টেকনাফের ৬০ শতাংশ পানবরজ নষ্ট হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার পানচাষি মোহাম্মদ ওসমানের পানের বরজ বিধ্বস্ত হয়েছে ঝড়ে। বিধ্বস্ত বরজ থেকে সংগ্রহ করা পান বিক্রি করে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা তঁার। ঘরে স্তূপ ​করে রাখা পান অাঁটি বাঁধা হচ্ছে বিক্রির জন্য l প্রথম আলো
টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার পানচাষি মোহাম্মদ ওসমানের পানের বরজ বিধ্বস্ত হয়েছে ঝড়ে। বিধ্বস্ত বরজ থেকে সংগ্রহ করা পান বিক্রি করে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা তঁার। ঘরে স্তূপ ​করে রাখা পান অাঁটি বাঁধা হচ্ছে বিক্রির জন্য l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির ফলে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচটি ইউনিয়নের অর্ধেকেরও বেশি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের হিসাবে ক্ষতির পরিমাণ আট কেটি টাকা হলেও কৃষকেরা বলছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ এর প্রায় তিন গুণ। এর ফলে পান চাষের সঙ্গে যুক্ত প্রায় দুই হাজার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
কৃষকেরা জানান, উপজেলার ৬০ শতাংশ পানের বরজ নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে ২০ কোটি টাকা। অনেকের দাবি, বেশ কয়েক বছরে পানের বরজের এমন ক্ষতি হয়নি।
টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলি গ্রামের পানচাষি আবদুল হাফিজ বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে পানের চাষ করছি। এ বছরের মতো এত বড় ক্ষতি আর কখনো হয়নি। ঋণ ও দাদন নিয়ে চাষিরা পান চাষ করেন। বরজ নষ্ট হওয়ায় ঋণ ও দাদনের টাকা পরিশোধ করতে হিমশিম খাবেন তাঁরা।’
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছরের তুলনায় এ বছর পানের ফলন ভালো হয়েছিল। কিছু চাষি কয়েক লাখ টাকার পান বিক্রিও করেছেন। কিন্তু এরপর ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির ফলে পানি জমে বরজ ডুবে যায়। সাধারণত একটি পানের বরজ আট থেকে দশ মাস পর্যন্ত টিকে থাকে। কিন্তু তিন দিনের টানা বর্ষণে জলাবদ্ধতায় পানের লতায় পচন ধরেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন, হ্নীলার ইউপির চেয়ারম্যান এইচ কে আনোয়ার ও হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, টেকনাফে পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক পানবরজের ওপর নির্ভরশীল। ধারদেনা করে তাঁরা এ মৌসুমে পানের চাষ করেছেন। তাঁদের ইউনিয়নে আবাদ করা প্রায় ৬০ শতাংশ পানবরজ ও ২৫ শতাংশ সবজিখেত ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নষ্ট হয়ে গেছে।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাবরাং, টেকনাফ সদর, হ্নীলা, বাহারছড়া ও হোয়াইক্যংয়ের সাড়ে চার হাজার চাষি এবার প্রায় দুই হাজার একর জমিতে পানের চাষ করেছেন। এর মধ্যে ১ হাজার ২০০ একর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রায় দুই হাজারের মতো কৃষকের আট কোটি টাকার ক্ষতি হয়েছে।
গত ৩০ মে সোমবার সরেজমিনে দেখা যায়, সাবরাং ইউনিয়নের আছারবনিয়া, মুন্ডাল ডেইল, চৌধুিরপাড়া, মণ্ডলপাড়া, উত্তর নয়াপাড়া, টেকনাফ সদরের মহেশখািলয়াপাড়া, লম্বরী, লেঙ্গুরবিল, নতুন পল্লানপাড়া ও তুলাতলি এলাকায় ঝড়ে কয়েক শতাধিক পানের বরজ উপড়ে পড়েছে। এ ছাড়া অনেক পানের বরজ পানিতে ডুবে আছে। চাষিরা জানান, পানি জমে থাকায় পানের লতায় পচন ধরেছে। পাশাপাশি বরজ ভেঙেও পড়ছে।
পান ব্যবসায়ী আবদুল গফুর বলেন, টেকনাফ থেকে প্রতিবছর ১৪০-১৬০ কোটি টাকার পান বেচাকেনায় লেনদেন হয়। তাঁরা ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ী এ খাতে বিনিয়োগ করেছেন। মৌসুমের শুরুতে কিছু পান পাওয়া গেলেও ঘূর্ণিঝড়ে বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন পান পাচ্ছেন না তাঁরা।
জানতে চাইলে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোয়ানুর প্রভাবে শাকসবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পানচাষিরা। বরজে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি আটকে যায়। যার কারণে কৃষকদের সর্বনাশ হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হচ্ছে এবং কৃষি কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে পানবরজে ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় প্রায় আট কোটি টাকা।