টেবিল টেনিসের চ্যাম্পিয়ন
সময় তখন অনেক বৈরী, খেলাটিও তেমন প্রচলিত নয়। তাই টেবিলে র্যাকেট হাতে বল নিয়ে টুকটাক করা অনেকের চোখে দস্যিপনা, স্বজনদের কাছে ‘পড়ালেখা বাদ দিয়ে বখে যাওয়া বালকের’ অপবাদ। আশির দশকের ওই বৈরী সময় পেরিয়ে তিনি আজ জাতীয় টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়ন। তিনি মানস চৌধুরী, টেবিল টেনিসে চট্টগ্রামের প্রথম জাতীয় চ্যাম্পিয়ন। মানস অবশ্য সাফল্যের দেখা পেয়েছেন স্কুল ও কলেজজীবনেই। চট্টগ্রামের নানা টুর্নামেন্টে পুরস্কার জেতার পর নামডাক হয়, অপ্রচলিত ক্রীড়াঙ্গনের তারকা হয়ে ওঠেন মানস। অবশ্য এরপর শুধু সাফল্য আর সাফল্য। স্বজনদের অপবাদ শুনতে হলেও মানসের বাবা ঠিকই চিনেছিলেন ছেলেকে। মানস বলেন, ‘বাবা আমাকে সব কাজে উৎসাহ দিতেন। কী খেলাধুলা, কী গান, কী পড়ালেখা।’হ্যাঁ, মানস চৌধুরী শিল্পীও। কয়েকটি অ্যালবাম বেরিয়েছে, চলচ্চিত্রেও গান করেছেন। এ ক্ষেত্রে বাবাই ছিলেন মূল প্রেরণা। বাবা প্রবাল চৌধুরীর গান শুনতে শুনতেই মানসের শিল্পী হয়ে ওঠা। প্রবাল সংগীতাঙ্গনের উজ্জ্বল তারকা। স্বাধীন বাংলা বেতারের এ শিল্পী গত বছরের অক্টোবরে পৃথিবীর মায়া ত্যাগ করেন।মানস গাইতে গাইতে যেভাবে গায়েন তেমনি শখের বশে খেলতে গিয়ে তিনি আজ জাতীয় চ্যাম্পিয়ন। মানস বলেন, ‘আমি শখের বশে খেলতাম। বাসার পাশে অগ্রণী স্কুলে টেবিল ছিল। সেখানেই র্যাকেট ও বল নিয়ে টুকটাক করতাম। পরে যখন পুরস্কার পাচ্ছি তখন আর কেউ পড়ালেখা নিয়ে কথা বলেননি।’তবে মানস পড়ালেখায় দারুণ অগ্রগামী। পেশায় তিনি চিকিৎসক। কিন্তু নেশা তাঁর টেবিল টেনিস। তাই তো এখনো প্রতিদিন ছুটে যান সবুজ টেবিলের টানে বিভিন্ন ক্লাবে। প্রতিদিন সকালে কিংবা বিকেলে দুই ঘণ্টা ঘাম ঝরান অনুশীলনে। খেলোয়াড় হয়ে ওঠার প্রথম পর্যায়ের বাধাগুলো এখনো প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে তাঁকে। আর বাধাগুলোই চট্টগ্রামের টেবিল টেনিসের বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন মানস। ‘অনুশীলনের কোনো জায়গা নেই, টেবিল নেই। ফ্রেন্ডস ক্লাব ও নবীন মেলায় দুই একটি টেবিল রয়েছে। অবকাঠামো সুবিধা না থাকায় এখানে সেভাবে খেলোয়াড় উঠে আসছে না।’চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দুটি টেবিলও মানসের কল্যাণে পাওয়া। কিন্তু ওই টেবিলগুলো এখন ধুলোমলিন। রয়েছে জাতীয় পর্যায়ে বিভিন্ন সমস্যাও। তাই তো এ তারকা ২০০২ সালে অভিমান করে সরে দাঁড়ান নেশার টিটি থেকে।