
পেশাদার খেলোয়াড় হওয়া না, ইচ্ছে ছিল শরীরের ওজন কমানোর। নিজেকে সুস্থ রাখতেই টেনিস কোর্টে আসা-যাওয়া। এ টেনিসকেই যে জীবনের সঙ্গে জড়িয়ে ফেলবেন, সেটা নিজেও বুঝতে পারেননি সারদা আলম। এখন তিনি টেনিস খেলেন টেনিসকে ভালোবেসেই। এরই মধ্যে বিভিন্ন টুর্নামেন্টে জয় করেছেন বেশ কয়েকটি পদক।
টেলিভিশনে টেনিস দেখলেই সেই চ্যানেলে আটকে যান সারদা। চোখ বড় বড় করে দেখেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল বা মারিয়া শারাপোভার খেলা। খেয়াল করেন কীভাবে খেলেন তাঁরা। নিজেও একদিন তাঁদের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন।
স্বপ্নের শুরু হয়েছিল ২০০৮ সালে। বাবা মকবুল আলমের সঙ্গে বাংলাদেশ টেনিস ফেডারেশনে আসেন প্রথম দিন। ভর্তি হয়ে খেলা শুরু করেন ৮ নম্বর কোর্টে। সারদা আলম বলেন, ‘এরপর র্যাকেট ধরা, বিগিনিং, গ্রিপ, সার্ভ, হিট, র্যালি করা শিখতে থাকলাম। আর সময়ের সঙ্গে সঙ্গে কোর্ট পাল্টে ৭, ৬, ৫ করে এগিয়ে আসতে থাকলাম। আমি টেনিসে এতটাই মজা পাচ্ছিলাম যে ঝড়বৃষ্টির দিনেও কোর্টে চলে আসতাম।’
গত ছয় বছরে বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড আর মালয়েশিয়ায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন টেনিসের। সারদা বিভিন্ন সময়ে পেয়েছেন নানা পুরস্কার। গত বছর বাংলাদেশ গেমসে জিতেছেন দুটি সোনা আর একটি ব্রোঞ্জ পদক। একই বছর জব্বার সিটি ন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একক ও দ্বৈত বিভাগে। ২০১২ সালে রানার গ্রুপ ওপেন টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একক ও দ্বৈত বিভাগে। সনি ওপেন টেনিসে দুবার হয়েছেন চ্যাম্পিয়ন। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) প্রতিযোগিতার জুনিয়র বিভাগে এককে খেলেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। আর দ্বৈত বিভাগে খেলেছেন সেমিফাইনাল পর্যন্ত।
শুধু খেলাধুলা নয়, পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে নিতে হচ্ছে সারদা আলমকে। এরই মধ্যে ও এবং এ লেভেল শেষ করেছেন। উচ্চশিক্ষা নিতে শিগগির পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া কলেজে। সারদা বলেন, ‘যুক্তরাষ্ট্রে গিয়ে যে শুধু পড়ব, এমনটা নয়। ইচ্ছা আছে সেখানে টেনিসের প্রশিক্ষণ নেওয়ার। একজন ভালো টেনিস খেলোয়াড় হতে চাই আমি। তাই নিজের তাগিদেই মন দিয়ে শিখব। আমার একমাত্র ছোট বোন জারা আলমও আমার মতো টেনিস খেলে।’ সারদা আন্তর্জাতিক অঙ্গনে টেনিস খেলতে চান। তবে সে জন্য দেশে নিয়মিত টুর্নামেন্ট হওয়া দরকার বলে মনে করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে যদি বছরে অন্তত ছয়টি প্রতিযোগিতা হয়, তাহলে ভালো কিছু করা সম্ভব হতো। নিয়মিত টুর্নামেন্ট হলে অনেক মেয়েও আগ্রহ দেখাবে টেনিসের প্রতি।’
খেলাধুলা ছাড়াও বিভিন্ন স্থানে ঘুরতে যেতে ভালোবাসেন সারদা। কেনাকাটা করতে আর গাড়ি চালাতেও ভালোবাসেন। মাঝেমধ্যে কার রেসিং করেন। আর ঈদের দিন মানেই সারদা আলমের কাছে হারিয়ে যাওয়ার সময়। বন্ধুদের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা আর বাইরে খেয়েই পুরোটা সময় কেটে যায় ঈদে।