ট্রেন চলে গেল মাথার ওপর দিয়ে

২০০৫ সালের ঘটনা। আমি তখন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। উপজেলা সদরের যে কলেজে আমি পড়তাম, তার দূরত্ব আমার গ্রামের বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার। আমরা আমাদের গ্রামের কয়েকজন বন্ধু মিলে বাইসাইকেলে চেপে কলেজে যাতায়াত করতাম। কলেজে যাওয়ার পথে একটি নদ পার হতে হয়। নদের নাম টাঙ্গন। সেই নদের ওপর দিয়ে বয়ে গেছে রেললাইন। ফলে নদের ওপর রেলওয়ের একটি সেতু আছে, যা অপেক্ষাকৃত বড়।
শুকনো মৌসুমে নদে পানি না থাকায় লোকজন সেতুর নিচ দিয়ে চলাচল করে। কিন্তু বর্ষা মৌসুমে বিকল্প ব্যবস্থা না থাকায় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। হুটহাট ট্রেন চলে এলে অনেকে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল কিংবা বাইসাইকেলসহ নদে ঝাঁপিয়ে পড়ে। যারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা নির্ঘাত মৃত্যুর মুখে পতিত হয়।
সেদিন আমিও একা চাচাতো ভাইয়ের বাইসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলাম। খুব জোরে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইছিল। আমি বাইসাইকেলসহ পূর্ব দিক থেকে সেতুর মাঝবরাবর গিয়েছি তখন। হঠাৎ তাকিয়ে দেখি সামনে থেকে কিছুটা দূরে ট্রেন আসছে। রেলসেতুর দুই পাড়ে কিছুটা দূরে বাঁক আছে। সাধারণত বাঁকের ওপাশে থাকতেই ট্রেন হর্ন বাজায়, যাতে সেতুতে থাকা মানুষ তাড়াতাড়ি পার হয়ে যায়। কিন্তু সেদিন ট্রেন হর্ন বাজিয়েছিল কি না, অথবা বাতাসের বেগের কারণে আমি হর্ন শুনতে পাইনি।
যাহোক, আমি অবস্থা বেগতিক দেখে সাইকেলসহ নদে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় নিচের দিকে তাকিয়ে দেখি সেতুর পিলার অপেক্ষাকৃত প্রসারিত। ফলে নদীতে ঝাঁপ না দিয়ে সেখানেও অবস্থান নেওয়া যায়। তাই তাড়াতাড়ি সেই পিলারের ফাঁকা জায়গায় সাইকেলসহ নেমে পড়ি। ততক্ষণে ট্রেন চলে এসেছে। তবু অজানা আতঙ্কে আমার ভেতরটা নড়ে ওঠে। ট্রেন চলতে শুরু করে আমার ওপর দিয়ে। আমি চোখ বন্ধ করি। বিকট শব্দের মধ্যে কারও একজনের কথা শুনতে পেলাম শুধু, আমাকে উদ্দেশ করেই বলা সেই কথাটি ছিল, ‘কী মরবে, মরবে’।
একে একে সব বগি চলে যায়। বাতাসে যখন ট্রেনের শব্দ মিলে যায়, তখন ধীরে ধীরে চোখ মেলে তাকাই। অনেকটা নির্বাক দাঁড়িয়ে থেকে পিলার থেকে সাইকেলসহ উঠে পড়ি। কলিজাটা তখন যেন ভয়ে কাঠ হয়ে আছে। কাছেই বাজারে গিয়ে ঢকঢক করে রীতিমতো এক জগ পানি পান করি। তখনো যেন ট্রেনের বিকট শব্দ আর সেই কথাটা কানে বাজছিল—‘মরবে, মরবে’।
রুবেল ইসলাম
খানসামা, দিনাজপুর।