আনোয়ারার টেলিফোন এক্সচেঞ্জের যান্ত্রিক ত্রুটির কারণে ১৩ এপ্রিল থেকে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন আছে। নয় বছর আগে এক্সচেঞ্জটি এনালগ থেকে ডিজিটাল হলেও ঘন ঘন এ অবস্থা হওয়ায় কমে আসছে গ্রাহক সংখ্যাও। সূত্র জানায়, ডিজিটাল হওয়ার পর বাংলাদেশ টেলি কমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) নিয়ন্ত্রণাধীন আনোয়ারা টেলিফোন এক্সচেঞ্জটির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সময়ই টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকে। একই কারণে ১৩ এপ্রিল থেকেই পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। টলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী আনোয়ারা ঘুরে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। জানা গেছে, আনোয়ারা টেলিফোন এক্সচেঞ্জকে ২০০৪ সালের জুলাইয়ে ডিজিটাল করা হলেও সে সুবিধা পাননি গ্রাহকেরা। এক্সচেঞ্জটি পুরোনো হওয়ার কারণে এটি ঘন ঘন বিকল হয়ে পড়ে। একেবারে চালু অবস্থায় মাঝেমধ্যে ১০ থেকে ২০ মিনিটের জন্য সংযোগ পাওয়া গেলেও হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে। এ ছাড়া এ ফ্রিকোয়েন্সিতে ইন্টারনেটও ব্যবহার করা যায় না। ফলে প্রাথমিক পর্যায়ে আড়াই শ গ্রাহক থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ৮৫-তে। আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার বলেন, মাসে আড়াই হাজার টাকার ওপরে মোবাইল বিল যাচ্ছে। এ টেলিফোন কোনো কাজেই আসছে না।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘ঘন ঘন টেলিফেন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ ফ্যাক্স পাঠানো এবং গ্রহণ করা যায় না, তাই বড় কষ্টে আছি।’ আনোয়ারা টেলিফোন এক্সচেঞ্জের ইনচার্জ শাহ আলম ভুইয়া বলেন, এ এক্সচেঞ্জটি পুরোনো হয়ে পড়ায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই এটি ঘন ঘন বিকল হয়ে পড়ে।এ ব্যাপারে চট্টগ্রামের কর্মরত বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী প্রদীপ কুমার দাস বলেন, এক্সচেঞ্জটি পুরোনো হওয়ায় এ সমস্যা হচ্ছে। এটি পরিবর্তন করার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি।