‘আপনাকে চুনিলালের সঙ্গে দেখা করতে হবে,’ বেশ জোর দিয়েই আমার পরিচিত লোকটি বলেন, ‘এই ভদ্রলোকই ট্রামের নিচে চাপা পড়ে থাকা জীবনানন্দকে উদ্ধার করেছিলেন।’ আমি চুনিলালের সঙ্গে দেখা করি ১৯৭০ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলার সবচেয়ে হূদয়লালিত কবির মৃত্যুর ১৬ বছর পর। দক্ষিণ কলকাতায় রাসবিহারী এভিনিউতে তাঁর চায়ের দোকানে রোজকার মতো বসে ছিলেন চুনিলাল। বালিগঞ্জের মধ্যবিত্ত বাঙালি পাড়াটির মাঝ-বরাবর যে পূর্ব-পশ্চিমমুখী চওড়া সড়ক চলে গেছে, তার ওপর রয়েছে দুই জোড়া ট্রামলাইন। চুনিলালের দোকান থেকে দশ কদম এগোলেই রাসবিহারী আর ল্যান্সডাউনের মোড়। রাসবিহারী চৌরাস্তা মোড় থেকে অল্প দূরত্বে ল্যান্সডাউন রোডের (পরে এই রাস্তার নাম হয়েছে শরৎ বোস রোড) এক ভাড়াবাড়িতে থাকতেন জীবনানন্দ আর তাঁর পরিবার। সেখান থেকে পাঁচ ব্লক দক্ষিণে রবীন্দ্রসরোবর, তার বিস্তৃত পার্কে জীবনানন্দ প্রায়ই হাঁঁটতে যেতেন একাকী। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর সন্ধ্যায় এ রকম সান্ধ্য ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই রাসবিহারী এভিনিউ পার হওয়ার সময় একটা চলন্ত ট্রামের সামনে পা বাড়িয়ে দিয়েছিলেন। চুনিলাল আমাকে জানান, হইচই শুনতে পেয়ে ঘটনা ঘটার মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছানোর পর তিনি দেখতে পান, কেউ একজন ট্রামের নিচে পড়ে আটকে আছেন। চুনিলাল—গাট্টাগোট্টা মানুষটি—ঝুঁকে পড়ে ট্রামের একপাশে দুই হাত লাগিয়ে পরিস্থিতির প্রয়োজনে অতিমানবীয় শক্তি প্রয়োগ করে ট্রামের একটা পাশ আলগা করে তুলে ধরেন, যাতে জীবনানন্দের শরীরটা টেনে বের করা যায়। ঘটনার আট দিন পর নিউমোনিয়া সংক্রমণের জটিলতায় মারা যান রবীন্দ্রনাথের পর বাংলার স্বীকৃত কবি জীবনানন্দ দাশ, যাঁর নামের প্রথমাংশের অর্থ ‘জীবনের আনন্দ’।চুনিলাল জীবনানন্দকে ভালো করে চিনতেন না। আসলে যাঁরা চিনতেন তাঁদের সংখ্যাও অল্প। কারণ, তিনি ছিলেন একান্ত একজন, যিনি প্রধানত থাকতেন কবিতার মধ্যেই। জীবনানন্দকে বাঙালি পাঠকবিশ্বে তুলে ধরেছিলেন যে শুভাকাঙ্ক্ষী—বুদ্ধদেব বসু—তাঁর উপযুক্ত সমাধিফলকই লিখে গিয়েছিলেন, যখন তিনি তাঁকে ‘আমাদের নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছিলেন। হতে পারে সেই নির্জনতার কারণেই আজ অবধি বাংলা সাহিত্যের এই মহৎ ব্যক্তিত্বের একটি মাত্র জীবনী লেখা হয়েছে বাংলায়* —অন্য কোনো ভাষায় একটিও নয়।