প্রতিদিন অন্তত ৩০ মিনিট বা সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট হাঁটলে রক্তচাপ, ডায়াবেটিস, ওজনাধিক্য তো নিয়ন্ত্রণ করা যায়ই, হৃদ্রোগের ঝুঁকিও কমে। কিন্তু শহরে হাঁটার জায়গা ও সময়ের অভাবে অনেকেই বাড়িতে ট্রেডমিল নামের বিশেষ যন্ত্রের ওপর হাঁটার অভ্যাস রপ্ত করেন। কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় যন্ত্রটি ব্যবহারে সাবধানতা জরুরি। যুক্তরাষ্ট্রে বছরে অন্তত ২৪ হাজার মানুষ ট্রেডমিল ব্যবহার করতে গিয়ে আহত হয়ে থাকেন। বেশির ভাগ ট্রেডমিলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন বা তাঁদের মাংসপেশিতে টান পড়েছে অথবা গোড়ালিতে স্ট্রেইন হয়েছে। আবার ট্রেডমিলের তার ও বেল্টে জড়িয়ে ঘর্ষণজনিত আঘাত পাওয়ার ঘটনাও কম নয়। তাই বাড়িতে নির্জন কক্ষে ট্রেডমিল ব্যবহারের ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। আর শিশুদের এই যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে হতে হবে আরও সাবধান। ট্রেডমিলে অল্প সময়ে হৃৎস্পন্দন অনেক গতিতে পৌঁছায়, তাই হৃদ্রোগীরা যেন আগে থেকে তাদের নিরাপদ মাত্রাটি জেনে নেন। সূত্র: বিবিসি।