ট্রেন ছাড়তে দেরি যাত্রীদের দুর্ভোগ
গত মঙ্গলবার ষোলশহর স্টেশনে সকাল আটটার ট্রেনের অপেক্ষায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। নয়টার দিকে তাঁদের অপেক্ষার পালা শেষ হলো—ট্রেনের বাঁশি শুনে নয়, চালককে অপহরণ করে একটি ছাত্রসংগঠনের রেল অবরোধের খবরে।চট্টগ্রাম রেলস্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস গত শুক্রবার সকাল সাড়ে আটটায় সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। ছেড়েছে নয়টা ২০ মিনিটে, ৫০ মিনিট দেরিতে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছাড়ে পাঁচ মিনিট থেকে এক ঘণ্টা দেরিতে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে। ট্রেনের দেরির কারণ অনুসন্ধানে পাওয়া গেল অনেক তথ্য, এসবের মধ্যে আছে একটি ইঞ্জিন দিয়ে একাধিক ট্রেন চালানো, পয়েন্টস ম্যান ও স্টেশনমাস্টারের সংকট। তবে ইঞ্জিনস্বল্পতা সবচেয়ে বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক এএ সামসুল আলম বলেন, ‘ট্রেন প্রতিদিন দেরি করে না, আবার প্রতিদিন ঠিক সময়ে যায়ও না। আগামী বছর নতুন ইঞ্জিন সংযোজন হলে এ সমস্যা অনেকটা কেটে যাবে।’জানা গেছে, প্রতিদিন চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা, সিলেট ও চাঁদপুরে ১৪টি আন্তঃনগর এবং ১০টি মেইল এক্সপ্রেস চলাচল করে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন যাওয়া-আসা করে ১৪টি এবং দোহাজারী-নাজিরহাটে চারটি। বৃহস্পতিবার রাতে স্টেশনে কথা হয় গোধূলির যাত্রী মিজান চৌধুরীর সঙ্গে। তাঁর বাড়ি আনোয়ারায়। সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বললেন তিনি—‘গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জংশনে বিকেল পাঁচটা ১৮ মিনিটে গোধূলিতে চড়ে বসেন। কিন্তু ট্রেন আর ছাড়েই না। বিরক্তিকর অপেক্ষায় সাতটা বেজে যায়। অবশেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে, টানা দুঘণ্টা ১২ মিনিট পর। ফলে নির্ধারিত সময় ১০টার পরিবর্তে আড়াই ঘণ্টা দেরিতে রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছায় ট্রেনটি।’ পাশেই টিকিটের লাইনে দাঁড়ানো রফিকুল ইসলাম জানালেন, গোধূলি প্রায় দুই-আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ে।ঢাকায় চাকরি করেন বোয়ালখালীর আবু তাহের। সপ্তাহে দুইবার ট্রেনে আসা-যাওয়া করেন তিনি। তাঁর মতে, চট্টগ্রাম স্টেশনের চেয়ে ঢাকার কমলাপুর স্টেশন থেকে বেশি দেরিতে ছাড়ে ট্রেন। গত ২৭ মার্চ রাত ১১টার তূর্ণা এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়ে ১৫ মিনিট পর সোয়া ১১টায়। গত বুধবার চারটা ২০ মিনিটের সুবর্ণা কমলাপুর জংশন ছাড়ে ৩৫ মিনিট দেরিতে চারটা ৫৫ মিনিটে। ট্রেনটি চট্টগ্রাম পৌঁছায় প্রায় এক ঘণ্টা দেরিতে। যাত্রী আবদুল মাবুদ জানান, গত ২৮ মার্চ তূর্ণা এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ১২টা ১৫ মিনিটে কমলাপুর জংশন ছাড়ে। এটি চট্টগ্রাম পৌঁছে নির্ধারিত সময় ছয়টার পরিবর্তে সোয়া এক ঘণ্টা পর। চট্টগ্রাম রেলওয়ে জংশন মাস্টার (ফটক-২) মাহবুবুর রহমান বলেন, ‘সময় নির্ধারিত থাকা সত্ত্বেও কোন ট্রেন কয়টায় ছাড়বে—যাত্রীদের