টেনশন পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে সেলফিতে সাকিব আল হাসান
মায়ের সঙ্গে সেলফিতে সাকিব আল হাসান

খেলা মানেই বিষম চাপ, তুমুল উত্তেজনা, জয়ের উচ্ছ্বাস কিংবা পরাজয়ের যন্ত্রণা। ব্যাট-বলের লড়াই শেষে কারও মুখে হাসি, কারও মুখে ভর করে বিষাদের ছায়া। তার আগে যে তীব্র স্নায়ুচাপ, সেটি শুধু ১১ জন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সংক্রমিত হয় লাখো-কোটি দর্শক-সমর্থকের মধ্যে। এর বাইরে নয় খেলোয়াড়ের পরিবারও।
মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় ১৫ বছর হতে চলেছে। তাঁর দুর্দান্ত নেতৃত্বে গত দেড় বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে বহু সাফল্য। ছেলের খেলা নতুন নয় অধিনায়কের মা হামিদা মুর্তজার কাছে। তবে তিনি সাধারণত স্টেডিয়ামে যান না। বললেন, ‘মাঠে প্রথমবার গিয়েছিলাম, ও যখন অনূর্ধ্ব-১৭ খেলেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আরেকবার গিয়েছিলাম খুলনায়, কেনিয়ার বিপক্ষে একটা ম্যাচ দেখতে। এই দুবার ছাড়া সরাসরি কখনো তার খেলা দেখা হয়নি। এমনকি বাসায়ও খুব একটা দেখি না।’
বাসায় কেন দেখেন না, মাশরাফির মা সেটির কারণও বললেন, ‘আসলে ও চোটে পড়ার পর থেকেই খেলা দেখি না। মনের ভেতর অজানা এক ভয় কাজ করে। খেলা দেখলেই রক্তচাপ, হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যায়! একদম ঠিক থাকতে পারি না। আমার ধারণা, আমি না দেখলেই সে ভালো করবে। তখন দোয়া-দরুদ পড়তে থাকি।’
সাকিব আল হাসানের মা শিরিন আখতারও খুব একটা মাঠে যান না ছেলের খেলা দেখতে। একবার বলেছিলেন, ‘খুব টেনশন কাজ করে। ওর খেলা নিয়মিত দেখি টিভিতেই। মাঠে যেতে ভীষণ ভয় লাগে! শরীর কাঁপে। বাসায়ও ভয় লাগে। তখন হাঁটাহাঁটি করি।’

