ফেনীর সোনাগাজী উপজেলা শহরের কেন্দ্রস্থলে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যাতায়াতের সময় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে। যানজট-বিড়ম্বনার কারণে ঠিক সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে বলে অভিযোগ নাগরিকদের।উপজেলার ভুক্তভোগী লোকজন জানান, সকাল আটটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ব্যাটারিচালিত টমটম এবং রিকশাজট লেগেইে থাকে। সরু রাস্তা দিয়ে কে কার আগে যেতে পারে তারই যেন প্রতিযোগিতা চলে। এ ছাড়া এলোপাতাড়ি গাড়ি পার্ক করার কারণেও যানজট প্রকট আকার ধারণ করে। ব্যস্ত এই মোড়ে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন এলাকার লোকজন। এলাকাবাসীর অভিযোগ, সরকার লাখ লাখ টাকা খরচ করে বাস টার্মিনাল নির্মাণ করেছে। কিন্তু বাসগুলো টার্মিনালে না দাঁড়িয়ে অধিক যাত্রীর আশায় জিরো পয়েন্টে চলে যায়। এতে একই স্থানে যাত্রী তোলার জন্য প্রতিযোগিতা করে সিএনজিচালিত ট্যাক্সি ও অন্যান্য যানবাহন। অপরদিকে জিরো পয়েন্টে দীর্ঘদিন থেকেই রিকশা ও ব্যাটারিচালিত টমটম অনির্ধারিত স্ট্যান্ড গড়ে তুলেছে। জানা গেছে, সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট দিয়ে বিভিন্ন রুটের বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে। তবে ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন চলে খেয়ালখুশিমতো।সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী জানান, জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য বহুবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে বলা হলেও কাজ হয়নি।সোনাগাজী পৌর মেয়র জামাল উদ্দিন জানান, তিনি নিজেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শককে জিরো পয়েন্টকে যানজটমুক্ত করার জন্য ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী বলেন, ‘এই এলাকায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা করেছি কিন্তু লাভ হয়নি। আসলে জিরো পয়েন্টে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ নেই। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারকে লিখিত অনুরোধ জানিয়েছি।’সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘বাস মালিক সমিতিকে অনুরোধ করেছি তাদের বাসগুলো যেন জিরো পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা না করে। এ প্রস্তাব না মানলে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবব।’ এ ছাড়া এখানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্যও পুলিশ সুপারকে অনুরোধ জানানো হবে।