ট্রাফিক বাতির ১০১ বছর

লাল বাতি জ্বলে গেল, গাড়ির চাকা বন্ধ। হলুদ জ্বলে এবার জ্বলল সবুজ বাতি, গাড়ি ছুটবে আবার। আধুনিক নগরগুলোতে এমন ট্রাফিক বাতি এখন খুবই মামুলি ব্যাপার। কিন্তু প্রথম বৈদ্যুতিক ট্রাফিক বাতি চালুর ঘটনা ছিল সে সময়ের সাড়া জাগানো এক আবিষ্কার। গতকাল বুধবার বৈদ্যুতিক ট্রাফিক বাতি ১০১ বছরে পা দিল।
শহরের রাস্তায় প্রথম ট্রাফিক বাতি চালু করা হয়েছিলে লন্ডনে, ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে। ঘোড়ায় টানা গাড়ির চলাচল থামিয়ে পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে। সেটা ১৮৬৮ সালের ঘটনা। লন্ডনের সেই ট্রাফিক বাতিকেই আজকের বিশ্বজনীন বৈদ্যুতিক ট্রাফিক বাতির পূর্বসূরি বলা যেতে পারে। কিন্তু হাতে জ্বালানো-নেভানোর গ্যাসে চলা সেই ট্রাফিক বাতি ছিল বিপদজনক।
লন্ডনের গ্যাসে চলা ট্রাফিক বাতির আবিষ্কর্তা ব্রিটিশ রেলওয়ে প্রকৌশলী জে পি নাইট। লাল আর সবুজ লন্ঠনওয়ালা দুটি ধাতব হাত নাড়াতেন একজন ট্রাফিক পুলিশ। তাকেই হাত নাড়ানোর পাশাপাশি লন্ঠনও জ্বালাতে-নেভাতে হতো। পরের বছরই গ্যাস লন্ঠনের বিস্ফোরণে দায়িত্বরত পুলিশ মারাত্মক আহত হলে বিপদজনক এই ট্রাফিক বাতির চল বন্ধ হয়ে যায়।

প্রথম বৈদ্যুতিক ট্রাফিক বাতি কে আবিষ্কার করেছিলেন তা নিয়ে কিছুটা বিতর্ক আছে। লন্ডনের প্রথম ট্রাফিক বাতি চালুর প্রায় চার দশক পর ১৯১২ সালে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটিতে লেস্টার ওয়াইর নামে এক পুলিশ কর্মকর্তা সেখানকার হোয়াইট হলের সামনে একটি ট্রাফিক পোস্ট বসিয়েছিলেন। বিদ্যুতের তার টেনে দুটো কাঠের বাক্সে বসানো লাল আর সবুজ বাতিতে সংযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নানা সূত্রে ওহাইয়োর ক্লিভল্যান্ডে চালু হওয়া ট্রাফিক বাতিকেই ইতিহাসে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক বাতি হিসেবে উল্লেখ করা হয়।
১৯১৪ সালের ৫ আগস্ট ক্লিভল্যান্ডের সড়কে চালু করা হয় বৈদ্যুতিক ট্রাফিক বাতি। একটা ট্রাফিক পোস্টের ওপর চার জোড়া লাল ও সবুজ বাতি ছিল এতে। পোস্টের ভেতরে থাকা সুইচ টিপে এই বাতি জ্বালানো-নেভানো হতো। এর কয়েক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের নানা শহরে বৈদ্যুতিক ট্রাফিক বাতি ছড়িয়ে পড়েছিল।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে লাল-হলুদ-সবুজের তিন রঙা ট্রাফিক বাতি প্রথম চালু হয় নিউইয়র্কে, ১৯১৮ সালে। কিন্তু দ্য টেলিগ্রাফ জানিয়েছে ১৯২০ সালে ডেট্রয়ট শহরেই প্রথম তিন রঙা ট্রাফিক বাতি চালু হয়েছিল। ১৯২০ সালেই কোথাও কোথাও ট্রাফিক বাতির সঙ্গে যুক্ত হয় ঘণ্টার শব্দ। সেকালে মোটরগাড়ির চালকদের সতর্ক করতে এই ঘণ্টা চালু করা হয়েছিল। আর ১৯৫২ সালে নিউইয়র্কে প্রথম পথচারীদের রাস্তা পারাপারের জন্য লাল ও সবুজ বাতির ভেতরে ‘ওয়াক/ডোন্ট ওয়াক’ লেখা সিগনাল চালু করা হয়।
তবে, এখন সবখানে পরিচিত ইংরেজি ‘টি’ অক্ষরের মতো দেখতে একটা থামের ওপর দুদিকে হাত মেলা লাল-হলুদ-সবুজ ট্রাফিক বাতির নকশা করেন যুক্তরাষ্ট্রের গ্যারেট মরগান। ১৯২৩ সালেই এই নকশার ট্রাফিক বাতির পেটেন্ট আবেদনও করেন তিনি। তাঁর এই নকশার ট্রাফিক বাতি কালক্রমে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ কারণে অনেকে তাঁকেই ট্রাফিক বাতির কৃতিত্বের অন্যতম দাবিদার মনে করেন।
ট্রাফিক বাতির ইতিহাসে দারুণ এক শৈল্পিক সংযোজন করেন ফরাসি ভাস্কর পিয়েরে ভাইভান্ত। ১৯৯৮ সালে লন্ডনের একটি গোলচত্বরে ‘ট্রাফিক লাইট ট্রি’ বা ‘ট্রাফিক বাতির গাছ’ নির্মাণ করেন তিনি। পরে এই ট্রাফিক বাতি গাছকে সরিয়ে বিলিংসগেট মার্কেটে সামনের সড়কে স্থাপন করা হয়। ভাইভান্তের এই ‘পাবলিক আর্ট দুনিয়াজুড়ে ব্যাপক পরিচিতি পায়। ৮ মিটার উঁচু এই ট্রাফিক বাতির গাছে ৭৫ সেট লাল-হলুদ-সবুজ বাতি আছে।
(দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে)