টেম্পুরায় মুচমুচে

চিংড়ি টেম্পুরা
উপকরণ: চিংড়ি মাছ ১০-১২টি, পুঁইপাতা ১০-১২টি, টেম্পুরা পাউডার ১ কাপ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি (মিহি কুচি), বেকিং পাউডার সিকি চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও তেল ভাজার জন্য।
প্রণালি: চিংড়ির লেজ রেখে খোসা ছাড়াতে হবে। চিংড়ির পেটের দিক ছুরি দিয়ে লম্বায় চিরে থালায় বিছিয়ে হালকাভাবে কেঁচে লবণ ও লেবুর রসে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, বেকিং পাউডার, লবণ, টেম্পুরা পাউডার ও পরিমাণমতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার একটি পুঁইপাতার ওপর একটি চিংড়ি মাছ বিছিয়ে পাতায় মুড়ে ডুবোতেলে ভাজুন। পাতার ওপর বিছিয়ে নেওয়ার সময় চিংড়ির লেজ পাতার বাইরে রাখতে হবে। প্রয়োজন হলে টুথপিক ব্যবহার করা যেতে পারে। পরিবেশনের সময় টুথপিক খুলে পরিবেশন করুন।

সবজি টেম্পুরা
উপকরণ: পটোল ৫টি, চিংড়ি মাছ ৮-১০টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ২টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ ও তেল ভাজার জন্য।
মিশ্রণের জন্য তৈরি: টেম্পুরা পাউডার ১ কাপ, হলুদের গুঁড়া সামান্য ও লবণ স্বাদমতো।
প্রণালি: পটোল ধুয়ে খোসা ফেলে মাঝখান বরাবার কেটে দুই টুকরা করে বিচি ফেলে দিতে হবে। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা ও রসুনবাটা এবং লবণ দিয়ে একসঙ্গে হাতে মেখে পুর তৈরি করতে হবে। পুর পটোলের মাঝখানে ভরে দিয়ে টেম্পুরার তৈরি মিশ্রণে ডুবিয়ে ভেজে নিতে হবে।

ফিশ টেম্পুরা
উপকরণ: ভেটকি মাছ ৩০০ গ্রাম, টেম্পুরা ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, মাখন বা তেল ভাজার জন্য। লবণ স্বাদমতো। মসলা প্রয়োজনমতো। মসলা তৈরি করতে লাগবে: মেথি, গোলমরিচ, জিরা, লবঙ্গ, মরিচ, দারুচিনি, আদা গুঁড়া—প্রতিটি মসলা ১ চা-চামচ করে নিয়ে টেলে গুঁড়া করে নিতে হবে।
প্রণালি: প্রথমে ভেটকি মাছের টুকরাগুলোতে লেবুর রস ও লবণ মেখে রাখতে হবে ১০ মিনিট। তারপর টেম্পুরা ও বানানো মসলার গুঁড়া একসঙ্গে মেশাতে হবে শুকনো অবস্থায়। মাছের টুকরোগুলোতে মেখে তেলে বাদামি করে ভেজে ফেলুন। সালাদ দিয়ে পরিবেশন করুন।

চিকেন টেম্পুরা
উপকরণ: টেম্পুরা পাউডার ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, সবজি (টমেটো, গাজর, আলু), ১ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনেপাতা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো ও তেল ভাজার জন্য।
উপকরণ: সব উপকরণ একসঙ্গে নিয়ে পাকোড়ার গোলার মতো করে তৈরি করে নিতে হবে। ডুবোতেলে সোনালি করে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।

বিফ টেম্পুরা
উপকরণ: গরুর মাংসের (সেদ্ধ) কিমা ১ কাপ, সেদ্ধ ডিম ২টি, পাকা টমেটো ২টি (বিচি ফেলে দিতে হবে), পাউরুটি ২ টুকরা, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, টেম্পুরা পাউডার ১ কাপ, ডিম ১টি (ফেটানো), লবণ স্বাদমতো ও তেল ভাজার জন্য।
প্রণালি: গরুর মাংসের কিমার সঙ্গে পাউরুটি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদাবাটা, কাবাব মসলা, লবণ এবং ১ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিন। টমেটোর মাঝখানে সেদ্ধ ডিম দিয়ে তার চারদিকে কিমার মণ্ড দিয়ে ফেটানো ডিমে চুবিয়ে নিতে হবে। এবার টেম্পুরা পাউডারে গড়িয়ে ডুবোতেলে ভেজে পরিবেশন করুন।