টোনাটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম ভাঙল টোনাটুনির ডাকাডাকিতে। আমি যেন অপেক্ষাতেই থাকি, কখন ওরা ডাকবে আর চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকাব। দেখব, ডালিমগাছে টোনাটুনি দুটি খুনসুটিতে মেতে উঠেছে। কী যে ভালো লাগে! একবার দুজনেই ফুড়ুৎ করে উড়ে ডালিমগাছ থেকে পাশের জবাগাছে বসছে, কিছুক্ষণ থেকে আবার আসে ডালিমগাছে। গল্প করে নিজেদের ভাষায়, আনন্দ করে, সময় বয়ে যায়!টোনাটুনি দুটির মধ্যে এমন ভাব আগে ছিল না। বাসা ছিল শুধু ডালিমগাছে; টুনির বাসা। একদিন লক্ষ করলাম, জবাগাছে একটা টোনা এসে বসছে, কিছুক্ষণ বসে উড়ে যাচ্ছে। আবার আসছে, ডালিমগাছে টুনির বাসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার উড়ে যাচ্ছে। পরদিন আমি ঢাকায় গেলাম মামার বাসায় বেড়াতে। এক সপ্তাহ পর ফিরে আমি তো অবাক! সেই টোনাটা জবাগাছে বাসা তৈরি করে রীতিমতো বসবাস শুরু করেছে! কিন্তু লক্ষ করলাম, ডালিমগাছের টুনিটা মনে হয় কিছুতেই জবাগাছের টোনাকে সহ্য করতে পারছে না। টুনিটা কেমন করে যেন শব্দ করে আর তাতেই জবাগাছের টোনাটা ভয়ে ফুড়ুৎ করে উড়ে চলে যায়। আবার আসে, আবার তাড়া খেয়ে চলে যায়। আবার ফিরে ফিরে আসে লজ্জার মাথা খেয়ে। এভাবে সাত-আট দিন কেটে যায় ওর শুধু তাড়া খেয়েই। তারপর মনে হয়, টোনার প্রতি টুনির একটু দয়া হয়। জবাগাছে বসতে দেখলেই টুনিটা আর তেড়ে যায় না টোনার দিকে। তবে নিজের ডালিমগাছে বসতে দেয় না কখনোই। এভাবে গেল আরও আট-নয় দিন। অবাক বিস্ময়ে একদিন লক্ষ করলাম, জবাগাছের টোনাটা ডালিমগাছে বসা, কিছু বলছে না টুনিটা! আবার টুনিটাও দেখি উড়ে গিয়ে বসছে জবাগাছে। নিজের গাছে টুনিকে আসতে দেখে টোনাটা আনন্দের আতিশয্যে ফুড়ুৎ করে উড়ছে শুধু। টুনির কাছে বসছে, নিজেদের মধ্যে কী যেন কথা বলছে, তারপর টোনা কোথায় যেন উড়ে যায়। ফিরে আসে দুই মিনিটেই, ঠোঁটে খাবার। ঠোঁটে করে তুলে দেয় টুনির মুখে! আহা! কী অপার্থিব দৃশ্য! কষ্ট করে খাবার সংগ্রহ করে এনে টুনির মুখে তুলে খাইয়েই যেন টোনার অপার আনন্দ! সময় যায়, যায় দিন। বাইরে থেকে এসে বিছানায় বসে জানালা খুলে ওদের ভালোবাসার সাক্ষী হতে, পূর্ণতা দেখতে চেয়ে থাকি, অপেক্ষা করি। সবচেয়ে বিস্ময়কর লেগেছিল সেদিন, যেদিন দেখলাম জবাগাছের টোনাটা ডালিমগাছে এসে টুনির বাসায় পুরোপুরিভাবে সংসার করছে! বুঝলাম, ওদের চূড়ান্ত মিল হয়েছে। টোনাটুনির সংসার করা দেখা আমার নেশা হয়ে যায়। মনে হয় ওরাও আমায় চিনে নিয়েছিল। ওদের খুনসুটি দেখা আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে যায়। বেশ কিছুদিন লক্ষ করছিলাম, টুনিকে খুব একটা বাইরে দেখা যায় না। সব সময়ই মনে হয় বাসার মধ্যে বসে থাকে। টোনা বাইরে যায়, খাবার আনে। বাসায় ঢুকে মনে হয় টুনিকে খাওয়ায়। তারপর বাসার বাইরে এসে ডালিমগাছের ডালে বসে থেকে বাসা পাহারা দেয়। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। হঠাৎ একদিন দেখি, টোনাটুনির বাসা থেকে দুটি তুলতুলে সুন্দর বাচ্চা বাসার দরজা দিয়ে মাথা বের করে টিউ...টিউ...করছে। টোনাটুনি দুটি গর্বিত ভঙ্গিতে আনন্দে আত্মহারা হয়ে ডালিমগাছময় ফুড়ুৎ ফুড়ুৎ করে উড়ে বেড়াচ্ছে। আর কী যেন বলছে ওদের ভাষায়। চোখে পানি এসে গেল ওদের আনন্দ দেখে। এরই নাম সংসার! এরই নাম ভালোবাসা। মাহমুদুল হাসান বগুড়া সদর, বগুড়া।