ট্রিনিটির বহুমুখী আয়োজন
আনন্দে টইটম্বুর মিলনায়তন। বাহারি পোশাকে চার সারিতে অর্ধশতাধিক খুদে নৃত্যশিল্পীর নাচ। মঞ্চে শুধু নয়, দর্শকসারির সিঁড়িতেও চলছে সাত শিশুশিল্পীর নাচ। নাচতে নাচতে তারা উঠে গেল মঞ্চে, আরেক সারি নেমে এল সিঁড়িতে। ‘মঙ্গলদীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয়’ গানের সঙ্গে প্রথম নাচেই জমে গেল অনুষ্ঠান। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ট্রিনিটির দ্য গ্রুমিং গালা নাইট অ্যান্ড ফ্যাশন শো অনুষ্ঠানের চিত্র এটি। এতে খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও ইউনেসকোর দূত বিবি রাসেলকে ট্রিনিটির পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ সময় মুহুর্মুহু করতালি দিয়ে দর্শক বিবি রাসেলকে অভিনন্দন জানান।বিবি রাসেলের বক্তব্যে ছিল চট্টগ্রামের জয়কথা। তিনি বলেন, ‘অল্প দিনের ব্যবধানে দুবার এলাম চট্টগ্রাম। ব্রান্ডিং চিটাগাংয়ের মতো অত বড় অনুষ্ঠান ঢাকা শহরেও হয়নি। অভিনন্দন আপনাদের, ঢাকায় ফোরাম করা সম্ভব হয়নি। আপনারা করতে পেরেছেন।’তিনি ট্রিনিটির পরিচালক অনন্য বড়ুয়ার উদ্দেশে বলেন, ‘অনন্য তুমি দুঃখকোরো না—আমাকে এ পর্যন্ত কেউ স্পনসর করেনি, কিন্তু থামাতেও পারেনি। আমি একা চলি না, চলতে চলতে অনেক সাথি পেয়েছি। এ অনুষ্ঠানের নাচের কোরিওগ্রাফি অসাধারণ হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ফ্যাশন কিউতে মডেল শুধু হেঁটে যাবে, নাচে পা উঠাবে।’সোমা বোস ও মহিউদ্দিন মাসুমের সঞ্চালনে এতে আরও বক্তব্য দেন ডিজাইনার আহমেদ নেওয়াজ, শিমুল খালেদ, রওশন আরা চৌধুরী, শিশু একাডেমীর কর্মকর্তা জি এম আবদুস সালাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্টাইল জোনের স্বত্বাধিকারী সোহেল আহমেদ, ট্রিনিটির প্রতিষ্ঠাতা পরিচালক অনন্য বড়ুয়া।‘মোদের গরব মোদের আশা’ গানের সঙ্গে ফ্যাশনের কিউ দিয়ে শুরু হয় ট্রিনিটির পরিবেশনা। পাঞ্জাবি ও শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে বায়ান্নর চেতনা। সাতটি জাতীয় পতাকা প্রদর্শন ছাড়াও এ কিউতে একটি বার্তা ছিল ‘সকল মাতৃভাষা বিকশিত হোক।’ এবার নাচ। ‘নমো নমো নমো বাংলাদেশ মম’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘জাগো বাংলাদেশ জাগো’ গানগুলোর মিশ্রণে ঝুমঝুম নৃত্য ছিল মনোমুগ্ধকর। এতে অংশ নেন ১৭ জন শিল্পী। রওশন বুটিকসের বসন্তের পোশাকের কিউটি ছিল একটু ব্যতিক্রমী। ‘আকাশে বাতাসে লাগি’ ও ‘ফাগুনের মোহনায়’ গানের এ ফ্যাশন কিউতে প্রদর্শিত বাসন্তী শাড়ি, ফতুয়া, খাটো পাঞ্জাবিতে ছিল বৈচিত্র্য। এ কিউতে ১৪ মডেলও ছিলেন স্বচ্ছন্দ।অনুষ্ঠানের সেরা আকর্ষণ ছিল লালনের বিখ্যাত ‘ধন্য ধন্য বলি তারে’ গানের সঙ্গে ১৪ জনের নাচ। চারজনের হাতে ছিল একতারা। কোরিওগ্রাফি করেছেন অনন্য বড়ুয়া। বিবি রাসেল তাঁর বক্তব্যে এ গানের সঙ্গে নাচটির প্রশংসা করেছেন।আরও কিছু ‘মডার্ন ডান্স’ ছিল অনুষ্ঠানে। ফিউশনধর্মী এসব নাচে শিল্পীরা ছিলেন স্বতঃস্ফূর্ত। তাঁদের জটিল, সাহসী, দ্রুতগতির অন্তরঙ্গ কিছু পরিবেশনা দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। তবে সমালোচনাও ছিল। এক শিশুশিল্পীর অভিভাবক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘মাঝে মাঝে স্বপ্ন দেখি’ গানের সঙ্গে যেভাবে সুড়সুড়ি দেওয়া হলো দর্শক-মনে তা ঠিক হয়নি। এটা কোনো বাণিজ্যিক অনুষ্ঠান নয়, বলা যায় পারিবারিক প্রোগ্রাম। এখানে কোমলমতি শিশু-কিশোর ও তাদের অভিভাবকেরা উপস্থিত আছেন। তাই আয়োজকদের সচেতন হওয়া দরকার।’অনুষ্ঠানে আরও ছিল স্টাইল জোনের কারুকাজ করা পাঞ্জাবি, ‘আমি চিনি গো চিনি’ গানের সঙ্গে ভ্যালেন্টাইন ডের পোশাক, ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে’ গানের সঙ্গে চারু চট্টগ্রাম ও ‘আয় আয় আয় তোরা বাংলার মেলায়’ গানের সঙ্গে রওশন বুটিকসের বৈশাখী ফ্যাশন। এর মধ্যে শেষের দুটি কিউতে বৈঠা, হারিকেন, কলসি, ঢোল, হাতপাখা, বাঁশি, ঝুমঝুমি, বীণ নিয়ে মডেলদের ক্যাটওয়াক ছিল দেখার মতো।সব শেষে ছিল গান। অনন্যা দাশগুপ্তা পরিবেশনা শুরু করেন ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ দেশের গান দিয়ে। এরপর ‘তারে ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির গায়/ খাঁচার ভিতর অচিন পাখিকেমনে আসে যায়’। তাঁর দরদি কণ্ঠের গানের জবাবে পেলেন বিপুল করতালি। ইউসুফ আহমেদ খান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘যার মেঘ কালো চুল, হরিণীর চোখ’ ইত্যাদি গেয়ে আসর মাত করেন। যন্ত্রসংগীতে ছিলেন পঞ্চকের সদস্যরা। দর্শক হোসেন আহমেদ বলেন, ‘আয়োজন সুন্দর। আরও সুন্দর হতো পরিকল্পিত হলে। যেমন গ্রিনরুম থেকে নাচের শিল্পীদের নির্দেশনা দেওয়ার আওয়াজ দর্শক শুনতে পেয়েছেন অনেকবার। এ ছাড়া অগোছালো স্মারক ও সনদ বিতরণের পর্ব এবং বিবি রাসেলের সঙ্গে মডেলদের ছবি তোলার হিড়িক দৃষ্টিকটু ছিল।’