টেকনাফ উপজেলায় ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭টিতে খাওয়ার পানির তীব্র সংকট চলছে। এসব প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। তৃষ্ণা পেলে তাদের শ্রেণীর কাজ ফেলে আশপাশের দোকানপাট কিংবা বাড়িতে ছুটতে হয়। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও সাতটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ থাকলেও এর মধ্যে সাতটির নলকূপ অকেজো পড়ে আছে। কোনো কোনো নলকূপের যন্ত্রাংশ চুরি যাওয়ায় সেগুলো এখন আর কাজে আসে না। এসব বিদ্যালয়ের প্রধানেরা পানিসংকটের কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে সংশ্লিষ্ট শিক্ষকেরা অভিযোগ করেছেন।উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হাসিনা বেগম জানায়, বিদ্যালয়ে নলকূপ না থাকায় প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে কারও বাড়ি থেকে কলসি ও বোতলে ভরে পানি আনতে হয়। অনেক সময় বাড়ির মালিকেরা নলকূপ নষ্ট হওয়ার অজুহাতে বাধা দেন এবং পরবর্তীকালে পানি নিতে নিষেধ করেন।টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আলী ও জমিলা বেগম জানায়, ‘বিদ্যালয়ে পানির ব্যবস্থা না থাকায় আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করি।’ জালিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রেশমা আকতার ও বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমান জানায়, মাঝেমধ্যে পানি ছাড়াই শৌচাগারে যেতে বাধ্য হয় তারা। এ সমস্যা শুষ্ক মৌসুমে বেশি হয়। সেন্ট মার্টিন দ্বীপ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘এ বিদ্যালয়ে নলকূপ নেই। শিক্ষার্থীরা পাশের পুলিশ ফাঁড়ি থেকে পানি আনতে ভয় পায়। তাই আশপাশের বাড়ি থেকে পানি এনে পান করে।’ শাহপরীর দ্বীপ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ বলেন, এ বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর জন্য একটি নলকূপ রয়েছে। গরমের সময় শিক্ষার্থীদের অতিরিক্ত চাপে এটি প্রায়ই নষ্ট হয়ে যায়। মাঝেমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে এটি মেরামত করা হলেও বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে। কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের চেয়ে তাঁরা বেশি বেকায়দায় আছেন। কারণ, শিক্ষার্থীরা আশপাশের বাড়িতে যেতে পারলেও তাঁরা যেতে পারেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক আকতার প্রথম আলোকে জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে নলকূপ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। অকেজো নলকূপ মেরামতের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় দিন দিন সমস্যা আরও প্রকট হচ্ছে।