ট্র্যাজেডি কিংয়ের বাড়ির ট্র্যাজেডি

কিসসা কাওয়ানি বাজার বা গল্প বলিয়েদের বাজারে এক বসতির নাম মহল্লা খুদাদাদ। একসময় মধ্য এশীয় ও উপমহাদেশীয় সংস্কৃতির মিলনকেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল কিসসা কাওয়ানি বাজার। অনন্য আভিজাত্য ও সমৃদ্ধ নাগরিক জৌলুসের কারণে বিশ শতকের শুরুতেই একে এশিয়ার পিকাডেলি হিসেবে অভিধা দিয়েছিল ব্রিটিশরা। পাকিস্তানের পেশোয়ারের এই বসতিতেই জন্মেছিলেন ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং নামে খ্যাত কিংবদন্তি নায়ক দিলীপ কুমার। সারা জীবন ট্র্যাজেডির চিত্রায়ণ করা দিলীপ কুমারের পৈতৃক বাড়ির বেহাল দশা নিয়ে পড়ুন ডন ডটকম অবলম্বনে এই প্রতিবেদন।

দিলীপ কুমারের ৯০তম জন্মদিনের পরপরই কিংবদন্তি এই অভিনেতাকে সম্মান জানাতে কিসসা কাওয়ানি বাজারে তাঁর পৈতৃক ভিটাকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। বাড়িটিকে জাদুঘরে রূপান্তরেরও ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু দিলীপ কুমারের ৯২তম জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, ঘোষণার কিছুই এখনো বাস্তবায়ন হয়নি।
১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারের ঐতিহ্যবাহী এক সামন্ত পরিবারে জন্মেছিলেন মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। পেশোয়ার ও মুম্বাইয়ে বিস্তর ভূ-সম্পত্তির মালিক বাবা লালা গুলাম সারওয়ারের ছিল ফলের ব্যবসা। তিরিশের দশকে ব্যবসায় আরও বেশি মনোযোগী হতে পরিবার নিয়ে মুম্বাইয়ে চলে যান তিনি। কিন্তু দিলীপ কুমারের জীবনের প্রথম সাতটি বছর কিসসা কাওয়ানি বাজারের এই বাড়িতেই কেটেছিল।

এখনও মহল্লা খুদাদাদ তো বটেই, কিসসা কাওয়ানি বাজারে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই দিলীপ কুমারের বাড়ির পথ দেখিয়ে দেন। কিন্তু একসময়ের অভিজাত বসতিতে প্রায় শতবর্ষী এই পাঁচ-মহলা তিনতলা বাড়িটির দুই তলা এরই মধ্যে প্রায় ধসে গেছে। পাড়া–প্রতিবেশীদের আশঙ্কা, বাকি অংশটুকুও ধসে পড়তে পারে যেকোনো সময়।
মহল্লা খুদাদাদের মুরুব্বি শাহ হুসেইন বলেন, ‘দিলীপ কুমার ওরফে ইউসুফ খান এমন এক মানুষ, যিনি যথাযথভাবে এই শহরের মানুষদের প্রতিনিধিত্ব করেন, যাঁরা ভালোবাসা, শান্তি ও শিল্পকলা পছন্দ করেন।’ পেশোয়ারের এই প্রবীণ নাগরিক বলছিলেন, ‘কিসসা কাওয়ানি বাজার বা গল্প বলিয়েদের বাজার একসময় মধ্য এশিয়া ও উপমহাদেশীয় সংস্কৃতির মিলনকেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল। কিন্তু দশকের পর দশক ধরে এই বাজার তথা পেশোয়ারের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে গেলেও সরকারগুলো কিছুই করছে না।’

শাহ হুসেইন বলেন, ‘দিলীপ যেখানে জীবনের প্রথম সাতটি বছর কাটিয়েছেন, যথাযথভাবে সংরক্ষণের জন্য সেই বাড়িটি যেমন ছিল, তেমন নকশায় পুনরায় নির্মাণ করা হোক।’
সামাজিক আন্দোলন ও মানবাধিকারকর্মী রাশকিন্দা নাজ বলেন, সরকার একে জাতীয় ঐতিহ্য ঘোষণা করায় আরও অনেক কিছু করার দায়িত্বও তাদেরই নিতে হবে। তিনি বলেন,‘বাড়িটিকে একটা সাংস্কৃতিক জাদুঘরে পরিণত করা প্রয়োজন, যাতে ভারত থেকেও দিলীপ কুমারের ভক্তরা এখানে আসতে পারেন। একজন শিল্পীকে দেশের সীমানায় আটকে রাখা যায় না। দিলীপ এমন এক কিংবদন্তি, যিনি এই উপমহাদেশের মুখ হয়ে উঠেছেন। আমাদের উচিত আমাদের নায়কদের জন্মস্থান সংরক্ষণ করা।’

অবশ্য, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দিলীপ কুমারের পৈতৃক ভিটার বর্তমান মালিকানা নিয়ে বিরোধের কারণেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। তবে, সাংস্কৃতিক কর্মী এমনকি রাজনৈতিক নেতারাও বলছেন, সরকার জাতীয় ঐতিহ্য ঘেষাণার পর এটা কোনো বাধা হয়ে থাকতে পারে না। আওয়ামী ন্যাশনাল পার্টির জাফর শাহ বলেন, ‘দিলীপ কুমার দুনিয়ার দরবারে পাখতুন সংস্কৃতির এক সত্যিকার দূত।’ সমাজকর্মী রাশকিন্দা নাজ বলেন, ‘দিলীপ কুমারকে আমরা শুধু এই কারণেই সম্মান করি না যে উনি একজন পেশোয়ারি। বরং তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তির প্রতীক হয়ে উঠেছেন।’ তাঁদের মতোই পাকিস্তানের অনেক সাধারণ মানুষও রুপালি পর্দার এই মহানায়কের পৈতৃক ভিটার যথাযথ সংরক্ষণ চান।