ট্রাকে পলিথিনবিহীন লবণ পরিবহন বন্ধের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকে করে পলিথিনবিহীন লবণ পরিবহন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে সচেতনতা বাড়াতে সভা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনও কড়াকড়ি আরোপ করেছে।
প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানান, পলিথিনবিহীন লবণ পরিবহনের ফলে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনা বেড়েছে। এ ছাড়া উপজেলার মগনামা, রাজাখালী ও পেকুয়া সদর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে খানাখন্দ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ও পুলিশের তথ্যমতে, চলতি বছরে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছে দুই শতাধিক। ট্রাক থেকে লবণ পানি গলে পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে।
এদিকে ট্রাকে পলিথিনবিহীন লবণ পরিবহন বন্ধে ব্যবসায়ীদের নিয়ে সভা করেছেন রাজাখালী ও মগনামা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। ১১ ফেব্রুয়ারি মগনামা ও ১২ ফেব্রুয়ারি রাজাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে চেয়ারম্যানরা বলেছেন, সড়ক পথে ট্রাকে লবণ পরিবহন করতে গেলে অবশ্যই পলিথিন মুড়িয়ে করতে হবে। পলিথিনবিহীন লবণ পরিবহনের ফলে বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানিও হচ্ছে।
রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছৈয়দ নূর বলেন, লবণ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে বসে দুটি বিষয় চিহ্নিত করেছি। সড়কে লবণ পানি পড়া বন্ধ করতে প্রথমত শুকনো লবণ পরিবহন করতে হবে। দ্বিতীয়ত, লবণ পানি সড়কে যাতে না পড়ে, সে জন্য পলিথিন ব্যবহার করতে হবে। তিনি বলেন, সবচেয়ে বড় কথা, সড়কপথে লবণ পরিবহন না করে নদীপথে লবণ পরিবহনে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সড়কে দুর্ঘটনার ক্ষেত্রে লবণ পানি মারাত্মক প্রভাব ফেলছে। তাই লবণ পরিবহনে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে সতর্ক হতে হবে। নয়তো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।