টেকসই উন্নয়নে দরকার প্রজননস্বাস্থ্যের উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈশোরে প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়াটা জরুরি হলেও দেশের অনেক কিশোর–কিশোরী তা পাচ্ছে না  l ছবি: মনিরুল আলম
কৈশোরে প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়াটা জরুরি হলেও দেশের অনেক কিশোর–কিশোরী তা পাচ্ছে না l ছবি: মনিরুল আলম

মিসরের রাজধানী কায়রোয় ২১ বছর আগে অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের (আইসিপিডি) প্রধান লক্ষ্য ছিল উন্নয়ন কৌশলে জনসংখ্যা বৃদ্ধি এবং যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। জাতিসংঘের সদস্যদেশগুলোর কাছ থেকে এ রকম সিদ্ধান্তমূলক আরেকটি ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক, আইসিপিডির লক্ষ্যমাত্রা পূরণের জন্য ‘আমাদের পৃথিবীর রূপান্তর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ শীর্ষক দলিলে বিভিন্ন বিষয় কতটুকু সমন্বয় করা হয়েছে, যা সহস্রাব্দ ঘোষণা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) জায়গা নিয়ে নেবে।
২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে জাতিসংঘের সম্মেলন আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জাতিসংঘের এই টেকসই উন্নয়ন সম্মেলন ২০১৫-এ প্রায় তিন বছর ধরে পরিচালিত আলোচনা ও সমঝোতা-প্রক্রিয়ার চূড়ান্ত অর্জনগুলো তুলে ধরা হবে। এসব আলোচনায় বহু ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন ও সরকার অংশ নিয়েছিল।
‘আমাদের পৃথিবীর রূপান্তর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ শীর্ষক দলিলের বর্তমান সংস্করণটি একটি সর্বজনীন লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানায়। এতে ‘জনগণ, উন্নয়ন ও পৃথিবী’ এই তিনটি বিষয়ের ওপর আলোকপাত এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও প্রয়োগের জন্য বৈশ্বিক অংশীদারি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছে। পাশাপাশি গুরুত্ব পেয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ এবং বিদ্যমান বিভিন্ন ঘাটতি পূরণের বিষয়গুলো। এসডিজি অর্জনের জন্য মানবাধিকার ও জেন্ডার সমতার বিষয়গুলো উপলব্ধি করা পথনির্দেশকের মতো কাজ করে। এগুলো নির্ভর করে উন্নয়নের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্যের ওপর। ফলাফলের নথি যাচাই করতে গিয়ে তার লক্ষ্য ও উদ্দেশ্য এবং আইসিপিডি-সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সম্পর্ক স্পষ্ট হয়। এসডিজিগুলো স্বাস্থ্য ও জেন্ডার এবং আইসিপিডি-বিষয়ক বেশ কিছু লক্ষ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ‘লক্ষ্য ৩.৭’ সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবাসহ পরিবার পরিকল্পনা, সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও শিক্ষা নিশ্চিত করার কথা বলে। আর ‘লক্ষ্য ৫.৬’ সুনির্দিষ্টভাবে সবার জন্য যৌন ও প্রজননস্বাস্থ্য এবং এগুলোর অধিকার রক্ষার কথা বলে। এসব বিষয়ে কায়রোয় অনুষ্ঠিত সম্মেলনের প্রোগ্রাম অব অ্যাকশনে মতৈক্য হয়েছিল।
