টেস্ট ক্রিকেটেও উজ্জ্বল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে এক দশক পূর্ণ করেছে বাংলাদেশ। এক দশকের প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির অতৃপ্তিই বেশি। নতুন টেস্ট খেলুড়ে দেশের ক্ষেত্রে এমনটা হতেই পারে। তবু মাঝেমধ্যেই সমালোচকদের অভিযোগের তীরে বিদ্ধ হতে হয়েছে টাইগারদের। অনেকেই বলতে ছাড়েননি, ‘কেড়ে নেওয়া হোক মর্যাদা,’ ‘টেস্ট খেলার যোগ্য নয় বাংলাদেশ’ ইত্যাদি। ২০০০ সালে ঢাকায় অভিষেক টেস্টের পর এ পর্যন্ত ৬৯ ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির খাতায় তিনটি জয়। পরাজয় জুটেছে ৬০টিতে। আর ড্র হয়েছে ছয় ম্যাচ। এই হলো বাংলাদেশের টেস্ট খতিয়ান। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টটি ৭০ নম্বর ম্যাচ। প্রথম টেস্ট জয়ের স্বপ্ন পূরণ হয়েছে এই চট্টগ্রামেই ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল ওই ভেন্যুর শেষ ম্যাচ। ওই ম্যাচটি ছিল এখানকার অষ্টম ম্যাচ। এরপর এমএ আজিজ স্টেডিয়াম নির্বাসিত হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে। স্থান পরিবর্তন করে ক্রিকেট নতুন ঠিকানা খুঁজে নেয় সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নতুন এই মাঠে একদিনের ম্যাচে বাংলাদেশের অনেক সাফল্য আছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ ম্যাচসহ টানা চারটি জয়ের পর বাংলাদেশকে এই মাঠে হারানো কঠিন—এমন একটি কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে দীর্ঘমেয়াদি ক্রিকেটে এখনো সাফল্য অধরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ম্যাচটি এই মাঠের নবম আসর। তবে সাফল্য যে একেবারে শূন্যের ঘরে, তা-ও নয়। ভারতের বিপক্ষে একটি টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে এই মাঠে। যদিও তাতে বৃষ্টির কৃপা ছিল। ঢাকার তিনটি মাঠও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মতো ড্র ছাড়া টেস্ট সাফল্য দেখেনি। তাই চট্টগ্রামের মাটিতে প্রথম টেস্ট জয়টিই দেশের মাটিতে সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে আছে। প্রথম জয়ের পর ২০০৯ সালে আরও দুটি টেস্ট জয় পেয়েছে টাইগাররা। ওই দুটি বিজয়গাথা রচিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। তখনকার খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজ এখন পরিণত একটি দল হয়েই বাংলাদেশে এসেছে। চট্টগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিকদের সঙ্গে। প্রথম টেস্টের শুরুটাও খারাপ করেনি টাইগাররা। কিন্তু পুনরায় প্রকৃতির বাধায় এখন ম্যাচটিই পড়েছে হুমকির মুখে। প্রথম দিনে টাইগারদের ব্যাটিং দেখে যাঁরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন আরেকটি সাফল্যগাথার সাক্ষী হবেন, তাঁদের মন খারাপ, ঠিক চট্টগ্রামের আকাশটার মতোই।