৫০ হাজার মানুষের। বাঁধের পার্শ্ববর্তী স্থানের লোকজন ঘরবাড়ি ফেলে জোয়ারের সময় উঁচু এলাকায় আশ্রয় নিচ্ছেন। এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, ঈদ উপলক্ষে ওই এলাকার এক হাজারের বেশি পরিবারকে জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, জোয়ারের পানির সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক দিন ধরে প্লাবিত হচ্ছে এলাকার ঘরবাড়ি। বেড়িবাঁধের সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত জেলা মাসিক উন্নয়ন কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হয়। পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি সরেজমিনে এই এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।’