ট্রাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাকে রিশকা, প্রজ্ঞাকে প্রোংগা, শ্যাম্পেইনকে সাম্পান ইত্যাদি নানা ভুলের কারণে আমার মা যখন বিশেষভাবে বিখ্যাত, তখনই আম্মুর সঙ্গে আমি আমার জীবনের অন্যতম চরম ভুলটা করি। আমাদের শহরের অন্যতম প্রশস্ত রাস্তায় যানবাহন চলার কারণে দুই পাশে হালকা বালু জমে যাওয়ায় আমার মা সেদিক দিয়ে না হেঁটে মোটামুটি রাস্তার মাঝখান দিয়েই হাঁটছিল। আমি বারবার নিষেধ করার পরও সে ওই দিক থেকে সরছিল না। যথেষ্ট পরিমাণে ল্যাম্পপোস্ট থাকলেও রোডলাইট না থাকায় অন্ধকারে দূরের জিনিস দেখা যাচ্ছিল না। এ সময় হঠাৎ তীব্র হেডলাইটের আলো ও বিকট শব্দে আমি ভয় পেয়ে চিৎকার করে উঠি, ‘আম্মু, ট্রাক!’ আমি আম্মুর হাত ধরে টান দিই এবং আম্মুও যথেষ্ট ভয় পেয়ে সরে আসে। হেডলাইটের আলো কিছুটা সরে গেলে দেখি একটি মোটরসাইকেল আমাদের চেয়ে তিন-চার হাত দূর দিয়ে মোটামুটি ধীরগতিতেই যাচ্ছে। এ দৃশ্য দেখার পর আমি আর আম্মু কেবল হাসতেই থাকি। তারপর থেকে রাস্তায় কোনো মোটরসাইকেল দেখলেই আম্মু বলে ‘জান্নাত, ট্রাক।’ জান্নাতুল ফেরদৌসমুন্সিগঞ্জ।