টেস্ট খেলার প্রি-টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

টেস্ট ম্যাচ মানেই ধৈর্যের কঠিন পরীক্ষা। এতে ভালো করার স্বার্থে ক্রিকেটারদের জন্য কিছু ধৈর্যের প্রশিক্ষণ রাখা যেতে পারে। প্রশিক্ষণে উত্তীর্ণদের দিয়েই গঠন করা যেতে পারে সেরা একাদশ।
ক্রিকেটারদের টানা সাত দিন সন্ধ্যায় পাবলিক বাসে করে মতিঝিল থেকে মিরপুর স্টেডিয়ামে পাঠানো যেতে পারে। মিরপুরে আসতে কমসে কম তিন–চার ঘণ্টা লাগবে। এতে কেউ কোনো বিরক্তি প্রকাশ করতে পারবেন না। মুখে কিছু না বলে হাবভাবে বিরক্তি প্রকাশ করলেও অযোগ্য বলে বিবেচিত হবেন!

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

শুধু ধৈর্য থাকলেই হবে না, লম্বা ইনিংস খেলার জন্য চাই শারীরিক শক্তি। সে জন্য টেস্ট দলের ক্রিকেটারদের সাঁতরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া যায়। তবে কেউ যদি হিমালয় জয় করে আসতে পারেন, তবে তাকে দলের অধিনায়কই বানিয়ে দেওয়া যেতে পারে!
মানসিকভাবে উচ্চ শ্রেণির ধৈর্যশীল হওয়ার জন্য ক্রিকেটারদের একটা টিভি রুমে বসিয়ে রাখা যেতে পারে। টিভিতে কেবল টক শোই চলবে। ক্রিকেটারদের হাতে থাকবে রিমোট কন্ট্রোল। টানা ছয় ঘণ্টা মনোযোগ দিয়ে টক শো দেখতে ও শুনতে হবে তাদের। চ্যানেল পরিবর্তন করা যাবে না এক মুহূর্তের জন্যও।
মেজাজ ঠান্ডা রাখা টেস্ট ম্যাচের জন্য খুব জরুরি। তাই ক্রিকেটারদের বসিয়ে রাখা যেতে পারে সমালোচকদের সামনে। সমালোচকেরা ইচ্ছেমতো উসকানিমূলক মন্তব্য করবে। কিন্তু ক্রিকেটাররা টানা তিন ঘণ্টা কোনোরকম মেজাজ গরম না করে সেসব শুনতে পারলেই সোজা সেরা একাদশে জায়গা পাবেন!