গ্যাঞ্জামপূর্ণ জায়গা আমার কখনো ভালো লাগে না, বিশেষ করে মানুষজন গিজগিজ করে এমন কোনো জায়গায় বসে থাকা। যানবাহনে চড়ার ক্ষেত্রে বিশেষ পছন্দ থাকত আমার। যেমন ধরুন টেম্পো। কখনো ভেতরে বসতাম না। কারণ, টেম্পোর ভেতরের নিঃশ্বাসে যেন দম বন্ধ হয়ে আসে। আর একজনের মুখের দিকে আরেকজন তাকিয়ে থাকা ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করতাম সামনে চালকের পাশে অথবা পেছনে হেলপারের পাশে বাদুড়ের মতো ঝুলে থাকতে। আমার এক ভাগনেকে পড়ানোর জন্য নিয়মিত চকবাজার থেকে চেরাগী পাহাড় যেতে হতো। যাওয়ার সময় বাসে গেলেও আসার জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম ছিল টেম্পো। এই রুটে অনেক টেম্পো চলত, যেগুলোতে কোনো হেলপার থাকে না। চালক একাই সব দেখতেন। কোনো যাত্রী নেমে গেলে সামনে গিয়ে চালককে ভাড়া দিয়ে যেত, এটাই মূলত নিয়ম। একদিন টিউশনি শেষ করে বাসায় ফিরছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি টেম্পোও পেলাম না। একবার চিন্তা করলাম চকবাজার হেঁটে চলে যাব। আবার ভাবলাম, হেঁটে যাওয়াটা বোকামি কাজ হবে। প্রায় ৩৫ মিনিট অপেক্ষার পর হঠাৎ একটি টেম্পো এল। যাত্রীর চাপও ছিল খুব। তবু কোনো রকম পেছনে ঝুলে উঠে গেলাম। ওই টেম্পোতেও কোনো হেলপার ছিল না। আর পেছনে দাঁড়িয়ে রয়েছি শুধুই আমি। জামালখান আসতেই এক আন্টি বলে উঠলেন, ‘ওই ছেলে, নামায়ে দাও।’ আমি তো অবাক। টেম্পোর ছাদে একটি বাড়ি দিয়ে টেম্পো থামার সিগনাল দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমাকে কি সবাই হেলপার মনে করছে? ভাবতে না-ভাবতে আরেক আন্টি বলে উঠলেন, ‘ওই ছেলে, ভাড়া নাও।’ আমি বললাম, ‘কিছু বলছেন আন্টি?’ ‘তুমি ভাড়া নিচ্ছো না। মানে তুমি...।’ চুপ হয়ে গেলেন। আর কিছু বললেন না। আমি মুচকি হেসে দিলাম। আন্টিটা নেমে গেলেন। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ‘আসলে আমি বুঝতে পারিনি।’ আমি বললাম, ‘না আন্টি, কিছু হবে না।’ তখন নিজেকে আসলেই টেম্পোর হেলপারই মনে হয়েছিল। এ রকম অনেকবার হেলপারগিরি করেছি, কোনো বেতন ছাড়া। তবে এখন আর টেম্পোতে চড়া হয় না। কারণ টিউশনিটা আর করি না, মাঝেমধ্যে খুব টেম্পোতে চড়তে ইচ্ছে হয়।সনেট দেবচট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।