আইসিপিডির লক্ষ্য এবং কর্মসূচিগুলো অন্য যেকোনো সময়ের মতো এখনো গুরুত্বপূর্ণ। বিষয়টি গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ২০১৪-পরবর্তী আইসিপিডির ফলোআপে জাতিসংঘের সদস্যদেশগুলো পুনরায় নিশ্চিত করে। তা ছাড়া কায়রো সম্মেলনের ২০তম বর্ষপূর্তিতে আইসিপিডির বিষয়গুলোকে এসডিজির কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ওই বিশেষ অধিবেশনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক বাবাটুন্ডে অসোটিমেহিন বলেন, ‘নারীর ক্ষমতায়ন, জেন্ডার অসমতা এবং বৈষম্য ও সহিংসতার প্রসঙ্গ ছাড়া আমরা টেকসই উন্নয়ন নিয়ে কথা বলতে পারি না। যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অন্যসব অধিকার নিশ্চিত না করে আমরা টেকসই উন্নয়নের কথা বলতে পারি না। এসব বিষয়কে অবশ্যই ২০১৫-পরবর্তী লক্ষ্যমাত্রার কেন্দ্রে স্থান দিতে হবে।’
আইসিপিডিতে প্রাধান্য দেওয়া বিষয়গুলো এসডিজিতে অন্তভুক্ত করা সম্ভব হয়েছে বিশ্বজুড়ে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নিবিড় আলোচনার ফলে। এসব আলোচনায় মানবাধিকার, তরুণ প্রজন্ম, জনসংখ্যার সুফল, এমডিজির অসমাপ্ত লক্ষ্যমাত্রা এবং স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা ও ঘাটতিগুলো চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নয়নের জন্য এই সবগুলো বিষয়ই প্রাসঙ্গিক। পাঁচ কোটির বেশি তরুণ জনসংখ্যাসংবলিত একটি দেশের জন্য কায়রো সম্মেলনের ফলাফলের এই দলিল খুবই গুরুত্বপূর্ণ। এতে অন্তর্ভুক্ত হয়েছে জনসংখ্যাবিষয়ক সুফল পাওয়ার বিষয়ে একটি প্যারাগ্রাফ। এই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে দলিলে। এখানে তারুণ্যেকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, তরুণ জনগণই এসডিজির অধিকাংশ অর্জনের সুফল ভোগ করবে এবং সেগুলো কাজে লাগাবে। উদাহরণ হিসেবে বাংলাদেশের একটি মেয়েকে বাছাই করা যেতে পারে, যার বয়স আজ ১০ বছর। তার জীবনটাই এসডিজির সাফেল্যর সূচক হবে। অর্থাৎ বৈশ্বিক সম্প্রদায়, স্থানীয় ও জাতীয় সরকার, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারেরা লক্ষ্য অর্জনে যে সফল হয়েছে তা বোঝা যাবে ওই মেয়েটির ভবিষ্যৎ জীবন সফল হলে। মেয়েটি দীর্ঘতর সময় বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে কি না, তুলনামূলক দেরিতে বিবাহিত জীবন শুরু করে কি না, তুলনামূলক কম সন্তান নেবে কি না, প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা পাবে কি না, সহিংসতা ও নিপীড়নমুক্ত জীবন যাপন করতে পারবে কি না, নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ও ক্ষমতা পাবে কি না ইত্যাদি বিষয় যাচাই করেই এসডিজির সার্থকতা নিরূপণ করা হবে।
জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়ন, জেন্ডার অসমতা দূর করার জন্য অধিকতর বিনিয়োগের বিষয়টি এসডিজিতে একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং যৌন ও প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, শিক্ষা ও সেবা পাওয়ার ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকার বিষয়টি ২০১৫-পরবর্তী লক্ষ্যমাত্রায় গুরুত্ব পেয়েছে।
জাতিসংঘের সম্মেলনে এসডিজিগুলো চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগ পর্যন্ত সদস্যরাষ্ট্রগুলো প্রস্তাবিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখবে। এসবের মধ্যে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকারের মতো সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসডিজিগুলোর প্রকৃত সূচক আগামী বছরই চূড়ান্ত করা হবে। বাংলাদেশ থেকে আমাদের অর্জিত শিক্ষাগুলো উদাহরণ হিসেবে কাজ করবে যে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিশোর ও তরুণ বয়সে।
ইউএনএফপিএর একটি প্রতিবেদন থেকে অনূদিত