ট্রেন্ড ২০১২
টি-শার্টে নতুনত্বনানা রকম স্লোগান, কার্টুনের ব্যবহার দেখা গেছে টি-শার্টে। অ্যাংরি বার্ডস, অ্যাভেঞ্জারস, সুপারম্যান, টিনটিন—এমন সব চরিত্রের মোটিফ ব্যবহূত হয়েছে টি-শার্টে। উজ্জ্বল অনেক রং দেখা গেছে। বড় বড় অক্ষরে লেখা স্লোগানও দেখা গেছে।ছবি তুলতেশুধু ছবি তোলার নেশাতেই অনেকে বেরিয়ে পড়েছিলেন শখের ক্যামেরাটি গলায় ঝুলিয়ে। দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গার ছবিগুলো তোলার পরই শোভা পেয়েছে ফেসবুকে। তরুণদের মধ্যেই ছবি তোলার প্রতি এই আগ্রহটি বেশি দেখা গেছে। কুর্তা-লেগিংসগত বছর তরুণীদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে কুর্তা-লেগিংস। একসময় যেমন কম বয়সী মেয়েদের ব্যাপকভাবে পরতে দেখা গেয়ে জিনস-ফতুয়া, সে জায়গাটাই গত বছর দখল করে নিয়েছে কুর্তা-লেগিংস। ওড়নাসহ বা ওড়নাছাড়া টপের মতো করে কুর্তা পরতে দেখা গেছে। শুরুর দিকে শুধু কালো রঙের লেগিংস দেখা গেলেও বছর শেষের দিকে সবুজ, বেগুনি, লাল, মেরুন—এমন রঙের লেগিংসও কুর্তার রঙে মিলিয়ে পরেছেন মেয়েরা।হালকা মেকআপবেস মেকআপটা গত বছর হালকাই নিতে দেখা গেছে। নিত্যদিনের সাজে তো বটেই, পার্টি মেকআপেও ত্বকের রঙের সঙ্গে মিল রেখে বেস মেকআপ করা হয়েছে। বছরের শেষ দিক থেকে চোখের সাজে কফি, বাদামি—এসব রঙের চল দেখা গেছে। আগের মতো নীল, সবুজ এমন চড়া রংগুলোর প্রচলন কমে গেছে। তবে স্মোকি সাজটা সারা বছরই চলেছে।স্বাস্থ্যসচেতনগত বছর স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেশি দেখা গেছে। পিলাটেস, পাওয়া ইয়োগা, জুমবা নানা ধাঁচের শরীরচর্চার চল হয়েছে। জিমে ভর্তি হয়েছেন অনেকেই। সারা দিন না খেয়ে থাকা নয় বরং সঠিকভাবে ডায়েট ও শরীরচর্চা করে ওজন কমানোর প্রতি সচেতনতা তৈরি হয়েছে।অনুষঙ্গে নতুনত্ব কমআগের মতো পার্টিতে ক্লাচ ব্যাগ, নিত্যদিনের ব্যবহারের জন্য বড় ব্যাগই ব্যবহার করেছেন মেয়েরা। অনুষঙ্গে মনোযোগ কম দিয়ে বরং সাজে জোর দিয়েছেন অনেকে। নতুন কোনো ট্রেন্ড তেমন চোখে পড়েনি গয়না ও ব্যাগে।জম্পেশ খানাপিনাগত বছরের জীবনযাপনে ভিন্নধর্মী খাবারের প্রতি আগ্রহ বেড়েছে অনেকটাই। পবিত্র রমজানের সময় নানা বয়সীরা পুরান ঢাকার বিভিন্ন নামকরা খাবারের দোকানে সেহির খেতে গিয়েছেন। ইফতার পার্টির কথা আমরা আগে থেকেই জানি, এবার শোনা গেল সেহির পার্টির কথাও। চীনা খাবার, পিৎজা, পাস্তা, বিরিয়ানি খাবারের বাইরেও সি-ফুড খাবারের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। নতুন খাবারের দোকানের সন্ধান পেলেই কিশোর ও তরুণেরা ছুটে গিয়েছেন সেখানটায়। ঢাকার কিছু কিছু জায়গায় খাবারের ভিন্নধর্মী দোকান হয়েছে। এখানে স্যান্ডউইচ, বার্গার ছাড়াও হালকা স্ন্যাকস, কফি, বিভিন্ন ফলের জুস পাওয়া যায়। দোকানের ভেতরে বসার খুব একটা ব্যবস্থা নেই। ফরমাশ করে বাইরে দাঁড়িয়ে বা বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলতে থাকে, সঙ্গে চলে জম্পেশ খাওয়াদাওয়া।বাটিকের ব্যবহারগরমের সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাটিক ও টাইডাই করা কাপড়। টপ, ফতুয়া বা কামিজ তৈরি হয়েছে এমন কাপড় দিয়ে। ওড়না, ব্লাউজেও দেখা গেছে বাটিকের ব্যবহার। রং আর নকশার বৈচিত্র্য বেশ দেখা গেছে বাটিকে। প্রাকৃতিক রঙের ব্যবহারে তৈরি শাড়িও বেশ দেখা গেছে।