ট্রান্সফরমার চুরির দায় গ্রাহকের!
পল্লী বিদ্যুতের আওতাভুক্ত এলাকায় ট্রান্সফরমার চুরির দায় চাপানো হয় গ্রাহকের ওপর। কোনো এলাকার ট্রান্সফরমার চুরি গেলে ক্ষতিপূরণের টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। ক্ষতিপূরণ না দিলে থাকতে হয় অন্ধকারে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে সমিতির ভৌগোলিক এলাকা রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ট্রান্সফরমারের মূল্য প্রায় চার কোটি টাকা। এসব চুরির ঘটনায় থানায় মামলা হলেও চুরি বন্ধ হচ্ছে না। আর চুরি যাওয়া প্রতিটি ট্রান্সফরমারের জন্য গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়েছে ক্ষতিপূরণ।নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক মোহাম্মদ আনোয়ারুল আজিম বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি ভোরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, সকালে উঠে দেখি ট্রান্সফরমারটি খুঁটির সঙ্গে নেই। বিষয়টি জানানো হয় নোয়াপাড়া সমিতির কার্যালয়ে। সেখান থেকে বলা হয় চুরি যাওয়া ট্রান্সফরমারের মূল্য পরিশোধ করলে নতুন একটি বসিয়ে বিদ্যুৎ দেওয়া হবে। পরে অনেক কষ্টে ট্রান্সফরমারের অর্ধেক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা জমা দিয়ে বাকি টাকা পর্যায়ক্রমে বিলের সঙ্গে পরিশোধ করার অঙ্গীকারে সংযোগ পাওয়া যায় এক সপ্তাহ পর।’রাউজান বাগোয়ান ইউনিয়নের গ্রাহক কামরুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির পর তাঁদেরও দিতে হয়েছে ক্ষতিপূরণ। তাঁর অভিযোগ, নতুন যে ট্রান্সফরমারটি বসানো হয় অল্পদিনের মধ্যে অজ্ঞাত কারণে সেটিও নষ্ট হয়ে যায়। এ দায়ও গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আবারও ক্ষতিপূরণ।এ প্রসঙ্গে ফটিকছড়ি এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক শফিউল আলম বলেন, ‘পল্লী বিদ্যুতের আইনে সম্পত্তির লাভ লোকসান গ্রাহকদের বহন করার নিয়ম থাকলেও ট্রান্সফরমার চুরির দায় গ্রাহকদের ওপর চাপানো কারও কাম্য নয়। এই নীতি পরিবর্তন হওয়া উচিত। ’চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘সমপ্রতি হাটহাজারী এলাকায় পুলিশের হাতে গাড়িসহ ধরা পড়েছে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি চক্র। এ রকম একাধিক চক্র বিভিন্ন স্থানে সক্রিয় আছে। সমিতির লোকজন পুলিশের সহায়তায় চুরির সঙ্গে জড়িত লোকজনকে চিহ্নিত করার চেষ্টায় আছেন।’ ট্রান্সফরমার চুরির দায় গ্রাহকের ওপর চাপানো প্রসঙ্গে বলেন, ‘সমিতি পরিচালিত হয় গ্রাহকদের নিয়ে। এই সমিতির মালিকও গ্রাহক। এ কারণে লাভ-লোকসানের দায় গ্রাহকদের ওপর বর্তায়। সমিতির নীতিমালা অনুসারে চুরি যাওয়া সম্পদের শূন্যস্থান পূরণে টাকা নেওয়া হয়।’চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ক্ষতিপূরণ নেওয়াটা অযৌক্তিক। এ নিয়ে বোর্ডসভায় বেশ কয়েকবার আলোচনাও হয়েছে। কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।’