মাশরাফির বাবা ও মা, মাশরাফি বিন মুর্তজা
মাশরাফির বাবা ও মা, মাশরাফি বিন মুর্তজা

আকরাম খানের বিষয়টি আলাদা। নিজে ছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়-অধিনায়ক। খেলা ছাড়ার পর বিভিন্ন সময়ে বিসিবির নানা দায়িত্বে ছিলেন। বর্তমানে কাজ করছেন ক্রিকেট পরিচালনা প্রধান হিসেবে। ভাতিজা তামিম ইকবালের খেলা তাই শুধুই দর্শক কিংবা একজন অভিভাবক হিসেবে নয়, আকরামকে দেখতে হয় বিশ্লেষকের চোখে। ‘৩২ বছরে ধরে আমি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে। আমাদের পরিবার থেকে তিনজন টেস্ট ক্রিকেটার বেরিয়েছে, এমন ঘটনা ক্রিকেটে খুব একটা দেখা যায় না। নাফিস যখন খেলত তখনো টেনশনে থাকতাম। তামিমের ক্ষেত্রে বিষয়টি অন্য রকম। ওর খেলা দেখছি কখনো নির্বাচক, কখনো বোর্ড পরিচালক হিসেবে। তামিম একটা ভালো শুরু এনে দিলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেড়ে যায় অনেক। তাই সব সময় চাই ও ভালো করুক, সেটা সে করেও। তবে আলাদা টেনশন তো থাকেই।’
বাংলাদেশের খেলা থাকলেই গ্যালারিতে মুশফিকের বাবা মাহবুব হামিদের থাকে সরব উপস্থিতি। ব্যবসায়িক ব্যস্ততার কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে ভারতে যাওয়া হয়নি, তা নিয়ে বেশ আফসোস তাঁর, ‘ওর কোনো খেলাই বাদ যায় না। কিন্তু এবার যেতে পারলাম না। আমি তো মুশফিকের বাবা হিসেবে নয়, একজন সমর্থক হিসেবে খেলা দেখি। আগে খুব টেনশন কাজ করত। এখন সেটা উপভোগ্য হয়ে গেছে। ছেলে খারাপ করলেও স্বাভাবিকভাবে নিই। ক্রিকেটে এমন তো হতেই পারে।’
মুস্তাফিজুর রহমান আর তাঁর সেজো ভাই মোখলেসুর রহমানের গল্পটা নিশ্চয় জানা আছে আপনার। মোটরসাইকেলে করে বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে সাতক্ষীরা শহরে মুস্তাফিজকে অনুশীলন করাতে নিয়ে যেতেন মোখলেস। ছোট ভাই এখন বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। বাঁহাতি পেসারের বোলিং জাদু দেখতে অযুত-নিযুত দর্শকের মতো মোখলেসও থাকেন অপেক্ষায়, ‘এখন বাংলাদেশের খেলা থাকলেই সব কাজ বন্ধ করে চলে আসি বাড়িতে। অপেক্ষা করি, কখন মুস্তাফিজ উইকেট পাবে।’

মায়ের সঙ্গে তাসকিন আহমেদ
মায়ের সঙ্গে তাসকিন আহমেদ

মুস্তাফিজের খেলা ‘মিস’ হয় না একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত বড় ভাই মাহফুজার রহমানেরও। ‘দিনে খেলা হলে অফিসে, রাতে হলে বাসায় দেখি। সব দর্শকের টেনশন থাকে শুধু দল নিয়ে। আমাদের এখন দুই চিন্তা, দলকে জিততে হবে, ভাইকেও ভালো খেলতে হবে।’
বর্তমান সময়ে বাংলাদেশের দ্রুততম বোলার তাসকিন আহমদের মা সাবিনা ইয়াসমিনও স্টেডিয়ামে যান না। অন্য খেলোয়াড়দের মায়ের মতো তাঁরও একই কারণ—টেনশন, ‘ছেলের খেলা সাধারণত টিভিতেই দেখি। দোয়া-দরুদ পড়তে থাকি। ও উইকেট পেলে অনেক সময় আনন্দে চোখে পানি চলে আসে! যখন উইকেট পায় না, ব্যাটসম্যানরা চার-ছক্কা মারে, খুব খারাপ লাগে। বোলাররা
অনেক সময় মার খাবে, স্বাভাবিক। তবুও খারাপ লাগে।’
আরাফাত সানির মা নার্গিস আক্তার খানিকটা ব্যতিক্রম। মাঠে বসে ছেলের খেলা না দেখলে তাঁর পূর্ণ তৃপ্তি আসে না, ‘টেনশন কাজ করলেও মাঠে যাই। বোলিংয়ে চার-ছক্কা খেলেও খুব একটা ভাবি না। আমার ধারণা, আমি মাঠে থাকলে ও ভালো খেলবে।’
কিন্তু এখন তাঁর মাঠে যাওয়া খুব কঠিন হয়ে গেছে। দেশের মাটিতে মাশরাফিদের খেলা থাকলেই হাহাকার পড়ে যায় টিকিটের। বিরাট ঝক্কি পেরিয়ে নার্গিস আক্তারের তাই নিয়মিত যাওয়া হয় না মাঠে।

চাচা আকরাম খানের সঙ্গে তামিম ইকবাল
চাচা আকরাম খানের সঙ্গে তামিম ইকবাল
বাবার সঙ্গে মুশফিকুর রহিম
বাবার সঙ্গে মুশফিকুর রহিম
মুস্তাফিজুর রহমান ও তাঁর ভাই
মুস্তাফিজুর রহমান ও তাঁর ভাই