ট্যারা চোখে চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মেয়েটা অদ্ভুত। একদিন হুট করে রুমে ঢুকে বলে, ‘দ্যাখ তো! আমার চোখ ট্যারা লাগছে নাকি?’ বলে দুই চোখের মণি চোখের কোনায় নিয়ে আমার দিকে তাকিয়ে থাকল।
অবাক হওয়ার সময়টাও দিলো না। গড়গড় করে বলতে লাগল, ‘ছেলেপক্ষ দেখতে আসবে। ওদের চাওয়া, মেয়েকে সুন্দর হতে হবে। ট্যারা চোখের মেয়েকে কেউ সুন্দর বলবে, বল?’
ঠিক যেমনভাবে এসেছিল তেমন করে আবার চলেও গেল, আমাকে ‘ভ্যাবলা’ বানিয়ে।
আমি খুব বেশি কথা বলি না মেয়েটার সঙ্গে। ও পরিচয়ের পর থেকেই আমাকে তুই তুই করে ডাকে। আমি কিছু বলি না। কিছু বললে যদি আবার মিশুর মতো অবস্থা হয়! মিশু ওর ভাগের বরই খেয়েছে দেখে কী কিলটাই না পড়ল তার পিঠে!
সেদিন ভার্সিটি থেকে এসে দেখি, সোফার ওপর এক পা তুলে ভাত খাচ্ছে। কিছুক্ষণ লেগেছিল বুঝতে, ভুল করে ওদের বাসায় ঢুকে পড়িনি তো! আমাকে দেখে বলল, ‘ইশ্! দারুণ সময়জ্ঞান তোর! রিমোটটা দে দেখি...এই চ্যানেল নিশ্চয় ক্যাটরিনার কাছ থেকে টাকা খাইছে, সে কখন থেকে “শিলার জাওয়ানি” দেখিয়ে যাচ্ছে...।’ রিমোট হস্তান্তর করে দ্রুত রুমে ফিরে আসি।
আজ বাসায় ঢুকতেই টের পেলাম কী যেন নেই। সুনসান চারদিক। মাকে ডেকে জিজ্ঞেস করতেই রহস্য উদ্ঘাটিত হলো। নীরারা বাসা বদলেছে। বছরের পর বছর যে বাসার ইট-কাঠ নীরার পাগলামোতে শোষিত হয়েছে, আজ যেন তারাই কেমন মুমূর্ষু রোগীর মতো শ্বাস নিচ্ছে।
আর কী অদ্ভুত! মিশুদের কাছ থেকে নীরাদের নতুন ঠিকানা জোগাড় করে তখনই বের হয়ে পড়লাম। নিজের মধ্যে কী যেন একটা তাড়া অনুভব করলাম। রাস্তায় বেরোলাম। প্রথম দেখাতে ওকে কী বলব, এটা ঠিক করতে দুই মিনিট সময় লাগল, ‘তুইটুকু মানা যায়, কিন্তু কারণে-অকারণে চুলের মুঠি ধরে ঝাঁকি মারার অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। আর মা-বাবাকে নিয়ে যখন দেখতে আসব, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা বা ট্যারা চোখে তাকালেও লাভ হবে না। বরই-পেয়ারায় ভাগ বসাতে যাব না, শুধু তোর একটু ভাগ দিলেই আমি খুশি...’
নাদিরা মুসতারি
উত্তরা, ঢাকা