এর আগে শিশু বয়সে ১৯৮৮ সালে প্রথম ঢাকায় খেলতে যায় মানস। ১৯৯০ সালে প্রথম জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেন। ১৯৯২-৯৩ মৌসুমে প্রথম জুনিয়র চ্যাম্পিয়ন। এর আগে চট্টগ্রাম থেকে এমন কৃতিত্ব দেখাতে পারেনি কেউ। ৯২ সালে ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দলে জুনিয়র হিসেবে সুযোগ পান মানস, স্বপ্নের পথে মানসের যাত্রা শুরু তখন। এ দলে ছিল কচি, রচি, সাদিরাও। মানস বলেন, ‘আমি টেবিল টেনিস খেলে দেশের প্রতিনিধিত্ব করছি। এটা আমার কাছে স্বপ্নের মতো।’তবে জ্যেষ্ঠ বিভাগে প্রায় আট বছর পর ২০০১ সালে প্রথম কৃতিত্ব মানসের। ওই বছর তিনি রানারআপ হন। একই বছর মিশ্র দ্বৈত (মিক্স ডাবলস) ও দলগত চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। কিন্তু পরের বছর অভিমানে সরে দাঁড়ান।সরে দাঁড়ানোর কারণ কী? ‘ব্যবস্থাপনাগত নানা কারণে টিটির কিছু কর্মকর্তার ওপর অভিমান করেছিলাম।’ মানসের জবাব।পরে জ্যেষ্ঠদের অনুরোধে ২০০৬ সালে পুনরায় অনুশীলন শুরু করেন। ২০০৭ সালে টেবিলে ফেরেন। সে বছর ঢাকা জেলার হয়ে দলগত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। একই বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়ক নির্বাচিত হন তিনি। তাঁর নেতৃত্বে ২৪টি দেশের মধ্যে বাংলাদেশ হয় ১৫তম।২০০৮ সালে লিগ রানারআপ হন। তবে অধরা চ্যাম্পিয়নশিপ ধরা দেয় পরের বছর। একই বছর স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নশিপও অর্জন করেন। ২০১০ সালেও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নশিপ মুকুট ধরে রাখেন মানস। এ ছাড়া গত বছর অনুষ্ঠিত এসএ গেমসে তাম্র পদক পায় মানসের দল।এত সাফল্যের পরও কোনো স্বীকৃতি নেই, নেই কোনো প্রচার। এ জায়গাতেই মানসের ক্ষোভ—‘আজ যদি ক্রিকেট কিংবা ফুটবলে চট্টগ্রামের কোনো ছেলে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে আসত তাহলে তাকে নিয়ে নাচানাচির অন্ত থাকত না। কিন্তু টিটি খুবই অবহেলিত।’চট্টগ্রাম জেলা দলের হয়েও অনেক পুরস্কার এনে দিয়েছেন মানস। কিন্তু খেলাটির প্রতি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কোনো কদর নেই—এমন মন্তব্য তাঁর।‘চট্টগ্রামের আসিফ, রিগ্যান জুনিয়র চ্যাম্পিয়নশিপের মুকুট পায় ২০০৯ সালে। ওরা আমার সঙ্গে অনুশীলন করে আজ এ পর্যায়ে এসেছে। সম্পূর্ণ নিজের চেষ্টায় সফল তারা।’ বললেন মানস। সিজেকেএস প্রতিবছর অনি বড়ুয়া স্মৃতি স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে দায়িত্ব শেষ করে। চট্টগ্রাম গ্রামার স্কুল, প্রেসিডেন্সি স্কুল, কাফকো স্কুলের মতো কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। যেসব স্কুলে টেবিল নেই তাদের উঠে আসার কোনো ব্যবস্থা নেই। মানস, রিগ্যান, আসিফদের সাফল্যেও ঘুম ভাঙছে না কর্মকর্তাদের।