টেক্কা দিতে ইতালিতে...

তাস খেলার এক জনপ্রিয় সংস্করণ ‘ব্রিজ’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের চার তরুণ। তাঁরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসন্ন ‘২০১৬ ওয়ার্ল্ড ইয়ুথ টিমস চ্যাম্পিয়নশিপে’। দলের সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কেউ পাস করেছেন, কেউবা স্নাতকোত্তরের পাট চুকাতে এখনো আছেন বুয়েটের সীমানায়। যন্ত্রকৌশল বিভাগের বিশ্বজিৎ সাহা, কম্পিউটার কৌশল বিভাগের রাফসান সিদ্দিকী, কেমিকৌশল বিভাগের আমিরুল ইসলাম এবং এই দলের দলনেতা কেমিকৌশলের রাশেদুল হাসান।
‘ইতিবাচক ও নেতিবাচক দিক সব খেলাতেই আছে। ইতিবাচকভাবে দেখলে সব খেলাই বিনোদনমূলক হতে পারে।’ তাস খেলা সম্পর্কে বলছিলেন রাশেদুল। একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে দলের চারজন এক জোট হয়েছেন। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সহায়তায় পেয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ।
ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন প্রতিবছর ওয়ার্ল্ড ইয়ুথ টিমস চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। এবারের আসর বসছে ইতালির পার্মা অঙ্গরাজ্যের ছোট শহর সালসোমাজ্ঞিরি টার্মেতে। ৩ থেকে ১৩ আগস্ট ১১ দিনব্যাপী চলবে খেলা। বাংলাদেশ দলের অন্যতম সদস্য বিশ্বজিৎ সাহা বলেন, ‘চার ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় এই চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ থেকে আমরাই প্রথমবারের মতো জুনিয়র ক্যাটাগরিতে অংশ নিচ্ছি। আমাদের লক্ষ্য “জায়মে অরতিজ পাতিনো” ট্রফি জেতা।’ জুনিয়র ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, কানাডাসহ ২১টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। আমিরুল ইসলাম বলেন, ‘অন্য রকম একটা খেলা হলেও এই খেলায় মেধার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
চার তরুণের মেধার ওপর বিশ্বাস রাখছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। তাঁর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ইতালি যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিকুর রহমান মোহন বলেন, ‘সাধারণত দেখা যায়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতিশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশ কমতে শুরু করে। কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যাঁরা ব্রিজ বা এই ধরনের ভাবনার খেলায় যুক্ত থাকেন, তাঁদের স্মৃতিশক্তি দিন দিন আরও বিকশিত হয়। বাংলাদেশ ব্রিজ ফেডারেশন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সহযোগিতায় বাংলাদেশ থেকে একটি দল ব্রিজ ওয়ার্ল্ড কাপে খেলবে, এটা একটা দারুণ খবর। আশা করছি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণেরা সফল হবেন।’