টেকনাফ-কক্সবাজার সড়কের দায়সারা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়সারাভাবে চলছে ‘কক্সবাজার-টেকনাফ মহাসড়কের’ সংস্কারকাজ। মহাসড়কের ওপর বিটুমিন ঢেলে কাজ সম্পন্ন দেখানো হচ্ছে।
গত ২৫ এপ্রিল দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের রঙিখালী অংশে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক বালতিতে করে সড়কের ওপর বিটুমিনের প্রলেপ লাগাচ্ছেন। এতে সড়কটি নতুন মনে হলেও মুহূর্তে যানবাহনের চাকায় লেগে তা উঠে যাচ্ছে। সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা সওজের কর্মসহকারী মো. মোস্তাক আহমদ জানান, ঠিকাদারের নির্দেশে শ্রমিকেরা সড়কের ওপর বিটুমিন দিচ্ছেন। এতে তাঁর করার কিছু নেই।
সওজ কার্যালয় সূত্র জানায়, টেকনাফ জিরো পয়েন্ট থেকে উখিয়া উপজেলার থাইংখালী পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৩ সালে সড়ক বিভাগ প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ দেয়। একই বছরের ১৬ মে ঢাকার প্রজেক্ট বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ২০১৪ সালের ১৬ মে কার্যাদেশের সময়সীমা শেষ হলেও ওই প্রতিষ্ঠানটি মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটার কাজ শেষ করেছে। ইতিমধ্যে সংস্কার করা সড়কের ওপর কয়েক শ গর্ত ও খানাখন্দে ভরে গেছে। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে ঠিকাদার দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা করছেন।
সংস্কারকাজে দুর্নীতি প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রজেক্ট বিল্ডার্সের প্রকল্প সুপারভাইজার মো. ফরিদ জানান, টানা তিন মাসের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঠিকমতো সড়কের সংস্কার চালানো যায়নি। ফলে কাজে একটু এদিক–ওদিক হচ্ছে। অনিয়ম প্রসঙ্গে সওজের উখিয়া উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।