মিরসরাইয়ের মায়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৪ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মফিজের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রামে বিচারিক হাকিম-২-এর আদালতে ১৮ জন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববারও সাক্ষ্য নেওয়া হবে বলে হাকিম আদেশ দেন। আদালত সূত্র জানায়, এই মামলার আসামি ট্রাকচালক মফিজের বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল এবং ৩০ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। এতে সাক্ষী করা হয় ৩১ জনকে। দণ্ডবিধির ২৭৯/৩৩৮ (ক) এবং ৩০৪ (খ) ধারায় আসামির বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাসেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এই মামলার ৩১ জনের মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ১৩ জন সাক্ষী বাকি রয়েছে। তাঁদের কয়েকজন রোববার আদালতে সাক্ষ্য দিতে পারেন। সাক্ষ্য নেওয়া শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন হবে। এরপর এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আমরা আশা করছি।’ প্রসঙ্গত, গত ১১ জুলাই মিরসরাই সদরে ফুটবল খেলা শেষে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রাকে চড়ে মায়ানীর দিকে ফিরছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে মোট ৪৪ জনের মৃত্যু হয়। নিহতদের বেশির ভাগ আবুতোরাব বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এ ছাড়া আরও দুটি বিদ্যালয় ও মাদ্রসার ছাত্ররাও ওই ট্রাকে ছিল। মিরসরাইয়ের এই দুর্ঘটনায় সারা দেশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।