১৯৬০-এর দশকের প্রথম দিকে যদিও আমি ‘পিস কোর’-এর স্বেচ্ছাসেবক হিসেবে দুই বছর জীবনানন্দের নিজ শহর বরিশালে কাজ করেছি, তাঁর সম্পর্কে আমি জানতে পারি আরও পরে, শিকাগোয়, তাঁর কবিতার মাধ্যমে। আইওয়ায় লেখক কর্মশালার সতীর্থ এবং একসময়ের শিকাগো ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার কবি জ্যোতির্ময় দত্ত আমাকে জীবনানন্দের শব্দ ও রূপকল্পের বিস্ময়কর ভুবনের সঙ্গে পরিচিত করান।গত দুই দশকে আরও অনেকে আমাকে আরও ভালোভাবে বাংলা সাহিত্য বুঝতে সাহায্য করেছেন, যাতে আমি জীবনানন্দের জীবনকে একটা গ্রন্থে রূপ দিতে পারি। কলকাতায় জ্যোতির শ্বশুর বুদ্ধদেব বসুর সঙ্গে সাহিত্য ও রাজনীতি থেকে শুরু করে চায়ের দাম পর্যন্ত—বিশেষ করে এবং সব সময় কবিতা নিয়ে আলোচনায় কাটানো সন্ধ্যাগুলো ছিল দুর্মূল্য। যদিও এই জীবনীগ্রন্থের মূল চরিত্রকে ব্যক্তিগতভাবে জানার সৌভাগ্য আমার হয়নি, আমার সুযোগ হয়েছিল তাঁর বিধবা পত্নী লাবণ্য দাশ, দুই সন্তান—মেয়ে মঞ্জুশ্রী, ছেলে সমরানন্দ—এবং ভাই অশোকানন্দ ও বোন সুচরিতার সঙ্গে সাক্ষাতের। তাঁদের সবাই বিভিন্ন উপায়ে সর্বতোভাবে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত।আরও যাঁদের নাম একক ও যৌথভাবে উল্লেখ করা প্রয়োজন তাঁরা হচ্ছেন, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ও বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিকাগো ইউনিভার্সিটির রেগেনস্টাইন লাইব্রেরির মরিন এল পি প্যাটারসন, এলিস নিসকার্ন, জেমস নাই ও উইলিয়াম আলসপাফ। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের, বিশেষ করে এই বিভাগের প্রাক্তন প্রধান নরেশ গুহ এবং ফ্যাকাল্টি সদস্য অমিয় দেব, সুবীর রায়চৌধুরী, স্বপন মজুমদার ও শুদ্ধশীল বসুর কাছে আমি গভীরভাবে ঋণী। অনুবাদের অবশ্যম্ভাবী সমস্যাগুলো এবং অন্যান্য বিষয়ে সময়োচিত পরামর্শের জন্য কাজী আবদুল মান্নান, পবিত্র সরকার ও সৌম্য চক্রবর্তীর প্রতিও জানাতে চাই কৃতজ্ঞতা। এবং আরও বহু অদৃশ্যমান সহায়তার জন্য ধন্যবাদ জানাই শিকাগো ইউনিভার্সিটির বাংলার অধ্যাপক এডওয়ার্ড সি ডিমক্ জুনিয়র ও চার্চিল কলেজ, ক্যামব্রিজের জর্জ স্টাইনারকে।যদিও বর্ণনাতীত বহু উপায়ে অসংখ্য ব্যক্তি আমাকে সহায়তা করেছেন, কিন্তু এমন অনেকে ছিলেন যাঁরা তাঁদের কাছে থাকা অনেক তথ্য দেখিয়ে দিয়ে অথবা কিছু প্রকাশিত লেখার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে আমার গবেষণার কাজটিকে করে তুলেছেন আরও রোমাঞ্চকর ও সম্পূর্ণ। এ বিষয়ে আমি নিম্নোক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাই: অরুণ ভট্টাচার্য (বিশেষ করে উত্তরসূরীর সর্বশেষ জীবনানন্দ সংখ্যাটির অর্ধখণ্ডিত কপিটির জন্য), স্নেহাকর ভট্টাচার্য, গোপাল ভৌমিক, কল্যাণকুমার বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী (বিশেষ করে হাওড়া গার্লস কলেজ ম্যাগাজিনের তাঁর ব্যক্তিগত কপিটির জন্য), অম্লান দত্ত, সত্যপ্রসন্ন দত্ত, শক্তি দেব (বিশেষ করে ময়ূখ, জীবনানন্দ সংখ্যার তাঁর ব্যক্তিগত কপিটির জন্য), বিষ্ণু দে, অমিয়কুমার গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় (বরিশালের অধিবাসী), হরপ্রসাদ মিত্র, সুনীলকুমার নন্দী (বিশেষ করে অনুক্তর পুরোনো সংখ্যাগুলোর জন্য), দেবব্রত রায়, সরলানন্দ সেন, আনন্দগোপাল সেনগুপ্ত ও কিরণশঙ্কর সেনগুপ্ত। ‘ফরেন এরিয়া ফেলোশিপ প্রোগ্রাম’-এর জন্য আমার বিশেষ ধন্যবাদ, যেটির আর্থিক সহায়তার ফলে সম্ভব হয়েছে এই গবেষণা ও বইটির প্রকাশ।এই গ্রন্থে অন্তর্ভুক্ত আমার বেশ কয়েকটি অনুবাদ আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ভিন্নরূপে। ‘বনলতা সেন’, ‘ক্যাম্পে’, ‘নগ্ন নির্জন হাত’, ‘ভিখিরি’, ‘নীলিমা’, ‘ক্ষেতে প্রান্তরে’—এসব কবিতার অনুবাদ ছাপা হয়েছে দ্য লিটারারি রিভিউতে (ম্যাডিসন, নিউ জার্সি); ‘এই কি সিন্ধুর হাওয়া’, ‘শিকার’, ‘হাওয়ার রাত’ ও ‘আবছায়া’ ছাপা হয়েছে প্র্যাকটিসেস অব দ্য উইন্ড-এ (কালামাজু, মিশিগান)।পাঠকেরা লক্ষ করে থাকবেন, আমি জীবনানন্দ দাশকে ‘জীবনানন্দ’ ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘রবীন্দ্রনাথ’ বলে উল্লেখ করেছি, যা বাংলার প্রচলিত রীতি, এটা কোনো ধরনের অসম্মান নয়। এ ছাড়া যাঁরা জীবনানন্দের নামটি নিয়ে হোঁচট খেতে পারেন, তাঁরা বিশ্বাস করুন, এ বিষয়ে আপনি একা নন। বছরের পর বছর ধরে তাঁর নামটি ছাপার অক্ষরে সবচেয়ে বেশি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, বিশেষ করে যখন ইংরেজিতে লেখা হয়েছে। নামটির (ইংরেজি) বানানে অনেকবার এ এন (a n) বর্ণগুলো আছে।তাঁর সবচেয়ে বেশি উদ্ধৃত কবিতাটিতে জীবনানন্দ লিখেছেন:সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজনতখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;অকৃত্রিম ও অমায়িক এই মানুষটির তিরোধানের তিন দশকেরও বেশি সময় পর যাঁরা বাংলা জানেন না, তাঁদের জন্য আজ নিশ্চয়ই সময় এসেছে তিনি যে কবিতা এঁকেছেন সেসব ‘দেখা’। অন্যভাবে উল্লেখ করা না হয়ে থাকলে এই গ্রন্থের সব অনুবাদ আমার, যেমন সব অনিচ্ছাকৃত ভুল ব্যাখ্যাও নিশ্চিতভাবে আমার।—ক্লিন্টন বুথ সিলি* এ বইটি প্রকাশিত হয় ১৯৯০ সালে। তার আগে জীবনানন্দ নামে গোপালচন্দ্র রায়ের লেখা একটা জীবনীগ্রন্থ বেরিয়েছিল ১৯৭১ সালে। পরে জীবনানন্দ দাশের জন্মশতবার্ষিকী উপলক্ষে জীবনানন্দ দাশ নামে প্রভাতকুমার দাসের লেখা উৎকৃষ্ট একটা জীবনী প্রকাশিত হয় ১৯ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে