টেরিবাজারে কেনাকাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেরিবাজারে কেনাকাটায় ব্যস্ত তরুণীরা ষ প্রথম আলো
টেরিবাজারে কেনাকাটায় ব্যস্ত তরুণীরা ষ প্রথম আলো

ঈদের কেনাকাটা পুরোদমে শুরু না হলেও জমে উঠেছে থান কাপড় ও শাড়ির জন্য বিখ্যাত নগরের টেরিবাজার। কেবল থান কাপড় নয়, ক্রেতাদের রুচির সঙ্গে তাল মেলাতে এখানকার দোকান ও শোরুমগুলো হালফ্যাশনের শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গাসহ নানা পোশাক এনেছে।
টেরিবাজারের ব্যস্ত সড়ক দিয়ে দিনরাত যাতায়াত করে আছাদগঞ্জ ও খাতুনগঞ্জের পণ্য পরিবাহী ট্রাক। এই সড়কের দুই পাশেই গড়ে উঠেছে শাড়ি, পাঞ্জাবি, থানকাপড়, বিছানার চাদর এমনকি মশারির দোকানও। আছে নামী ঝলমলে শোরুম। তাই স্বস্তি নিয়ে হাঁটাচলার অসুবিধা থাকলেও সব ধরনের ক্রেতা এখানে আসেন।
ঐতিহ্যবাহী এই বিপণিকেন্দ্রে ভিড় জমাচ্ছেন সব আয়ের মানুষ। ঈদ উপলক্ষে বাহারি জামা, শাড়ি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, স্যুটের কাপড়, থানকাপড় তো আছেই, পাশাপাশি এখানে মিলবে জাকাতের কাপড়, বিছানার চাদর, পর্দার কাপড়সহ সব ধরনের কাপড়।
এবার রোজা শুরুর সপ্তাহখানেক আগে থেকেই টেরিবাজারে ক্রেতারা ভিড় জমাতে শুরু করেছেন। দরজিবাড়িতে পোশাক সেলাইয়ের ফরমায়েস নেওয়া বন্ধ হবে রমজানের প্রথম সপ্তাহের পর। এ জন্য রোজার শুরুতেই নারী ক্রেতারা কিনেছেন থান কাপড় ও থ্রিপিস। এমনটাই জানালেন এখানকার দোকানিরা।
দোকানিরা জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদার দিকটা মাথায় রেখে এবার বিদেশ থেকে কাতান, লিনেন, জামদানি, সুতি, নেট, জর্জেট, শিফন ও ডিজিটাল প্রিন্টের হরেক রকম থান কাপড় আমদানি করা হয়েছে। পাশাপাশি দেশি কাপড়ের চাহিদাও বেড়েছে পাল্লা দিয়ে।
টেরিবাজারের মনেরেখ দোকানের ব্যবস্থাপক মাহমুদুল হক জানান, এবার বেনারসি থান কাপড়ের চাহিদা বেশি। দোকানভেদে নানা ধরনের থান কাপড় প্রতি গজ বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে দুই হাজার ২০০ টাকায়। থান কাপড়ের পাশাপাশি ক্রেতাদের ভিড় বাড়ছে বিভিন্ন লেইসের দোকানে। প্রতি গজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩০০ টাকায়।
থান কাপড় ছাড়াও এ বছর বিভিন্ন ডিজাইনের থ্রিপিসের চাহিদাও কম নয়। বিক্রেতারা জানান, এবার বিভিন্ন বুটিকের থ্রিপিসের চাহিদা বেশি। কারিশমা, সানাসাফিনাস, বোম্বাই বুটিকস, তাওয়াক্কেল বুটিকস, মুটিস, ক্রিসেন্টসহ বাহারি নামের এসব সেলাই ছাড়া থ্রিপিসের দাম পড়বে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। টেরিবাজারের শাড়ি ও থ্রিপিস সামগ্রীর প্রতিষ্ঠান পরশমণির মালিক ইমরান সাদেক বলেন, বাছাই করে পোশাক কেনার সুযোগ টেরিবাজারে বেশি। দামও তেমন বেশি নয়। তাই ক্রেতারা এখানে বেশি আসেন।
এখানকার আজমীর, বৈঠক বাজার, তাজমহল, নবারুণ ট্রেডার্সের মতো শোরুমগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। এসব দোকানে ভারতের চেন্নাই, কলকাতা, দিল্লি ও জয়পুর থেকে শাড়ি আমদানি করা হয়েছে বলে জানান বিক্রয়কর্মীরা।
এসব দোকানে কাতান শাড়ি এক হাজার ৫০০ থেকে ১৩ হাজার টাকা, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ৮০০ থেকে চার হাজার টাকা, দেশি সুতির শাড়ি ৩০০ থেকে ৮০০ টাকা ও ঢাকাই জামদানি এক হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এখানে বিক্রি হচ্ছে বাহারি পাঞ্জাবিও। মানভেদে এসব পাঞ্জাবির দাম পড়বে ৫০০ থেকে ১২ হাজার টাকা। টেরিবাজারের কেনাকাটা করতে এসেছেন গোলাপী আক্তার। বললেন, ‘টেরিবাজারে কেনাকাটায় সুবিধা। দরদাম করা যায়। তাছাড়া এখানে কাপড়ের কালেকশনও বেশ ভালো।’ তবে গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে জানালেন তিনি।