ট্রেন্ডি আর সৃজনশীল পোশাকের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় বিজয়ী ডিজাইনারদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় বিজয়ী ডিজাইনারদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

হাল ফ্যাশনের অর্থাৎ ট্রেন্ডি ও সৃজনশীল পোশাকই সেরা। এবার ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় সেরা পোশাক বাছাইয়ে এই বিষয়ের ওপর জোর দিয়েছেন পাঁচ বিচারক রওশন আরা চৌধুরী, আইভি হাসান, নূরেজান্নাত, এইচ এম ইলিয়াস ও মোয়াজ্জেম হোসেন। সালোয়ার-কামিজ, শাড়ি, যুগল, ফিউশন, শিশু, পাঞ্জাবি ও শার্ট, টি–শার্ট মিলিয়ে প্রতিযোগিতায় বিভাগের সংখ্যা ছিল ১২। এসব বিভাগে ৪০ জন ডিজাইনার ৩০০ পোশাক জমা দিয়েছেন। এর মধ্যে ৩৯টি পোশাক সেরা হিসেবে নির্বাচিত করেছেন ডিজাইনাররা। প্রতিযোগিতা শেষে পোশাক নির্বাচন নিয়ে বিচারকেরা কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

যুগল পোশাকে দুই মডেল
যুগল পোশাকে দুই মডেল

গতবারের তুলনায় এ বছর জমা পড়া পোশাকের ডিজাইন তুলনামূলকভাবে ভালো ছিল বলে জানান পাঁচ বিচারক। তবে ছেলেদের পোশাক বিশেষ করে পাঞ্জাবির ডিজাইন হতাশ করেছে তাঁদের। পাশাপাশি এবার পোশাকে চুমকি-জরির কাজ অনেক কম ছিল বলে জানান তাঁরা।
ডিজাইনার রওশন আরা বলেন, এবার স্টোন আর চুমকির কাজ প্রাধান্য পায়নি। এ ছাড়া উৎসবের সঙ্গে পোশাকটি মানানসই কি না, সেটাও লক্ষ রেখেছেন তাঁরা। তবে অনেক ডিজাইনারের কাপড়, অর্থাৎ ফেব্রিক পছন্দ করার ক্ষেত্রে ঘাটতি ছিল। জামদানি, মসলিন, সিল্ক এসব দেশি কাপড়ে কাজ করলে পোশাক আকর্ষণীয় ও মানসম্পন্ন হতো বলে তিনি জানান।
ডিজাইনার আইভি হাসানও একই কথা বললেন। অনেক ডিজাইনারের কাপড় বাছাই পছন্দ হয়নি তাঁরও। তবু গতবারের তুলনায় এবার অনেক ভালো ডিজাইনের পোশাক জমা পড়েছে বলে জানালেন তিনি। তিনি বলেন, পুরোনো ডিজাইনারদের পাশাপাশি এবার অনেক নবীন ডিজাইনার পুরস্কৃত হয়েছেন। তাঁদের কাজও খুব ভালো ছিল। অনেকেই সুনির্দিষ্ট বিষয় ধরে ধরে কাজ করেছেন শাড়িতে। যাত্রা ও আদিবাসী সংস্কৃতির বিষয়ও তুলে এনেছেন তাঁরা।
যেসব ডিজাইনার প্যাটার্ন বা ছাঁদে নতুনত্ব এনেছেন, তাঁরাই এবার সেরা হয়েছেন বলে জানালেন ডিজাইনার নূরেজান্নাত। প্যাটার্ন দেখার পাশাপাশি কাপড়ের রংটাও মাথায় রেখেছেন তিনি পোশাক বাছাই করার সময়। এ ছাড়া পোশাকটা ঋতুর আর উৎসবের সঙ্গে মানানসই হচ্ছে কি না, সেটাও ছিল বিবেচনায়। অনেকেই ভারী কাপড় ব্যবহার করেছেন, যেটা আরামদায়ক নয়। আবার রঙের ক্ষেত্রেও অনেকের বাছাই ঠিক হয়নি।

ছেলেদের উৎসবের পোশাক মানেই পাঞ্জাবি। এবারের ট্রেন্ড নিয়ে র্যা ম্পে মডেলরা
ছেলেদের উৎসবের পোশাক মানেই পাঞ্জাবি। এবারের ট্রেন্ড নিয়ে র্যা ম্পে মডেলরা

গতবারের চেয়ে এবার পোশাকের মান ভালো বলে মনে করেন ডিজাইনার এইচ এম ইলিয়াস। তবে অন্যদের মতো তিনিও ছেলেদের পোশাক বিশেষ করে পাঞ্জাবি ও শার্ট-ফতুয়া নিয়ে হতাশ। শাড়ির ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ভালো কাজ চোখে পড়েছে তাঁর। তিনি বলেন, এখন পোশাকে দেশি ও পাশ্চাত্যের প্যাটার্নের সংমিশ্রণ চলছে। দুটোর সমন্বয় যে ডিজাইনার ভালোভাবে করতে পেরেছেন, তাঁকে এগিয়ে রেখেছি আমরা। শাড়ি আর সালোয়ার–কামিজে এখন অতিরিক্ত কাজ খুব চলে না। মূলত কাটিংয়ের ওপরই নির্ভর করতে হয় ডিজাইনারদের। এবারের ডিজাইনাররা এসব বিষয় নিয়ে ভেবেছেন বলে মনে করেন তিনি। তবে এরপরও কিছু ঘাটতি থেকে যাচ্ছে। তিনি বলেন, এখন মিডিয়ার কল্যাণে ফ্যাশনের ট্রেন্ডগুলো দ্রুত ছড়াচ্ছে। সুতরাং সেসব মাথায় নিয়ে ডিজাইনারদের কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা নিজের চোখ তৈরি করতে হবে।

সেরাদের সেরা ডিজাইনার জোবাইদা আশরাফের হাতে পুরস্কার তুলে দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগারওয়ালা (ডানে) ও রিজেন্ট এয়ারওয়েজের বিপণন প্রধান আনিসুল আলম চৌধুরী (বাঁয়ে)
সেরাদের সেরা ডিজাইনার জোবাইদা আশরাফের হাতে পুরস্কার তুলে দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগারওয়ালা (ডানে) ও রিজেন্ট এয়ারওয়েজের বিপণন প্রধান আনিসুল আলম চৌধুরী (বাঁয়ে)

প্রতিযোগিতায় অংশ নেওয়া ডিজাইনারদের মৌলিকত্ব কতটুকু আছে, সেটাই দেখেছেন মোয়াজ্জেম হোসেন। অনেকের কাটিং ভালো ছিল কিন্তু ফিনিশিং ভালো ছিল না। তবে যাঁরা সেরা হয়েছেন, তাঁরা এসব উতরে গেছেন। এবার অনেক ডিজাইনারের মধ্যে নতুন কিছু দেখতে পাননি বলে জানান মোয়াজ্জেম। বাছাই করতে গিয়ে তাঁদের কষ্ট হয়েছে সে কারণে। একই প্যাটার্নের বেশ কিছু কাপড়ে দেখা গেছে। মোয়াজ্জেম বলেন, ‘আমি দেখেছি ডিজাইনার কতটুকু সৃজনশীল ছিলেন সেটা। অনেকে রেডিমেড কাপড় কিনে একটু কাজ করেই পোশাক ছেড়ে দিয়েছেন। আবার অনেক ডিজাইনার পোশাকে নিজের সৃজনশীলতা খাটিয়েছেন। সে ক্ষেত্রে খুব ভালো বা অসাধারণ না হলেও সৃজনশীল পোশককেই এগিয়ে রেখেছি আমি।’