টেরিবাজারে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানে দোকানে চলছে দরদাম, ক্রেতা–বিক্রেতাদের হঁাকডাক। থান কাপড়ের জন্য প্রসিদ্ধ টেরিবাজারের  দোকানগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয় রোজা শুরুর আগে থেকেই। ওই এলাকার একটি বিপণিবিতানে ক্রেতাদের শাড়ি দেখাচ্ছেন একজন বিক্রয়কর্মী l জুয়েল শীল
জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানে দোকানে চলছে দরদাম, ক্রেতা–বিক্রেতাদের হঁাকডাক। থান কাপড়ের জন্য প্রসিদ্ধ টেরিবাজারের দোকানগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয় রোজা শুরুর আগে থেকেই। ওই এলাকার একটি বিপণিবিতানে ক্রেতাদের শাড়ি দেখাচ্ছেন একজন বিক্রয়কর্মী l জুয়েল শীল

সকালে এক পশলা মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। যেকোনো সময় আবারও বৃষ্টি হতে পারে। টেরিবাজারে এসে যেন মনে হলো আবহাওয়ার এই আচরণকে আমলেই নিচ্ছে না কেউ। প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। সরু রাস্তায় শপিং ব্যাগ হাতে ছুটছে সবাই। টেরিবাজারের এই চিত্র আসলে খুব স্বাভাবিক। প্রতিবছর এখানে একটু আগেভাগেই ঈদের হাওয়া লাগে।
গত সোমবার ও মঙ্গলবার দুই দিনই টেরিবাজারে গিয়ে উপচে পড়া ভিড় দেখা গেল। থান কাপড়ের জন্য প্রসিদ্ধ এই বিপিণকেন্দ্র। এখানকার ৮২টি মার্কেটের প্রায় তিন হাজার দোকানে প্রতিদিন সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত থাকে ক্রেতাদের পদচারণ।
পাইকারি বাজার ও থান কাপড়ের বাজার হিসেবে টেরিবাজারের খ্যাতি রয়েছে। নতুন করে কয়েক বছর ধরে এই বাজারে যোগ হয়েছে এক ছাদের নিচে সব পণ্যের বিক্রয়কেন্দ্র। এসব দোকানে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুতা, প্রসাধনী সবই পাওয়া যায়। ফলে সব শ্রেণির ক্রেতার গন্তব্য এখন টেরিবাজার। প্রতিবারের মতো এবারও অতিরিক্ত দাম, ভিড় ও ভোগান্তি এড়াতে এখন থেকেই শুরু হয়েছে ঈদের কেনাকাটা। দোকানিরাও ক্রেতাদের চাহিদা বুঝে রকমারি থান কাপড় ও পোশাকের পসরা সাজিয়েছেন।
রমজান মাসের দ্বিতীয় সপ্তাহের পর দরজির দোকানগুলো আর ফরমায়েশ (অর্ডার) নেবে না। তাই শবে বরাতের পর থেকেই এই বাজারে শুরু হয়েছে থান কাপড়ের বিকিকিনি। তবে থান কাপড়ের বেচাকেনা এবার প্রতিবছরের তুলনায় কমেছে বলে জানিয়েছেন দোকানিরা। বাজার ঘুরে এবার ডিজিটাল প্রিন্ট, লিলেন, জামদানি, কাতান, কটন, নেট, জর্জেট, শিফন প্রভৃতি থান কাপড় বেশি দেখা গেছে। মানভেদে এসব থান কাপড় প্রতি গজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ২ হাজার টাকায়।
থান কাপড়ের পাশাপাশি মেয়েদের থ্রিপিস ও শাড়ির চাহিদাও রয়েছে বলে জানালেন দোকানিরা। বিক্রেতারা জানালেন, এবার দেশি বুটিকসের থ্রিপিসের চাহিদার বেড়েছে। পাশাপাশি দিল্লি বুটিকস, সানাসাফিনাস, বোম্বাই বুটিকস, তাওয়াক্কেল বুটিকস, মুটিস, ক্রিসেন্টসহ বাহারি নামে রয়েছে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন সেলাইবিহীন থ্রিপিস কাপড়ের সমাহার। এসব সেলাইবিহীন থ্রিপিসের মানভেদে দাম পড়বে ১২০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
টেরিবাজারের শাড়ি ও থ্রিপিস বিক্রয়কেন্দ্র পরশমণির স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল বলেন, ‘এ বছর দেশি তাঁত ও কাতানের পাশাপাশি ভারতীয় শাড়ির চাহিদা রয়েছে। মাঝারি দামের জর্জেটের শাড়ি এবং থ্রিপিস ভালোই চলছে।’ বিক্রেতারা জানান, মানভেদে বিভিন্ন তাঁতের শাড়ি মিলছে পাঁচ শ থেকে পঁাচ হাজার টাকায়। এ ছাড়া দেশি সুতির শাড়ি ৩০০ থেকে ৮০০ টাকা, ঢাকাই জামদানি ১ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা। বিভিন্ন ধরনের জর্জেটের শাড়ি মিলছে ২ হাজার থেকে ৩০ হাজার টাকায়। পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত রয়েছে দৃষ্টিনন্দন লেহেঙ্গা।
সাতকানিয়ার লোহাগাড়া থেকে টেরিবাজারে সপরিবারে বাজার করতে এসেছেন ব্যবসায়ী আবুল বশর। সোমবার রাতে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘দেরি হলে ভিড় বাড়ে, তখন পছন্দসই কাপড় কেনা যায় না। সে কারণে আগেভাগেই ঈদের কেনাকাটা করতে এসেছি। তবে দাম আগের বছরের চেয়ে কিছুটা বেশি বলে মনে হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহানা আক্তার বান্ধবীদের নিয়ে দলবেঁধে এসেছেন টেরিবাজারে। তিনি বলেন, ‘এক জায়গায় হরেক রকম কাপড় পাওয়া যায় তাই প্রথমেই এখানে আসা। প্রথমে বিভিন্ন বাজারের ডিজাইন দেখে তারপর পছন্দসই কাপড় কিনব আমরা।’
এ বছর টেরিবাজারের বিভিন্ন পাঞ্জাবির থান কাপড়ের দোকানেও কিছুটা বৈচিত্র্য দেখা গেল। প্রায় সব দোকানে ঝুলছে নানা ডিজাইনের পাঞ্জাবির ক্যাটালগ। ক্রেতারা নিজেদের পছন্দমতো ডিজাইন বাছাই করে কাপড় কিনছেন। দোকানিরা জানালেন, হাতা প্রিন্ট ও এক রঙের বডিযুক্ত ডিজাইনটি এ বছর বেশ ভালো চাহিদা পেয়েছে। এসব পাঞ্জাবির দাম পড়বে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘এবারের ঈদবাজারে গ্রাহকের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি আমরা। চাহিদা অনুযায়ী পুরুষ ও মহিলা পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে ক্রেতাদের নিরাপত্তায়। পাশাপাশি নিজস্ব ৩০ জন নিরাপত্তাকর্মী দিন–রাত কাজ করছে ক্রেতাদের সুবিধার্থে।’