টেকনাফের ২২ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালিয়াপাড়ার একটি গ্রামে বসতঘরে ঢুকে পড়েছে জোয়ারের পানি l প্রথম আলো
জালিয়াপাড়ার একটি গ্রামে বসতঘরে ঢুকে পড়েছে জোয়ারের পানি l প্রথম আলো

সাইক্লোন হুদহুদ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে ৯ অক্টোবর প্লাবিত হয়েছে কক্সাবাজারের টেকনাফ উপজেলার ২২টি গ্রাম। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের নাফ নদের বেড়িবাধ নতুন করে ভেঙে আরও ছয়টি গ্রাম তলিয়ে গেছে।
ঈদের আনন্দ শেষ হবার আগেই টেকনাফ উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন।
জোয়ারের আঘাতে টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঝাউগাছ উপড়ে গেছে এবং চার হাজার একর জমির ফসল ডুবে গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ, হ্নীলার নাফ নদের আলীখালী এবং রঙ্গিখালী এলাকায় নতুন করে বাঁধ ভেঙেছে। ভাঙনের ফলে স্থানীয় বহু বাসিন্দার মাটির বসতঘর তলিয়ে গেছে।
শাহপরীর দ্বীপের ক্যাম্পপাড়া এলাকার গৃহিনী জাহেদা বেগম (৪৬) বলেন, ‘বেড়িবাধের পাশে উঁচু জায়গায় ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছি। কোরবানির দিনও জোয়ারের পানি নিয়ে চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত দুশ্চিন্তাই সত্যি হলো। জোয়ারের পানি ঘরে ঢুকে ভিজিএফের পাঁচ কেজি চালসহ সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, দুই বছর ধরে এলাকার হাজারখানেক পরিবার ঘর ও জমি হারিয়ে অন্য জায়গায় চলে গেছে। প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তার পরও বাঁধ নির্মাণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার জন্য এলাকাবাসী আতঙ্কিত। তিনি আরও বলেন, ২০১২ সালে ২৩ জুলাই জোয়ারের তোড়ে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে শাহপরীর দ্বীপ-টেকনাফ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অংশ পারাপার করতে স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।
হ্নীলার ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে গত বছর হ্নীলায় নাফ নদের বেড়িবাঁধ সংস্কার করা হয়। কিন্তু সংস্কারকাজ করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান বাঁধের পাশের জমি থেকে মাটি নিয়ে নিয়েছিল। এর ফলে নির্মাণের পর থেকেই বাঁধটি দুর্বল হয়ে পড়ে। পাউবোর টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, পূর্ণিমার জোয়ারের উপজেলার ২২ গ্রাম প্লাবিত হয়েছে। ঈদের আনন্দ শেষ না হতেই পূর্ণিমার জোয়ারে ওই সব এলাকার লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।