হোটেলটি গাছ বা কাঠের তৈরি নয়।হোটেলের কাঠামো তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তিতে হালকা অথচ মজবুত অ্যালুমিনিয়াম দিয়ে। যদি জলে-স্থলে হোটেল হতে পারে, তবে গাছের মাথায় কেন নয়? ঠিক গাছের মাথায় নয়, তবে মাটি থেকে চার থেকে ছয় মিটার উঁচু বিশাল বনানীর ভেতর গাছের মধ্যে তৈরি হোটেল। গাছের মধ্যে তৈরি বলেই নাম ট্রি হোটেল। সুইডেনের উত্তরের শহর লুলিও থেকে প্রায় এক শ কিলোমিটার দূরে হরাডস গ্রাম। খুবই ছোট গ্রাম। গ্রামের জনসংখ্যা মাত্র ছয় শ। অভিনব ট্রি হোটেল এই হরাডস গ্রামের বনানীতে অবস্থিত। প্রকৃতি ও নির্জনতা ট্রি হোটেলের বৈশিষ্ট্য। হোটেল কক্ষ থেকে দু চোখ ভরে দেখা দিগন্তবিস্তৃত বনানী, পাহাড়ি উপত্যকায় লুলিও নদী, নদীর উত্তাল ঢেউয়ে উড়ন্ত মাছের সারি, দিগন্তে হারিয়ে যাওয়া পাহাড়। আধুনিক নকশায় তৈরি ট্রি হোটেলে ডাবল বেড, বাথরুম, ড্রয়িংরুম, দড়ির ঝুলন্ত বারান্দা সবই আছে। বাথরুমে হাত ধোয়া, মুখ ধোয়া আর দাঁত ব্রাশ করা যায়। শাওয়ার বা গোসলখানা অন্য স্থাপনায়। পুরো হোটেলটি হালকা অ্যালুমিনিয়াম ফ্রেমে হলেও কাচ দিয়ে ঘেরা। বনের পাখিরা হোটেলের গায়ে ধাক্কা খেয়ে যাতে আহত না হয় সে জন্য কাচগুলো আলট্রাভায়োলেট রং দিয়ে ল্যামিনেট করা। শুধু পাখিদের চোখেই ধরা পড়ে ওই রং।ট্রি হোটেলে আপনিও এসে থাকতে পারেন। উপভোগ করতে পারেন প্রকৃতি ও নির্জনতা। এ জন্য আপনাকে ব্রিত্তা পেনসিওনারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনিই মালিক ও পরিচালক। ব্রিত্তা স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরে উচ্চ পদে চাকরি করেছেন ২০ বছর। চাকরি শেষে স্বাস্থ্যসম্মত ট্রি হোটেল খুলেছেন। মধুর আপ্যায়নসহ খাবার-দাবারের কোনো সমস্যা নেই। ব্রিত্তার হেসেল থেকেই তিন বেলার খাবার সরবরাহ করা হয়। হোটেল কক্ষে খাবার নিতে চাইলে সে ব্যবস্থাও আছে। আর হ্যাঁ, আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন কয়েকটা দিন ট্রি হোটেলে কাটিয়ে যাবেন, তাহলে এক বছর আগেই বুকিং দিতে ভুলবেন না। ব্রেকফাস্টসহ দ্বিশয্যাবিশিষ্ট কেবিন প্রতি রাতের ভাড়া চার হাজার ক্রোনার মাত্র। চার হাজারকে বার দিয়ে গুণ করলেই টাকার অঙ্কটা পাওয়া যাবে।লিয়াকত হোসেন, স্টকহোম, সুইডেন থেকে[email protected]