টেকোদের মজার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা চুলবিহীন সবার। তা নিয়ে রাখঢাক নেই মোটেও, বরং নির্মল আনন্দ করতেই তাঁরা পছন্দ করেন। সে জন্যই গত বুধবার সমবেত হন সুরুতা সিটিতে। জাপানের উত্তরাঞ্চলের ওই শহরে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি টাকমাথা লোকেদের এই সমাবেশ হয়।
স্থানীয় একটি বসন্তকালীন অবকাশকেন্দ্রে এবারের আয়োজনে ৩০ জনের বেশি টাকওয়ালা ব্যক্তি যোগ দিয়েছেন। তাঁদের সংগঠন ‘বল্ড মেন ক্লাব’ খুবই তৎপর ছিল। তাঁরা নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক মজার মজার খেলার আয়োজন করেন। ৪৩ বছর বয়সী হোশিয়ুকি ওগাসাওয়ারা হাসিমুখে বললেন, তাঁর মাথায় বোধ হয় খানিকটা লেগেছে। বরফ ঘষতে হবে!
এ অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী মাসাতোমো সাসাকি এবারই প্রথম অংশ নিয়েছেন। ৪০ বছর বয়স থেকে তাঁর চুলগুলো উধাও হতে শুরু করে। নিজের টাকমাথা নিয়ে খুব বিব্রত বোধ করতেন এত দিন। কিন্তু এখন তাঁর একেবারেই অন্য রকম লাগছে। বললেন, ‘গর্ব অনুভব করছি। অথবা আমার বলা উচিত, টেকো হতে পেরে ভালোই লাগছে। বল্ড মেন ক্লাবকে ধন্যবাদ।’
ক্লাবটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সারা দেশ থেকে প্রায় ৬৫ জন চুলবিহীন ব্যক্তি এর সদস্য হয়েছেন। তাঁরা অন্যদের এই বলে উৎসাহ দেন যে ‘মাথায় টাক হওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখুন, এই নিয়ে মজা করুন এবং চকচকে মাথা দিয়ে পৃথিবীটাকে উজ্জ্বল করে তুলুন।’ বল্ড মেন ক্লাবের ওয়েবসাইটে এই প্রতিপাদ্য লেখা আছে।
ক্লাবের সভাপতি তেইজিরো সুগোর বয়স ৭০ বছর। তিনি আশা করেন, টেকো লোকজনের বার্ষিক আয়োজনে উপস্থিতি আরও বাড়বে। বললেন, ‘আমি চাই বিশ্বের সব জায়গা থেকে টাকমাথাওয়ালা মানুষেরা এখানে এসে জড়ো হবেন, যাতে আমরা নিজেদের একটি অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করতে পারি।’