এমন প্রশ্নের জবাব প্রতিদিন দিতে হয় আমাদের। রেলের কিছু সমস্যা আছে, ইঞ্জিন কেনা ও লোকবল নিয়োগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল আমিন বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর অবরোধের কারণে প্রায়ই শাটল ট্রেনের চাকা থমকে যায়। এতে আমরা ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারি না। তবে ছাত্রাবাসের শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়েন না, শিক্ষকেরা তাঁদের নিয়েই ক্লাস ও টিউটোরিয়াল সম্পন্ন করে।’ রাজনীতিবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মোসলেহ উদ্দিন বলেন, “ইস্টিশনের রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা...’ গানের মতো ট্রেন কি এখন সময় মেপে চলে? স্টেশন থেকে যথাসময়ে না ছাড়লে ঘড়ির কাঁটা মেপে চলবে কেমনে? প্রবাদ তো আর এমনি হয়নি—ন’টার ট্রেন ক’টায় ছাড়ে?”ষোলশহর জংশন মাস্টার (ফটক-২) শওকত আলী চৌধুরী বলেন, রাস্তায় দুর্বৃত্তরা সংকেত পরিবর্তন করে দিলে গন্তব্য পৌঁছাতে দেরি হয়। চট্টগ্রাম রেলস্টেশনে কথা হয় একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় কর্মকর্তা আরমান মিয়ার সঙ্গে। তাঁকে সপ্তাহে দুবার ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসা করতে হয়। তিনি বলেন, ‘গত ১৭ মার্চ বিকেল তিনটা ২০ মিনিটের নির্ধারিত চট্টগ্রামগামী মহানগর গোধূলি ঢাকা স্টেশন ছাড়ে ৪৫ মিনিট দেরিতে। রাত ১০টার পর পৌঁছলে শহরে গাড়ি পেতে সমস্যা হয়। ছিনতাইয়ের আশঙ্কা থাকে। সুবর্ণ, তূর্ণা ও মহানগর প্রভাতিও মাঝেমধ্যে দেরিতে ছাড়ে।’গত বুধবার সকাল সাড়ে ১১টার মেঘনা এক্সপ্রেসে করে চাঁদপুর থেকে চট্টগ্রাম আসেন কবির হোসেন। তিনি বলেন, আগের সপ্তাহে বিকেল পাঁচটার ট্রেন চট্টগ্রাম ছেড়েছে তিন মিনিট দেরিতে। পৌঁছেছে আরও আধঘণ্টা দেরিতে। পাশে দাঁড়িয়ে থাকা মিজানুর রহমান বললেন, তিনি স্নিগ্ধায় টিকিট কেটেছেন দুই দিন আগে। চট্টগ্রাম স্টেশন ছাড়তে ৫-১০ মিনিটের বেশি দেরি হয় না। কিন্তু ঢাকা স্টেশন ছাড়তে ২০-৪০ মিনিট দেরি করে।সুবর্ণের যাত্রী রাজা ভট্টাচার্য জানান, তিনি ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে পড়েন। সেখানে ঠিক সময়েই ট্রেন ছাড়ে আর গন্তব্যে পৌঁছে। চার বছরে ট্রেনের দেরি খুব কমই দেখেছেন। কিন্তু দেশে এসে দেখেন বিপরীত চিত্র। এ সমস্যা শুধু বিরক্তিকর ও অসহ্যের নয়, দেশের এগিয়ে যাওয়ার পথে বাধা বলেও তিনি মন্তব্য করেন। ষোলশহরের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, ‘একটি ইঞ্জিন দিয়ে একাধিক বগি চালানো, পয়েন্টস ম্যান ও স্টেশনমাস্টারের সংকট, রেললাইনে কাঁচাবাজার এবং কিছু ছাত্রের নিয়মবহির্ভূত আচরণের কারণে ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছাতে দেরি হয়।’চট্টগ্রাম রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার আবুল হোসেন বলেন, ‘দেরিতে ট্রেন ছাড়ার প্রধান কারণ ইঞ্জিনের স্বল্পতা। সুবর্ণ, মহানগর প্রভাতি বা পাহাড়িকা এক্সপ্রেস স্টেশনে পৌঁছলে ত্রুটি সারিয়ে একই ইঞ্জিন মেঘনা, উদয়ন বা তূর্ণা এক্সপ্রেসে জুড়ে দিতে হয়। এতে কিছুটা দেরি হয়।’