টেকনাফের ২৭ গ্রাম প্লাবিত
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও সামুদ্রিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে টেকনাফ উপজেলার ২৭ গ্রামের ৫০ হাজার মানুষের ঘরবাড়ি। কিছুদিন আগের জলোচ্ছ্বাসে বিভিন্ন স্থানের ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে লোকজনের বসতবাড়ি প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পৌরসভার সাইডপাড়া, উত্তর জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, খাংকার ডেইল, চৌধুরীপাড়া, শীলবনিয়াপাড়া, কায়ুকখালিয়াপাড়া, নাইট্যংপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, চৌধুরীপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, ওয়াব প্রিয়া, লেজিরপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মাঝারপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, কেরুনতলি, বরইতলিসহ বেশ কয়েকটি স্থানে নতুন করে বেড়িবাঁধে ভাঙন দেখা গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্রতিদিন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এতে করে এসব এলাকায় অসংখ্য ঘরবাড়ি, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলীয় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়।স্থানীয় পানিবন্দী এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৪২), নুরুল আলম (৪৮), জাকের হোসাইন (৪৫), মাহমুদা বেগম (৩৮) ও করম চান (৫৫) আক্ষেপ করে বলেন, ‘দীর্ঘ পাঁচ বেড়িবাঁধ সংস্কারে সরকারের কোনো ধরনের সদিচ্ছা নজরে পড়েনি। তাই এ এলাকার মানুষ পাঁচ বছর ধরে পানির সঙ্গে যুদ্ধ করছে।’ তাঁরা আরও বলেন, লবণাক্ত জোয়ারের পানিতে দালান, ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান নষ্ট হতে চলেছে। এলাকার নারিকেল, সুপারিসহ বিভিন্ন গাছপালা লবণাক্ত পানির কবলে পড়ে ধ্বংস হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফ অঞ্চলের উপপ্রকৌশলী আবু তালহা বলেন, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের কারণে উপকূলীয় এলাকার ৬৫ কিলোমিটার বেড়িবাঁধে বিভিন্ন অংশের ভাঙনে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিডর পরবর্তী সময়ে ভাঙা বাঁধ মেরামতের জন্য প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ শেষ করার আগে আবার ১৫টির বেশি স্থানে নতুন করে ভাঙন দেখা দেয়।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, জোয়ারের পাশাপাশি পাহাড়ি ঢলে উপজেলার কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কর্মসৃজন থেকে প্রায় ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়ে কাজ করা হলেও জোয়ারের পানিতে সেগুলো তলিয়ে যাওয়ায় প্রতিদিন জোয়ারের পানি ও পাহাড়ি ঢল লোকালয়ে প্রবেশ করছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। টেকনাফ উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া বলেন, উপজেলায় জোয়ারের পানি ও ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে ২৭ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।