নখে নকশাগত বছর সাজের সবচেয়ে উল্লেখযোগ্য ট্রেন্ড বোধহয় নখের নকশা বা নেইল আর্ট। একসময় শুধু কম বয়সী মেয়েদের নেইল আর্ট করতে দেখা গেলেও এ বছর প্রায় সব বয়সী নারীই ঝুঁকেছেন এই দিকে। নানা রকম বিন্দু, পাথর, রেখার নকশা যেমন চলেছে, তেমনি নানা উজ্জ্বল রংও ব্যবহূত হয়েছে নখে। একই রঙের নানা শেডে একেকটি নখ রাঙাতে দেখা গেছে। আবার নানা রকম নিয়ন রঙেও নখ রাঙিয়েছেন অনেকে। বাজারে নেইলপলিশও পাওয়া গেছে নানা ধরনের। জনপ্রিয় হয়েছে ই-কমার্সগত বছর ক্রেতাদের একটা অংশকে দেখা গেছে অনলাইনে কেনাকাটা করতে। ক্রেতাদের আগ্রহ দেখে চালু হয়েছে অনলাইনভিত্তিক অনেক বুটিক; সেখানে ক্রেতারা তাঁদের পছন্দের পোশাকটি বেছে নিয়েছেন সহজেই। শুধু পোশাক নয়, প্রসাধনী, ব্যাগ, গয়না, বই, কেক ও কুকিজের ফরমাশও দিয়েছেন ক্রেতারা। নিজের সামর্থ্য ও পছন্দনীয় জিনিসটি কিনতে আগে বুকিং দিতে হয়। টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় পছন্দের পণ্যটি। হাতে মেহেদি দিতে হবে। চিন্তা ছিল না। সেই সেবাও জনপ্রিয় হয়েছে। এ ছাড়া যেকোনো গেজেটসহ নানা জিনিসপত্র এখনই ডট কম, রকমারি ডট কম, আজকের ডিল ডট কম, আমার দেশ আমার গ্রাম ডট কম—এসব ই-কমার্স সাইট থেকে কিনেছেন ক্রেতারা। এ ছাড়া বিক্রয় ডট কম ও সেল বাজার ডট কমের মাধ্যমে ছিল কেনাবেচারও সুযোগ। নতুন বুটিক নয়, আড়ং, ইয়েলো, অ্যাপেক্স ও আরবান ট্রুথের মতো ফ্যাশন হাউসের ফেসবুকভিত্তিক পেজগুলো বেশ সক্রিয় ছিল।যন্ত্রপ্রযুক্তিনিত্যনতুন গেজেট যাঁরা ব্যবহার করতে চান, ২০১২ সালে আনন্দ তাঁদের এনে দিয়েছে স্মার্টফোন। কেননা, বাজারে বেশি আইফোন, গ্যালাক্সি এস থ্রি ও নকিয়ার লুমিয়ার মতো দামি স্মার্টফোন যেমন চলেছে, অন্যদিকে সিম্ফনির মতো কম দামের স্মার্টফোনও অনেকের হাতে দেখা গেছে।ভার্চুয়াল আন্দোলনসামাজিক যোগাযোগের বিভিন্ন সাইট ফেসবুক ও টুইটার সামাজিক আন্দোলনসহ যেকোনো আলোচনায় বেশ জোরালো ভূমিকা রেখেছে।কামিজে লম্বা ইয়োককামিজটা ২০১২-তে লম্বাই পরেছেন মেয়েরা। তাতে দেখা গেছে লম্বা ইয়োকের ব্যবহার। আর কামিজের কাপড়ের একদমই বিপরীত রঙে বসানো হয়েছে ইয়োক। অনেকে হাতায় বা কামিজের ঘেরে বসিয়ে নিয়েছেন ভিন্ন রঙের ভিন্ন নকশার পাড়। পাড় হিসেবে অ্যানিমেল প্রিন্টের ব্যবহার দেখা গেছে।জুতায় বাহারগত বছর ওয়েজেস, প্ল্যাটফরম হিল, স্টিলেটোসহ নানা ধরনের জুতা পরতে দেখা গেছে। পাশাপাশি ফ্ল্যাট স্যান্ডেল, ব্যালেরিনার চল তো ছিলই।মিলিয়ে পোশাকবিয়ে, উৎসব ও দাওয়াতে মা-বাবার পোশাকের সঙ্গে মিলিয়ে সন্তানদের পোশাক তৈরি করে দেওয়ার বিষয়টি লক্ষ করা গেছে। অনেকেই শাড়ির রং, পাঞ্জাবির রং কিংবা নকশার কিছুটা অংশ কিংবা একই কাপড় ব্যবহার করে সন্তানদের জন্য ফ্রক, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ বানিয়েছেন।