ট্রাকের চাকায় পিষ্ট সুগারমিল সড়ক
ধারণক্ষমতার বেশি ওজনের ইটবোঝাই ট্রাক চলাচল ও নিম্নমানের উন্নয়নকাজের কারণে কাউখালী থেকে সুগারমিল পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বেড়েছে যাত্রীদের দুর্ভোগ।সরেজমিনে দেখা গেছে, সড়কের পোয়াপাড়া, ছোট ডলু, উত্তর নাইল্যাছড়ি, মধ্য নাইল্যাছড়ি থেকে তারাবুুনিয়া অংশের কংক্রিট ও বিটুমিন উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে। দেবে গেছে একাধিক কালভার্ট। সড়কের দুই পাশও ধসে গেছে।গত বর্ষায় ভারী বর্ষণে দক্ষিণ নাইল্যাছড়ির ভরণছড়ি খালের মুখ অংশ চার ফুট দেবে যাওয়ায় দুই মাস যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কের একাংশ মেরামত করে। ওই অংশ দিয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। স্থানীয়রা জানান, তারাবুনিয়া থেকে সুগারমিল সড়কের দুই পাশে স্থাপিত ১০-১২টি ইটভাটা থেকে প্রতিদিন অনেক ট্রাক ইট পরিবহন করে। এসব ট্রাকের ওজন ১০-১৫ টন। ফলে সড়কটি দেবে যাচ্ছে, ফাটলের সৃষ্টি হচ্ছে। কোনো কোনো স্থানে এক-দেড় ফুট গভীর গর্ত হয়েছে। চাঁদের গাড়ির চালক মো. বেলাল জানান, ‘খানাখন্দের কারণে গাড়ির নাট-বল্টু খুলে যায়। স্প্রিং, গিয়ার, স্কেলেটর ভেঙে ও চাকা ফেটে দুর্ঘটনা ঘটছে।’ অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে সড়কের দুরবস্থার কথা স্বীকার খাজা আজমির ব্রিকসের (কেএবি) ব্যবস্থাপক শাফায়াত উল্লাহ জানান, বিকল্প না থাকায় এই সড়ক তাঁদের ব্যবহার করতে হচ্ছে।কলমপতি ইউনিয়নের চেয়ারম্যান ক্যজাই মারমা বলেন, বেতবুনিয়া ও কলমপতি ইউনিয়নের মানুষ উপজেলা সদর এবং চট্টগ্রাম ও রাঙামাটি যাতায়াত করে এ সড়ক দিয়ে। মৌসুমি ফসল ও শাকসবজি পরিবহনে এই সড়ক ব্যবহার করেন চাষিরা। কাউখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নয়ম্বর চাকমা সড়কের বেহাল অবস্থার জন্য ধারণক্ষমতার বেশি ইটবোঝাই ট্রাক চলাচলকে দায়ী করেন। তিনি জানান, ‘সড়ক সংস্কারের চেষ্টা চলছে। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না। ২০০৮-০৯ অর্থবছরে পাঁচটি প্রকল্পের মধ্যে মাত্র একটির জন্য বরাদ্দ পাওয়া গেছে।’