ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা বাড়ছে
নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৬০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হচ্ছে। গত মাসে মেরামত করা হয়েছে ৬৫টি ট্রান্সফরমার। গত দুই মাসে বৃহত্তর চট্টগ্রামে বিকল হয়েছে ১৩৬টি ট্রান্সফরমার। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ৭১টি ট্রান্সফরমার মেরামতের জন্য আনা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে এসেছে ৫০টি। গত বৃহস্পতিবার পর্যন্ত মেরামত শেষ করে ৪৫টি ট্রান্সফরমার সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ২৬টি ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে। নগরের মনছুরাবাদে অবস্থিত পিডিবির আঞ্চলিক মেরামত কারখানা সূত্রে এই তথ্য জানা গেছে।অধিকসংখ্যায় ট্রান্সফরমার বিকল হওয়ায় নগর ও জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নিয়ে বেড়েছে দুর্ভোগ। সময়মতো ট্রান্সফরমার সরবরাহ করতে না পারায় কোনো কোনো এলাকায় ১৫ থেকে ২০ দিন পর্যন্ত ওসব এলাকার লোকজন থাকছেন বিদ্যুৎবিহীন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাচ্ছেন না সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা। ফলে বিদ্যুৎসংশ্লিষ্ট বিভিন্ন সংকটের মধ্যে রয়েছেন এসব এলাকার মানুষ। এসব সংকটের মধ্যে রয়েছে পানির অভাব, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া। আবাসিক এলাকায় মহিলা ও শিশুদের পড়তে হয় চরম ভোগান্তিতে। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা সংকট সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি।’ ট্রান্সফরমার-সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।’ গত আগস্টে প্রচণ্ড গরমের পর সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে নগর ও জেলায় ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।নগরের মনছুরাবাদে অবস্থিত পিডিবির আঞ্চলিক মেরামত কারখানার (আমেক) নির্বাহী প্রকৌশলী দেওয়ান সামিনা বানু প্রথম আলোকে বলেন, ‘বিকল ট্রান্সফরমার দ্রুততম সময়ে মেরামত করে সরবরাহ দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে ট্রান্সফরমার-সংকট রয়েছে। আসন্ন দুর্গাপূজায় নতুন করে ট্রান্সফরমার-সংকট দেখা দিতে পারে বলেও আমরা আশঙ্কা করছি। এ জন্য নতুন ৪০টি ট্রান্সফরমার সরবরাহ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’জানা যায়, নগরে ১৯টি বিদ্যুৎ বিভাগের আওতায় চার হাজার বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। নাম প্রকাশ না করে পিডিবির একজন কর্মকর্তা জানান, একটি ট্রান্সফরমার মেরামত করতে তিন থেকে চার দিনের জায়গায় ১৫ থেকে ২০ দিনও লেগে যাচ্ছে। এক্ষেত্রে তিনি ট্রান্সফরমার মেরামত কারখানা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন। অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক মেরামত কারখানার নির্বাহী প্রকৌশলী দেওয়ান সামিনা বানু বলেন, ‘একটি ট্রান্সফরমার মেরামত করে তা পরীক্ষা করে দেখতে হয়। মেরামত প্রক্রিয়ায় কিছু সময় তো লাগবেই।’২২ সেপ্টেম্বর দুপুরে নগরের মনছুরাবাদে সরেজমিন আঞ্চলিক মেরামত কারখানায় দেখা যায়, বিকল ট্রান্সফরমারে ভরে গেছে কারখানার ভেতরের জায়গা। ফলে ২৯টি বিকল ট্রান্সফরমার বাইরে খোলা জায়গায় রাখা হয়েছে। কারখানার ভেতরে রয়েছে শতাধিক ট্রান্সফরমার। আট থেকে ১০ জন কারিগর তৈলাক্ত ও স্যাঁতসেঁতে মেঝেতে রাখা একাধিক ট্রান্সফরমার মেরামতের কাজ করছেন। এ সময় দেখা যায়, গত ৩ আগস্ট খুলশী থেকে আনা একটি ট্রান্সফরমার মেরামত করে রাখা হয়েছে মেঝেতে। ট্রান্সফরমারটি সরবরাহ দিতে এত বিলম্বের কারণ জানতে চাইলে কারখানার দায়িত্বশীল কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী ঈমাম হোসেন বলেন, ‘ক্রমানুসারে ট্রান্সফরমার মেরামত করা হয়। তাই বিলম্ব হচ্ছে।’জানা যায়, দীর্ঘদিন থেকে লোকবলসংকটে ধুঁকছে পিডিবির আঞ্চলিক মেরামত কারখানাটি। ৬৪ জন জনবলের বিপরীতে বর্তমানে এই কারখানায় কর্মরত রয়েছেন ২১ জন। এর মধ্যে ট্রান্সফরমার মেরামতের জন্য কারিগর রয়েছেন মাত্র ১০ জন। পর্যাপ্ত লোকবলের অভাবে যথাসময়ে ট্রান্সফরমার মেরামতকাজ শেষ করা যাচ্ছে না—বললেন মনসুরাবাদ পিডিবির আঞ্চলিক মেরামত কারখানার নির্বাহী প্রকৌশলী সামিনা বানু। এদিকে চান্দগাঁও ও কালুরঘাট এলাকায় বিদ্যুতের আড়াই হাজার গ্রাহক ১০ দিন ধরে অন্ধকারে রয়েছেন। চান্দগাঁও সুন্নিয়া মাদ্রাসার আশপাশে ও কালুরঘাট বিসিক শিল্পনগর এলাকায় চারটি বৈদ্যুতিক টান্সফরমার বিকল রয়েছে।১০ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চান্দগাঁওয়ের ফরিদারপাড়া, নাজিরপাড়া, শমসেরপাড়া, খতিবের হাট, টেনাপুকুর পাড়, সুন্নিয়া মাদ্রাসা ও বিসিক শিল্পনগর এলাকার গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। খতিবের হাটের গৃহবধূ নাজনিন রহমান ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘১০ দিন ধরে ঘরে বিদ্যুৎ নেই। তাই পানিও নেই। ওয়াসা থেকে আট দিন আগে এক গাড়ি পানি কিনেছি। আজ শেষ হয়ে যাবে।’কালুরঘাট বিসিক শিল্প সমিতির সভাপতি আকতার কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ-সংকট তো আমাদের নিয়তি হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, মানুষের জীবনযাত্রা, শিক্ষার্থীদের পড়াশোনা।’কালুরঘাট বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদৎ হোসেন ২১ সেপ্টেম্বর প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকায় গত ১০ দিন ধরে চারটি ট্রান্সফরমার বিকল রয়েছে। আজ টেনা পুকুরপাড় এলাকায় একটি ট্রান্সফরমার লাগাব। তবে বিদ্যুৎ-সংকটের কারণে গ্রাহকদের চরম কষ্ট হচ্ছে।’