ট্রান্স নারীরা সমান নারী
ব্রেক দ্য বায়াস, অর্থাৎ ভেঙে দাও পক্ষপাত। এবারের আন্তর্জাতিক নারী দিবসে এটি ছিল প্রতিপাদ্য। নারী দিবস উপলক্ষে বাংলাদেশভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান নো পাসপোর্ট ভয়েস এ দেশের ট্রান্স নারীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আমেরিকান দূতাবাস ঢাকার সহযোগিতায় ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় সেই আয়োজন।
শুরুতেই ব্যারিস্টার ফাতেমা ওয়ারিত্তাহ আহসান তাঁর বক্তব্যে দেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে নারী দিবসের গুরুত্ব এবং সেই সঙ্গে ট্রান্স নারীদের লড়াই ও নারী দিবসে তাঁদের সঙ্গে নিয়ে (ইনক্লুসিভ) কীভাবে কাজ করা যায়, তা নিয়ে কথা বলেন। ট্রান্স নারীরাও যে সমান নারী, সেটার প্রেক্ষাপট নিয়েও কথা বলেন। এরপর কানাডাভিত্তিক বাংলাদেশি নির্মাতা নাদিম ইকবালের প্রামাণ্যচিত্র ‘বিহাইন্ড স্প্রিং, আন্ডার দ্য শ্যাডো, ডিসগ্রেসড’ দেখানো হয়।
এরপর অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন। ইন্টারন্যাশনাল প্যানেলে ছিলেন ভারতের অনুপ্রভা দাস ও নেপালের রুখসানা। ইন্টারন্যাশনাল প্যানেলিস্টরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। প্যানেল ডিসকাশনে সমাজের প্রচলিত ধ্যানধারণা একজন ট্রান্স নারীর জন্য কতটা অমানবিক, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশ্ন তোলা হয় নারীর সংজ্ঞা কী? আলোচকেরা অনেকেই বলেন, নারীর সংজ্ঞা শুধু শরীরকেন্দ্রিক নয়, শরীর আর জীববিজ্ঞানের বাইরে। সেই সঙ্গে বাংলাদেশে নারীবাদ ও নারী আন্দোলনে ট্রান্স নারীদের জায়গা কোথায়, সেটা নিয়েও আলোচনা করা হয়।
নৃত্য পরিবেশন করেন ট্রান্স নারী সঞ্জীবনী, বুশরা, জেসি। পারফর্মিং আর্ট করেন জর্ডান আসওয়াদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেজামউদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন ডা. সানজিদা শাহরিয়ার, ফাহরাবিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সহায়তায় ছিলেন অল লেডিস লীগ ঢাকা চ্যাপ্টার ও সাউথ এশিয়ান ইয়ুথ অ্যান্ড কোয়্যার অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। অনুষ্ঠানটি কো-অর্ডিনেশনের দায়িত্বে ছিলেন হো চি মিন ইসলাম, গুডউইল অ্যাম্বাসেডর ফর দ্য ট্রান্সজেন্ডার রাইটস ও নো পাসপোর্ট ভয়েস।