ট্রয়ের পথে

এবার তুরস্কের ইস্তাম্বুল যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল কিংবদন্তির নগর ট্রয় দেখা।
গ্রিক উপকথা থেকে জানা যায়, সমৃদ্ধিশালী ট্রয় নগরের কথা, ট্রয় যুদ্ধের কথা, রূপবতী হেলেনের কথা। ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে। তার মানে, দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ। তুরস্কের উত্তর-পশ্চিমে ইজিয়ন সমুদ্রতীরবর্তী ট্রয় ছিল গ্রিসের সমকক্ষ পরাক্রমশীল এক সমৃদ্ধ নগর। ট্রয়ের রাজা প্রিয়াম পার্শ্ববর্তী রাজ্য স্পার্টার সঙ্গে মৈত্রী স্থাপনের উদ্দেশ্যে দুই ছেলে যুবরাজ হেক্টর ও যুবরাজ প্যারিসকে প্রেরণ করেন এবং স্পার্টার রাজা মেনেলুস রাজসভায় তাঁদের সাদর সংবর্ধনা জানান। স্পার্টার রানি তথা রাজা মেনেলুসের অপূর্ব সুন্দরী স্ত্রী হেলেন ও যুবরাজ প্যারিস পরস্পর প্রেমে আবদ্ধ হন। প্যারিস হেলেনকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। স্পার্টার রাজা মেনেলুস এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন। হেলেনকে ফিরিয়ে আনতে তিনি গ্রিসের মাইসেনায়ার রাজা আগামেননের সাহায্য প্রার্থনা করেন। রাজা মেনেলুস ও আগামেননের বিশাল বাহিনী ট্রয়ের উদ্দেশে সমুদ্রযাত্রা করে। যুদ্ধে গ্রিসের বীরযোদ্ধা একিলিসকেও যুক্ত করা হয়। রাজা আগামেননের কাছে ভাইয়ের স্ত্রী হেলেন উদ্ধার যতটা গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ট্রয়ের ওপর কর্তৃত্ব স্থাপন। বীর একিলিস এ জন্যই আগামেননের সঙ্গে দ্বিমত পোষণ করতেন ও তাঁকে রাজা বলে স্বীকার করতে অস্বীকৃতি জানান। ট্রয়ের দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ থেকে কেউ রেহাই পাননি। সবারই ভাগ্য যেন জড়িয়ে ছিল যুদ্ধকে ঘিরেই। যুদ্ধে ট্রয়ের রাজা প্রিয়ম, যুবরাজ হেক্টর, আগামেনন, মেনেলুস, একিলিস সবারই মৃত্যু হয়, ট্রয় আগুনে জ্বলে অঙ্গার হয়ে যায়। যুবরাজ প্যরিস, সুন্দরী হেলেন ও হেক্টরের স্ত্রী-সন্তানের কী হয়েছিল জানা যায় না। ইস্তাম্বুল থেকে বেশ কিছুটা দূরে, তুরস্কের উত্তর-পশ্চিমে কানাক্কাল প্রদেশে এজীয়ন সমুদ্রসৈকতের কাছে বর্তমান ধবংসপ্রাপ্ত ট্রয় নগর অবস্থিত। ১৯৬৮ সালে ট্রয় নগর খনন চলাকালে প্রমাণিত হয় সেখানে একের পর এক বেশ কয়েকটি শহর নির্মিত হয়েছিল। রাজা প্রিয়মের রাজ্যটি দেখার উদ্দেশ্যেই পর্যটকেরা ট্রয়ের দিকে ধাবিত হন।

