ট্রান্সফরমার চুরি ঠেকাতে চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক চুরি হচ্ছে ট্রান্সফরমার। পাহারা দিয়ে, সন্দেহভাজনদের আটক করে ও থানায় মামলা করেও চুরি ঠেকানো যাচ্ছে না। নিরুপায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জনসচেতনতা বাড়াতে চিঠি দিয়েছেন গ্রাহক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও শিক্ষকদের। অভিনব এই ঘটনা ঘটেছে আনোয়ারা উপজেলায়। আনোয়ারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, চলতি ২০১১-১২ অর্থবছরে উপজেলার ১১টি ইউনিয়নে ২১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চলতি বছরের মে মাসেই ঘটেছে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা। চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর মধ্যে একটি ছিল ২৫ কিলোভোল্ট (কেভি) ক্ষমতাসম্পন্ন। এ ছাড়া ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন চারটি, ১০ কেভির ১১টি ও পাঁচ কেভির পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের দাম আট লাখ টাকারও বেশি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরির অপরাধে গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। স্থানীয় থানায় চার-পাঁচটি মামলাও হয়েছে। কিন্তু এরপরও থেমে নেই চুরি। সংঘবদ্ধ একটি চক্র ট্রান্সফরমার চুরির সঙ্গে যুক্ত বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দাবি করছে। এদিকে, আনোয়ারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার ও ট্রান্সফরমার চুরি রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য গ্রাহক, জনপ্রতিনিধি, ইমাম ও শিক্ষকদের চিঠি দিয়েছেন। তবে তাতেও তেমন সুফল আসেনি। জানা গেছে, এই কেন্দ্রটি আনোয়ারা ও পশ্চিম পটিয়ার ৩০ হাজার গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে। প্রতি মাসে কোথাও না কোথাও ট্রান্সফরমার ও তার চুরি হওয়ায় বাড়ছে বিদ্যুৎবিভ্রাট। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা। আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘ট্রান্সফরমার চুরি রোধে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বর্তমানে চুরি কিছুটা কমে এসেছে।’আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক দিলীপ চন্দ্র সরকার প্রথম আলোকে জানান, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরি রোধে জনসাধারণের সহায়তা দরকার। এ জন্য সচেতনতা বাড়াতে চিঠি দেওয়া হয়েছে। জনগণ সচেতন থাকলে ট্রান্সফরমার চুরি কমে যাবে।