লাল-সবুজের খেলায়ক্রিকেটের আসরে দর্শক গ্যালারিতে লাল-সবুজের টি-শার্ট ও পোশাক চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। খুদে দর্শক যেমন গলা ফাটিয়ে সমর্থন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে, তেমনি বড়রাও আনন্দ প্রকাশ করেছেন বিভিন্ন সাজে সেজে। মুখচিত্রে পতাকা, বাঘের ছাপচিত্র, আলপনার কারুকাজ, দেশের নাম ফুটিয়ে তোলা হয়েছিল। উৎসব সবারগত বছর প্রতিটি উৎসবই পালন করা হয়েছে বেশ জমকালোভাবে। নতুন পোশাক ও সাজসজ্জার বাহারে তা অনেকটাই প্রতিফলিত হয়েছে। সর্বজনীনভাবে একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, ক্রিসমাস—সব উপলক্ষকে ঘিরেই ছিল আনন্দ ও আয়োজন। উৎসবে গ্যাংনাম স্টাইলযেকোনো উৎসবে হোক, তা বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় আনন্দ, জেএসসি বা পিএসসিতে ভালো ফলের খুশি কিংবা বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে—সব আনন্দ আয়োজনে মূল আকর্ষণ ছিল গ্যাংনাম স্টাইলে নৃত্য।ব্লাউজে নানা নকশাঈদের সময়ে দেখা গেছে ব্লাউজের বৈচিত্র্য। বছর শেষের দিকে নানা বিয়ের অনুষ্ঠানে ব্লাউজের নকশা নিয়ে মনোযোগী হতে দেখা গেছে। গত বছর ফুলহাতা ব্লাউজ যেমন দেখা গেছে, সমানতালে চলেছে স্লিভলেস বা খাটো হাতার ব্লাউজও। নেট বা লেসের ফুলহাতা ব্লাউজও জনপ্রিয় হয়েছে। ফুলহাতা গলাবন্ধ ব্লাউজের গলায় ভারী নকশা দেখা গেছে। অনেকে বিদেশি ডিজাইনারদের তৈরি পোশাকের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে সেই অনুযায়ী ব্লাউজ বানিয়ে নিয়েছেন। ঠোঁটে উজ্জ্বল রং২০১২-এর শুরুর দিকে বেশ চলেছে উজ্জ্বল লাল রঙের লিপস্টিক। মাঝামাঝি সময় থেকে দেখা গেল গোলাপি, কমলা এমন সব রং। আর বছর শেষে এল বার্গান্ডি, মেরুন, চকলেট এসব রঙের চল। ওমব্রে লিপস বা ঠোঁটে দুটি ভিন্ন রঙের শেডও ব্যবহার করতে দেখা গেছে।টপ আর কাফতানে বৈচিত্র্যসাদামাটা একছাঁটের টপের বাইরে এসে এর কাট নিয়ে নানা ধরনের কাজ করেছেন ডিজাইনাররা। খাটো ও লম্বা দুই ধরনের কাফতানই চলেছে। চাপা নয়, টপ দেখা গেছে একটু ঢিলেঢালা ঢঙেই। ঝুলও বেড়েছে খানিকটা।থিম পার্টিবাচ্চাদের জন্মদিনের পার্টিকে আকর্ষণীয় করতে কার্টুনের বিভিন্ন চরিত্রের থিম ব্যবহার করা হয়েছিল। কখনো মিকি মাউস, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জারসের নানা চরিত্রের পোশাক পরেছিল বাচ্চারা। এমনকি এসব চরিত্রকে কেক, পুতুল, বেলুন বা শোলার মাধ্যমে বানানো হয়েছে। শিশুদের বিশেষভাবে স্টুডিওতে নিয়ে গিয়ে ছবি তোলার ট্রেন্ডটিও গত বছর বেশ ভালোই দেখা গেছে।সাদামাটা পাঞ্জাবিমেয়েদের পোশাকে লম্বা ঝুলের ট্রেন্ড অনুযায়ীই বোধহয় এবার ছেলেদের পাঞ্জাবিও করা হয়েছে লম্বা। এর আগের বছরে পাঞ্জাবিতে নানা রকম বোতাম, কলার, চেইন ব্যবহার হলেও গত বছর আবার দেখা গেছে সাদামাটা পাঞ্জাবির চল। বয়স্ক থেকে তরুণ, মোটামুটি সবার কাছেই জনপ্রিয় হয়েছে সাদা রঙের পাঞ্জাবি। জিনস দিয়ে যেমন, তেমনি চুড়িদার বা পায়জামা দিয়েও পাঞ্জাবি পরতে দেখা গেছে।সাইকেল চালানোগত বছর সাইকেলপ্রেমীদের সরব উপস্থিতি দেখা গেছে রাস্তায়। ছুটির দিনে দল বেঁধে সাইকেল চালানো তো ছিলই। সপ্তাহের অন্যান্য দিনেও করপোরেট অফিসের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মজীবীকেও সাইকেল চালিয়ে যাতায়াত করতে দেখা গেছে।লেখা: রুহিনা তাসকিন, রয়া মুনতাসীর ও তৌহিদা শিরোপা