টেম্পল রোডে বন্দী কৈশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেম্পল রোডটা সাপের লেজের মতো এঁকেবেঁকে চন্দ্রনাথ পাহাড়ের দোরগোড়ায় খেই হারিয়েছে।
আধুনিক পৌরকরণের মায়াজালে টেম্পল রোড শব্দটা স্থানীয় মানুষের মন-মুখ দুটো থেকেই হারিয়েছে আগেই! রাস্তার দুধারে দোকানের সারিতে টেম্পল রোডের জায়গায় শোভা পাচ্ছে ‘কলেজ রোড’ শব্দটা। এই কালো পিচের রাস্তাটার পেট চিরে উত্তর-দক্ষিণে চলে গেছে রেলের পথ। এই রাস্তার সঙ্গে সখ্য সেই শৈশব থেকেই, এই সড়কের প্রতিটি কণার চেহারাও আমার মুখস্থ। এ পথ ধরেই বন্ধুদের বহর নিয়ে শৈশব-কৈশোরে স্কুলে যাওয়া-আসা।
তখন আমরা সবে বার্ষিক পরীক্ষার ফল পেয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হলাম। মাদ্রাসার পাঠ মাঝপথে চুকিয়ে নিম্নমাধ্যমিকে ভর্তি হলো অভি। গোয়ালে বাঁধা গরু নীলাকাশ দেখলে যেমনটা দাপিয়ে বেড়ায়, অভির ক্ষেত্রেও হয়েছিল তা–ই। নতুন স্কুলের নতুন পরিবেশে খাপ খাওয়াতে খুব বেশি সময় নিল না সে। আমাদের বন্ধুতালিকায় যোগ হলো নতুন এক আগন্তুকের নাম।
আমরা প্রায় সব বন্ধুই ছিলাম কাছাকাছি উচ্চতার, শুধু সম্রাট ছাড়া। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার সময় তাই তার কদরটাও ছিল অন্য রকম। ভালো ফুটবলার হওয়ায় ওই একটা মৌসুমে ক্লাসে পড়া না পারলেও শিক্ষকেরা বিশেষ ছাড় দিতেন তাকে! আর তার দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের আক্ষেপ করা ছাড়া কিছুই করার থাকত না।
আমাদের শৈশব-কৈশোরের দিনগুলো গত হয়েছে অনেক আগেই। যৌবনের মধ্যি পথে এসে নাগরিক জীবনের রুটিনমাফিক ব্যস্ততায় আগের মতো একসঙ্গে আড্ডা দেওয়াও হয়ে ওঠে না। তবে উচ্ছল-বর্ণিল কৈশোর হারিয়ে গেলেও আমাদের বন্ধুত্ব এক ফোঁটাও ফিকে হয়ে যায়নি!
সবুজ মণ্ডল
জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়