টোল বেড়েছে তৈলারদ্বীপ সেতুতে ক্ষুব্ধ পরিবহনশ্রমিকেরা
আনোয়ারা-বাঁশখালী উপজেলার মাঝামাঝি স্থানে শঙ্খ নদের ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল বাড়ানোর ঘটনায় ক্ষুব্ধ চালক ও যানবাহনশ্রমিকেরা। গত বছরের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ২৪ এপ্রিল মধ্যরাত থেকে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ বর্ধিত হারে টোল আদায় করছে।
সওজ সূত্র জানায়, আগের টোলের হার পরিবর্তন করে বর্তমানে ভারী ট্রাক থেকে ৭০ টাকার স্থলে ১৮০ টাকা, মিনি ট্রাক থেকে ১৫ টাকার স্থলে ১১৫ টাকা, মাঝারি ট্রাক থেকে ১৫ টাকার স্থলে ১৫০ টাকা, মাইক্রোবাস থেকে ১০ টাকার স্থলে ৬০ টাকা, চার চাকার যান থেকে ১০ টাকার স্থলে ৬০ টাকা, ট্রেইলার থেকে ২৫০ টাকার স্থলে ৩০০ টাকা, সিডার কার থেকে ১০ টাকার স্থলে ৪০ টাকা ও অটোরিকশা থেকে ৫ টাকার স্থলে ১৫ টাকা আদায় করা হচ্ছে।
তবে বাড়ানো হয়নি বাসের টোল। বড় বাস থেকে ৩০ টাকা ও মিনিবাস থেকে ১৫ টাকাই আদায় করা হচ্ছে। তা ছাড়া আগে কোনো টোল নেওয়া না হলেও মোটরসাইকেল থেকে ১০ টাকা ও সাইকেল থেকে পাঁচ টাকা টোল নেওয়া হচ্ছে।
পিএবি সড়কের অটোরিকশাচালক শাহাবুদ্দিন (৪৬) বলেন, ‘আমাদের কাছ থেকে ১৫ টাকা আদায় করা হয়েছে, যা আগের তুলনায় তিন গুণ বেশি। এটি জুলুম ছাড়া কিছু নয়।’
পিকআপচালক মো. আনিছ (৩৭) বলেন, চাক্তাই থেকে পেঁয়াজবোঝাই একটি পিকআপ নিয়ে বাঁশখালী আসা–যাওয়ার পথে দুবার ৬০ টাকা করে ১২০ টাকা টোল দিতে হয়েছে।
২৬ এপ্রিল বিকেলে সেতু এলাকায় টোল নিচ্ছিলেন সওজের কার্য সহকারী নবারুণ তালুকদার ও শিবু কান্তি বিশ্বাস। তাঁরা প্রথম আলোকে বলেন, ‘গত ৬ জানুয়ারি সরকার সেতুর টোল নির্ধারণ করে। আর তাই পুরোনো ইজারার মেয়াদ শেষ হওয়ায় আমরা নতুন ধার্যকৃত হারে টোল নিচ্ছি।’
সওজের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আগের দরপত্রের মেয়াদ শেষ হওয়ায় সরকারি নিয়ম অনুসারে আমরাই টোল আদায় করছি।’