ট্রাম্প‍-উন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয় পাঠক, এসে গেছে নতুন বছর। নতুন বছরে আপনাদের জন্য থাকছে বিশেষ চমক। আমাদের আজকের টক শোতে উপস্থিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। আপনারা জানেন, তাঁদের দুজনের হাতেই আছে বিরাট সাইজের দুটি লাল বোতাম। যেকোনো সময় যে কেউ তাতে চাপ দিতে পারেন। তাই জীবনের মায়া ত্যাগ করে নিরাপদ দূরত্বে থেকে টক শোটি গ্রন্থনা করেছেন সঞ্জয় সরকার

রস+আলো: নতুন বছরের শুভেচ্ছা আপনাদের দুজনকে।

ডোনাল্ড ট্রাম্প: আপনাকেও...

কিমজং-উন: অনুষ্ঠানের শুরুতেই এ রকম অনিয়ম করলে চলবে না কিন্তু! নিয়মমতো আমি কিছু বলব, তারপর ট্রাম্প মুখ খুলবেন।

র. আ.: আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আপনাদের শুভেচ্ছা সাদরে গ্রহণ করলাম।

ডো. ট্রা.: খেয়াল রাখবেন সঞ্চালক সাহেব, কোনোভাবেই যেন পক্ষপাতিত্ব না হয়। উল্টাপাল্টা কিছু করলে কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।

কি. জ. উ.: শোনেন, আপনার দেশে যাওয়ার জন্য কেউ বসে নাই। সঞ্চালক ভাই, কোনো সমস্যা নাই, আপনি আমার দেশের ভিসা পাবেন।

ডো. ট্রা.: হা হা। সকাল সকাল এত উচ্চমার্গীয় কৌতুক শোনার ভাগ্য হবে, ভাবিনি। আপনার সাইজ আর দেশের সাইজ—দুটোর যে হাল, অন্যকে জায়গা দেবেন কীভাবে!

কি. জ. উ.: সাইজ ডাজন্ট

ম্যাটার, ট্রাম্প!

ডো. ট্রা.: হে হে। অযৌক্তিক কথা বলে দুর্বলতা ঢাকা যায় না, কিম ব্রো!

কি. জ. উ.: মাথা তো গরম হয়ে যাচ্ছে। ওই বোতামটা দে তো, একটা চাপ দিই...!

র. আ.: প্লিজ প্লিজ! এমনটা করবেন না, কিম ভাই! ট্রাম্প ভাইকেও বলছি, আর নয় সংঘাত। নতুন বছরে আমরা শান্তি চাই।

কি. জ. উ.: আহা, সঞ্চালক সাহেব, বোঝেন না কেন! আমিও তেমনটাই চাই। একটা চাপ দিলেই তো সব ঠান্ডা; শান্তি আর শান্তি! পৃথিবীতে যুক্তরাষ্ট্র না থাকলে এমনিতেই শান্তি আসবে।

ডো. ট্রা.: দেন না একটা চাপ। আমি তো ওভার শিওর, আপনার বোতাম কাজ করবে না। হা হা হা! ও হ্যাঁ, বোতাম চাপার আগে পায়ের নিচে একটা টুল নিয়েন। এমনিতে তো বোতাম হাতে পাবেন না! আপনার যা উচ্চতা! হা হা...

কি. জ. উ.: বদ্ধ উন্মাদটারে বাইর করেন তো এখান থেকে। নাইলে কিন্তু বোতামে চাপ দিলাম...

ডো. ট্রা.: কী কইলি তুই? ওই, কে আছিস, আমার বড় এবং শক্তিশালী বোতামটা দে তো। মাথা মোটাটারে আজকে যদি উড়ায়া না দিই! আজকে দেখায়া দিমু, কত চাপে কত বোমা!

কি. জ. উ.: হা হা। মজা পেলুম! ওই, দে দেখি বোতামটা...

র. আ.: প্লিজ প্লিজ! আপনারা থামুন। আমরা ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা চাই। আপনারা এটাকে লেম বানিয়ে ফেলছেন।

ডো. ট্রা.: হে হে। সঞ্চালক সাহেব, আজকাল ভালো জিনিস বাজারে চলে না। লেম মানেই হিট!

কি. জ. উ.: তা ঠিক। এইটার সবচেয়ে বড় প্রমাণ তো আপনি। নাহলে আপনি প্রেসিডেন্ট হন ক্যামনে?

ডো. ট্রা.: আজকে তোরে সত্যি সত্যিই উড়ায়া দিমু রে কিম!

র. আ.: বুঝেছি, আপনাদের থামানো যাবে না। আলোচনা শেষ করব। ভালো কথা, গতকাল রস+আলোর জন্মদিন ছিল। কিছু বলবেন?

কি. জ. উ.: শুভ জন্মদিন রস+আলো! আমার পক্ষ থেকে

এই নেন

একটা কেক।

ডো. ট্রা.: এই নেন আমারটা। আমার কেক আরও বড় এবং শক্তিশালী...