কানাক্কালে ক্ষণকাল
স্টকহোম থেকে যাত্রার আগে ট্রয় যাত্রার বুকিং দেওয়া হয়েছিল। হোটেল থেকে ভোর সাড়ে ছয়টায় আমাদের যাত্রা শুরু হলো। আমাদের গন্তব্য কানাক্কাল প্রদেশ। বেলা একটার দিকে আমরা কানাক্কাল প্রদেশে পর্যটন অফিস ‘ক্রাউডেড হাউস সুলতান’ এ এসে নামলাম। লাঞ্চের পর আমরা রওনা হলাম ‘ট্রয়’ নগরের উদ্দেশে। মিনিট পনেরোর মধ্যে আমরা উপস্থিত হলাম কানাক্কালের সমুদ্রপাড়ে। এখান থেকে ট্রয়ের দূরত্ব ৩২ কিলোমিটার। ইঞ্জিনচালিত বোটে ফেরি পার হওয়ার পর আবার গাড়িতে যাত্রা, অবশেষে আরও মিনিট তিরিশ চলার পর ঐতিহাসিক ‘ট্রয়’ নগর। নগরের ভেতর শানবাঁধানো চত্বরের ওপর বিশাল এক কাঠের ঘোড়া। ট্রয়ে এসে অবশ্যই মনে পড়বে হলিউডের ট্রয় সিনেমার কথাও। এই ছবিতে একিলিসের ভূমিকায় অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। এই ছবির শুটিংয়ের জন্য তৈরি করা হয় বিশালাকৃতির একটি ট্রোজান ঘোড়া। ১২ টন ওজনের ফাইবার কাচের এই ঘোড়া পরে তুরস্কের এই এলাকায় উপহার হিসেবে পাঠায় ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। অনেকে মনে করেন ট্রয় ছবিটির শুটিং তুরস্কে না হওয়ার ‘খানিকটা ক্ষতিপূরণ’ এটি। পর্যটকেরা এখানে এলে এই ঘোড়া দেখেই ‘ট্রোজান হর্স’ দেখার শখ মেটান।

গাইড আমাদের পথ দেখালেন। রাজা প্রিয়মের রাজত্বকালে ট্রয় ব্যবসা-বাণিজ্যে ও শৌর্যবির্যে প্রাধান্য লাভ করে। ট্রয়কে ইজিয়ান সাগর, মারমারা সাগর ও কৃষ্ণ সাগরের সঙ্গমভূমিও বলা যেতে পারে। তিনটি সমুদ্র দিয়ে ব্যবসা-বাণিজ্যের ফলে রাজা প্রিয়ম সম্পদশালী হয়ে ওঠেন, এ জন্যই ট্রয়ের ওপর বৈদেশিক আঘাত এসেছে বারবার। গাইড মেয়েটিকে জানালাম, ‘রাজা প্রিয়মের রাজপ্রাসাদ কোথায় ছিল সেটি দেখতে চাই।’ তিনি আমাদের ট্রয়-৭ অংশে এনে দেখিয়ে দিলেন,‘ঠিক এখানেই ছিল রাজা প্রিয়মের রাজপ্রাসাদ।’ একটি উঁচু মতো পাহাড়ের অংশ, আশপাশে ছড়ানো-ছিটানো প্রচীন পাথর। স্থানটি ঠিকই আছে, তবে প্রাসাদের ভগ্নাংশও অবশিষ্ট নেই। পাশেই আর একটি পাহাড়ের গা দেখিয়ে বললেন, ‘রাজা প্রিয়মের গুপ্তধন এখানেই পাওয়া গেছে।’ রাজপ্রাসাদের একটি স্থানে অঙ্গুলি নির্দেশ করে গাইড বলেন, ‘রাজা প্রিয়ম এখানে বসে ট্রয়ের ঐতিহাসিক যুদ্ধ অবলোকন করেছেন।’ সে সময় প্রিয়মের বাঁ পাশে বসা ছিলেন বীরপুত্র হেক্টরের স্ত্রী, আর ডান পাশে ছিলেন হেলেন।
গাইড সম্মুখে দেখালেন, ‘ওই ইজিয়ান সমুদ্র, ওই সমুদ্র দিয়েই গ্রিক বাহিনী এগিয়ে এসেছিল। সে সময় সমুদ্র ছিল আরও কাছে, এখন দূরে সরে গেছে।’ তাকিয়ে দেখলাম, দূরে সমুদ্রের নীল জল রৌদ্রের আলোয় চিক চিক করছে। এখন ট্রয় আর ইজিয়ন সমুদ্রের মধ্যে বিস্তর উর্বর ভূমি। এই ভূমিতেই উত্পন্ন হয় উত্কৃষ্ট আপেল। ট্রয় নগরের কোন ফটক দিয়ে গ্রিকদের তৈরি কাঠের ঘোড়া নিয়ে আসা হয়েছিল, তা জানা যায় না, তবে ইতিহাস বর্ণনায় গাইড জানালেন, ‘ট্রয় বারবার আক্রান্ত হয়েছে সম্পদের কারণে, কাঠের ঘোড়া উপলক্ষ মাত্র, ওটি মিথ বা গ্রিক উপকথা।
উপকথা হোক আর না-ই হোক, এই উপকথাই ট্রয়কে দুনিয়াজোড়া খ্যাতি দিয়েছে।
[email protected]
স্টকহোম, সুইডেন