টোপ
দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি চেয়ারম্যান মজনু মোল্লার চারিত্রিক সমস্যা ছিল প্রকট। ঘরে দু-দুটি বউ থাকা সত্ত্বেও মজনু মোল্লা তাঁর ষন্ডাদের নিয়ে গ্রামের তরুণী আর পরস্ত্রীদের উত্ত্যক্ত করতেন। কিন্তু পাপেরও শেষ আছে—এ কথা হয়তো মজনু মোল্লাও কোনো দিন বুঝতে পারতেন না, যদি না আমাদের হাইস্কুলের সেলিম স্যার এক অভিনব পন্থায় মোল্লার এসব অপকর্মের অবসান ঘটাতেন। সেলিম স্যার ছিলেন আমাদের গ্রামের সব সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুরোধা। আমরা বেশ কয়েকজন ছাত্রছাত্রী তাঁর নির্দেশিত মঞ্চনাটকে অভিনয় করতাম। একদিন সেলিম স্যার আমাদের ডেকে বললেন, ‘তোরা তো জানিস, মজনু মোল্লার সব চেয়ে দুর্বল দিক হলো নারীর প্রতি আসক্তি। ব্যস, এটাকেই কাজে লাগাতে হবে।’ এরপর স্যারের নির্দেশনা আর পরিকল্পনামতো সবকিছু চলতে থাকল। এ কাজে প্রধান ভূমিকা রাখতে হলো বান্ধবী শিখাকে। এ ছাড়া আরও একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাঁর কথা আপনারা একটু পরে জানতে পারবেন। তো একদিন হঠাৎ রাত ১২টার দিকে মজনু মোল্লার মোবাইল ফোনে এক অপরিচিত নারীকণ্ঠ শোনা গেল, ‘হ্যালো, এটা কোথায়?’ মজনু মোল্লা বললেন, ‘এইডা মহব্বত নগর।’ নারীকণ্ঠটি আবার প্রশ্ন করলেন, ‘আপনি কে বলছেন?’ মোল্লা বললেন, ‘আমি মহব্বত নগর গেরামের চেয়ারম্যান মজনু মোল্লা।’ এবার নারীকণ্ঠটি খিলখিল করে হেসে বললেন, ‘বাহ! আপনার নামটা তো খুব সুন্দর। আমার নাম লাইলি। আমি লাইলি, আর আপনি মজনু। বেশ মজার তো! আপনি আমার সঙ্গে মোবাইল ফোনে বন্ধুত্ব করবেন?’ এমন সুকণ্ঠী নারীর আহ্বানে সাড়া না দেওয়া আর কারও পক্ষে সম্ভব হলেও মজনু মোল্লার মতো বিশেষ চরিত্রের পুরুষের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এভাবে রাতের পর রাত মজনু মোল্লা তাঁর লাইলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে থাকলেন (আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন, এই লাইলি আর কেউ নন, আমাদের বান্ধবী শিখা)। ক্রমেই তাঁদের সম্পর্ক আপনি থেকে তুমিতে নেমে এল। হঠাৎ এক রাতে লাইলি বললেন, ‘অ্যাই মজনু, অনেক দিন তো হলো, চল না এবার আমরা দেখা করি। কাল রাতে তোমাদের গ্রামের পুরোনো পুকুরপাড়ে আমি তোমার সঙ্গে দেখা করব।’ মজনু মোল্লার মনে হলো, তিনি যেন ভুল শুনছেন। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। পরের রাতে মোল্লা তাঁর নতুন শেরওয়ানি পরে সুরমা, আতর মেখে চুপি চুপি হাজির হলেন পুকুরপাড়ে। সেই পুকুরপাড়ে মজনু মোল্লা তাঁর কাঙ্ক্ষিত নারীকে বসে থাকতে দেখলেন। মোল্লার সারা শরীরে শিহরণ জেগে উঠল। আবেগের আতিশয্যে সেই নারীকে জড়িয়ে ধরলেন মজনু মোল্লা। কিন্তু এ কী? এ যে তাঁদের-ই গ্রামের ফুলমন বুয়া। গ্রামে গ্রামে ভিক্ষা করে যার দিন চলে। ফুলমন বুয়া তো ‘বাঁচাও, বাঁচাও’ বলে চেঁচিয়ে উঠলেন। তখনই ঝোপের আড়াল থেকে সেলিম স্যার বেরিয়ে এসে বললেন, কিরে ফুলমন, কী হয়েছে? ফুলমন কাঁদতে কাঁদতে বললেন, ‘দেখো না মাস্টার, চেয়ারম্যান আমারে একলা পাইয়া!’ সেলিম স্যার বললেন, ‘ছি! ছি! চেয়ারম্যান সাহেব, এই আপনার জনসেবার নমুনা? এক্ষুনি সবাইকে ডেকে আপনার কুকর্মের কথা ফাঁস করে দিচ্ছি।’ স্যারের কথা শেষ হতেই আমরা কয়েকজন ছাত্রছাত্রী আশপাশ থেকে ছুটে এলাম। ভাবখানা এমন যে চিৎকার শুনেই আমরা হাজির হয়েছি। মোল্লার তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কাকুতি-মিনতি করে তিনি বললেন, ও মাস্টার, ও বাবারা, এই দুই কান ধরলাম, নাকে খত দিলাম, সামনে ইলেকশন, আমার মানইজ্জত অহন তোমাগো হাতে। এই কথা কাউরে কইও না।’ সেলিম স্যার বললেন, ‘বেশ, তাহলে ওয়াদা করুন, আর কখনো দুর্নীতি করবেন না, গ্রামের মেয়েদের দিকে চোখ তুলে তাকাবেন না।’ মোল্লা বললেন, ‘তওবা, তওবা, কোনো দিন না।’ সত্যিই এরপর মজনু মোল্লা আর কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাননি। আমরা ভেবে অবাক হয়েছিলাম, মোবাইল ফোনের একটি পাতানো নাটকের মাধ্যমে কী করে মজনু মোল্লার মতো ক্ষমতাধর মানুষকেও জব্দ করা যায়। তবে আমাদের চেয়ে বোধহয় অবাক হয়েছিলেন মজনু মোল্লা। কারণ আমরা জানতাম, ওই দিন রাতে বাসায় ফিরে তিনি যখন লজ্জায়, অপমান আর ক্ষোভে তাঁর তথাকথিত লাইলিকে কল করেছিলেন, তখন অপর প্রান্ত থেকে শুনতে পেয়েছিলেন অন্য একটি নারীকণ্ঠ। যে কণ্ঠ বারবার শুধু একটি কথাই বলছে, ‘দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।’ ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা।